০৩:১২ পি.এম
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ২০২৭ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণ প্রকাশ করেছে।
এই সংস্করণে ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে ৫ জন রাষ্ট্র ও সামরিক নেতাকে ১ম স্থানে রাখা হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে ২য় ও ৩য় স্থান বাদ দিয়ে সরাসরি ৪র্থ স্থান থেকে পরবর্তী ক্রম সাজানো হয়েছে।
তালিকার শীর্ষ পঁচিশে স্থান পাওয়া ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো: ১ম স্থান (যৌথভাবে ৫ নেতা): ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বে সম্মিলিত নিরাপত্তার নতুন বলয় তৈরির স্বীকৃতিস্বরূপ এ তিন দেশের শীর্ষ ৫ নেতাকে যৌথভাবে ১ম স্থান দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও
তারা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
৪র্থ স্থান: আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
৫ম স্থান: বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। তিনি জর্ডানের বাদশাহ এবং জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬ষ্ঠ স্থান: শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারের আমির হিসেবে তিনি মধ্যপ্রাচ্যের কূটনীতি ও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের ২০২৬ সংস্করণে তিনি তালিকার ১ম স্থানে ছিলেন।
৭ম স্থান: বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামী অর্থনীতির এই বৈশ্বিক স্কলার আগের সংস্করণে ২য় স্থানে ছিলেন। ৮ম স্থান: শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। ইয়েমেনের তারিমের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশ্বজুড়ে পরিচিত আধ্যাত্মিক রাহবার।
আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান
৯ম স্থান: ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ এবং আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম।
১০ম স্থান: শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ। মৌরিতানিয়ার প্রখ্যাত ফকিহ এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগ 'ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটিজ'-এর সভাপতি। ১১তম স্থান: গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইন আল-সিস্তানি। ইরাকের নাজাফের হাওজা আল-ইলমিয়্যার প্রধান এবং বিশ্বের শিয়া মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ বা মারজা।
১২তম স্থান: শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে তিনি আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখছেন। ১৩তম স্থান: আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৈশ্বিক ইসলামী চিন্তাধারা ও ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত।
১৪তম স্থান: বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। মরক্কোর বাদশাহ হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশটির 'আমিরুল মুমিনিন' ও ওআইসি'র আল-কুদস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ১৫তম স্থান: শেখ সালমান আল-ওদা। সৌদি আরবের প্রখ্যাত ইসলামী স্কলার, লেখক ও শিক্ষাবিদ।
আরও পড়ুন: ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ শিক্ষার্থী কুরআনের ছবক গ্রহণ করেছে
১৬তম স্থান: প্রাবোও সুবিয়ান্তো। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ১৭তম স্থান: শেখ আবদুল-মালিক আল-হুতি। ইয়েমেনের হুতি আন্দোলনের শীর্ষ নেতা। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর ভূরাজনীতিতে সাম্প্রতিক ভূমিকার কারণে তিনি আলোচনায় রয়েছেন। ১৮তম স্থান: মাওলানা মাহমুদ মাদানি। ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। ১৯তম স্থান: আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়। নাইজেরিয়ার সোকোটোর সুলতান এবং দেশটির মুসলিম সম্প্রদায়ের শীর্ষ আধ্যাত্মিক নেতা।
২০তম স্থান: অধ্যাপক ইব্রাহিম কালিন। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর পরিচালক এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার।
২১তম স্থান: ইয়াহিয়া চোলিল স্তাকুফ। ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামার জেনারেল চেয়ারম্যান।
২২তম স্থান: আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও গাজা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ২৩তম স্থান: ড. আলী গোমা। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সমসাময়িক ফিকহ ও আধ্যাত্মিক ধারার অন্যতম শীর্ষ আলেম। ২৪তম স্থান: শেখ হাবিব আলী জাইন আল-আবিদিন আল-জিফরি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক তাবাহ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ইয়েমেনের প্রখ্যাত দাঈ ও স্কলার।
আরও পড়ুন: আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি
২৫তম স্থান: শেখ হামজা ইউসুফ হ্যানসন। যুক্তরাষ্ট্রের জায়তুনা কলেজের সহ-প্রতিষ্ঠাতা এবং পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক।
বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পাশাপাশি ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রকাশকদের মতে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি পরিমাপমাত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন