বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:২৮ এম
দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার পরেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্য নিয়ে মতপার্থক্য এবং রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের প্রেক্ষাপটে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের সময় তিনি দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, কৌশলগত সম্পর্ক এবং বাণিজ্যিক যোগাযোগের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (১৩ অক্টোবর) জানিয়েছে, ভারত সফরের আগে রুবিও উজবেকিস্তানের সমরকন্দে যাবেন। সেখানে তিনি মধ্য এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। এরপর তিনি ভারতের মুম্বাই ও গুজরাটের জামনগর সফর করবেন।
গত মে মাসে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আয়োজনে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুবিও অংশগ্রহণ করেছিলেন। আগামী সপ্তাহের সফরটি হবে ভারতে তার দ্বিতীয় সফর।
ভারতে অবস্থানকালে রুবিও দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
রুবিওর ভারত সফরের ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সমাধানের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ব্লুমবার্গ নিউজের প্রধান সম্পাদক জন মিকলথওয়েটের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর জানান, তার ধারণা, বিষয়টি একটি সমাধানের কাছাকাছি পৌঁছাচ্ছে।
জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের শিল্প খাতকে পুনর্গঠন করতে চাইছে। একই সঙ্গে অন্যান্য দেশ কী শর্তে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে, সেই নিয়মও নতুন করে নির্ধারণের চেষ্টা করছে ওয়াশিংটন।
তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র অন্যান্য বাণিজ্যিক অংশীদারকে যেসব শর্ত দিচ্ছে, সেগুলোর সঙ্গে তুলনা করেই প্রস্তাবিত চুক্তিটি মূল্যায়ন করছে ভারত।
জয়শঙ্করের ভাষায়, ‘যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান নতুনভাবে সাজিয়েছে।’ এ পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের হিসাব নতুন করে করা এবং সম্পর্কের শর্ত পুনর্নির্ধারণ করা অন্যান্য দেশের জন্যও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় শুল্ক, বাজারে প্রবেশাধিকার এবং মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবর্তিত বাণিজ্যনীতির কারণে বিভিন্ন দেশকে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে। ভারতও প্রস্তাবিত বাণিজ্য চুক্তির শর্তগুলো বিবেচনা করে এগোতে চাইছে।
এমন পরিস্থিতিতে রুবিওর আসন্ন ভারত সফর দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে বাণিজ্য নিয়ে মতপার্থক্য এবং রাশিয়ার তেল কেনার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনায় কতটা প্রভাব ফেলবে, তা এখনো দেখার বিষয়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকা হিসেবে আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা চিহ্নিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক জনসভায় এই বক্তব্য দেন। যদিও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় বলেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হারিয়েছে।
ট্রাম্প ইরানের নেতৃত্বের ক্ষয়ক্ষতি তুলে ধরে জানান, দেশটির প্রথম সারির নেতাদের নিহত হওয়ার পর দ্বিতীয় সারির নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে তাদের অনেককেও হত্যা করা হয়। এরপর তৃতীয় সারির নেতৃত্ব সামনে আসে।
তিনি বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন। এরপর তারা দ্বিতীয় সারির নেতাদের বেছে নেয়। তারাও চলে গেছেন। এরপর তৃতীয় সারির নেতাদের বেছে নেয়। তাদের অর্ধেকও শেষ হয়ে গেছে। তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছি।’
ট্রাম্প যুদ্ধের কারণে ইরানের সঙ্গে আলোচনা জটিল হয়ে পড়ার বিষয়েও ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘সম্ভবত আমি একটু বেশিই দূর এগিয়ে গেছি। এ জন্য আমি দুঃখিত। কারণ, এখন আমরা আসলে কার সঙ্গে আলোচনা করছি, তা-ই জানি না।’
এদিকে, যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন যে, সংঘাত শেষ হলে তেলের দাম ও পেট্রল-গ্যাসের মূল্য দ্রুত কমে আসবে।
ট্রাম্প বলেন, ‘আমি জানতাম, পেট্রোলের দাম বাড়বে। তবে সত্যি বলতে, আমি ভেবেছিলাম দাম আরও অনেক বেশি বাড়বে।’
তিনি যুদ্ধ শেষ হওয়ার পরপরই জ্বালানির দাম কমতে শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ের পাশাপাশি মানবিক কাজের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে তিনি একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি একযোগে ৪০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর ওই পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খরচের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
রাশমিকা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন, আসন্ন ছবি ‘রানা বালি’-তে তার অভিনীত চরিত্র ‘জায়াম্মা’-র সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বা ইচ্ছা তাদের দুজনের মধ্যেই একরকম।
অভিনেত্রী জানিয়েছেন, এই সহায়তার মাধ্যমে ওই পরিবারগুলোকে প্রতি তিন মাস পর পর খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এর ফলে ওই পরিবারগুলো নিত্যপণ্যের খরচের টাকা সঞ্চয় করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে পারবে।
ভক্তদের উদ্দেশে তিনি ছোট ছোট ভালো কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘ছোট একটি সদয় কাজও মানুষের জীবন বদলে দিতে পারে, আর এর জন্য সেটি বিশাল কিছু হতে হবে না। চলুন, আমরা সবাই ছোট কিছু দিয়েই শুরু করি!’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করুন, এই মানুষগুলোর মুখের হাসিই আমার গত কয়েক বছরের কর্মজীবনের প্রতিটি ঘুমহীন রাত, আঘাত, সংগ্রাম, কষ্ট এবং চোখের পানির মূল্য ফিরিয়ে দেয়। এটি একেবারেই অমূল্য।’
এই উদ্যোগের অংশ হিসেবে তিনি কোন কোন খাদ্যসামগ্রী দান করবেন, তার একটি তালিকাও প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ