ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত


বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত

বাংলাদেশ ও জর্ডান একমত হয়েছে বাংলাদেশি কর্মীদের অবৈধ অবস্থান নিয়মিতকরণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে যৌথ বিজনেস ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জর্ডানের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল সাইফুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল খুনের আসামি শাওন আহমেদ গ্রেফতার

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগব্যবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।

ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সরাসরি যোগাযোগ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

জর্ডান বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেছে। শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। অবৈধভাবে অবস্থানরত কর্মীদের নিয়মিতকরণসহ শ্রমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ কমিটির মাধ্যমে কাজ করা হবে। জর্ডানের অর্থনীতিতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করা হয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ছাত্রলীগের কর্মী আটক

এসময় ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ থেকে। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবটি সক্রিয় বিবেচনায় রয়েছে।

ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলাকালীন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়কালে জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশ। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমার সংকট সমাধানে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জর্ডান।

বহুপক্ষীয় ফোরামে দুই দেশের বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক সমর্থনে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন: আপাতত টুঙ্গিপাড়া যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেছে দুই দেশ। এ ক্ষেত্রে সংসদীয় মৈত্রী কমিটি গঠন নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মত দেওয়া হয়েছে। সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে অনিষ্পন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

রাজনৈতিক পরামর্শ সভার পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এর আগে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে বাংলাদেশ-জর্ডান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. মো. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে।

দ্বিতীয় দফার এই রাজনৈতিক পরামর্শ সভাকে বাংলাদেশ-জর্ডান সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন খাতে সহযোগিতার অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ এম


রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর এবং শেরেবাংলা নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ বছর বয়সী নাসিমা বেগমও রয়েছেন। পাশাপাশি, শ্যামপুরে ঘটে যাওয়া জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেটের কাছে কাঁচাবাজারসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া, রাত ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ওবিই কারিকুলাম চালুর ঘোষণা উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ওবিই কারিকুলাম চালুর ঘোষণা উপাচার্যের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘আউটকাম বেজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে উপাচার্য এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

উপাচার্য মন্তব্য করেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মতে, শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া নয়, বরং ফলতে চাওয়া। ঠিক একইভাবে, ওবিই কারিকুলামের লক্ষ্য হচ্ছে শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে রূপান্তরিত করা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে এটি বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, চারুকলা একটি বিশেষায়িত বিভাগ, এবং এই বিভাগের শিক্ষকেরা তাদের নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাঁদের দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, শফিকুর রহমানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ এম


মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, শফিকুর রহমানের আহ্বান

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, বর্তমানে মসজিদের কমিটি নিয়েও রাজনীতি সংঘটিত হচ্ছে। এটি একটি আশ্চর্যজনক বিষয়। আমরা কি এই যন্ত্রণার অবসান ঘটাতে পারব না? এটি এখন আর গ্রাম বাংলার দৃশ্য নয়। শহরাঞ্চলে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় জামায়াত আমির আরও উল্লেখ করেন, তিনি অনুরোধ করছেন, ধর্মীয় বিষয়গুলো যেন পবিত্র রাখা হয়। এখানে বিভাজন সৃষ্টি না করার এবং রেষারেষি এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি আমার কোনো ভুল থাকে, তাহলে আমাকে খোলামেলা পরামর্শ দেওয়ার জন্য। চায়ের কাপে দাওয়াত দিয়ে উনি যেন একান্তে আমাকে বলেন এবং শুধরিয়ে দেন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি- যদি আমার মধ্যে এরকম কিছু থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি সংশোধিত হব। একইভাবে, আমি আশা করি, সংসদের সাড়ে ৩০০ সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে এই দায়িত্ব পালন করবেন।

মাদ্রাসা ও মসজিদের কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য এবং যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

বক্তব্যের শেষাংশে, সরকারকে গঠনমূলক সমালোচনা সহ্য করার এবং তোষামোদকারীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন জামায়াত আমির। একই সঙ্গে নাগরিকদের কথায় কথায় ‘বিদেশি দালাল’ ট্যাগ দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করার জন্য বিরোধীদলীয় নেতা আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যা দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে।

তিনি উল্লেখ করেন, ‘পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং দেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এই মুহূর্তে প্রয়োজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো।’

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চর্তুথ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছি, তখন এই সংসদ এবং এই সরকার আলোচনার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছে। ঠিক সেই সময় পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

ফ্যাসিস্টদের সন্ত্রাসী পরিচয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় বলে চোর না শুনে ধর্মের কাহিনী- মাননীয় স্পিকার, আবারো প্রমাণিত হয়েছে এই দলের চরিত্র কখনোই ঠিক হবে না। সুযোগ পেলেও তাদের চরিত্র ঠিক হবে না, এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ‘দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র যে এরা সন্ত্রাসী। গত কয়েকদিনের চিত্রে মাননীয় স্পিকার তা আবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই সন্ত্রাসীরা দেশে বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কিভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি।’

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত দুইদিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর তারা কিভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এর আগেও এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, মাননীয় স্পিকার, আমরা দেখেছি তারা কি আচরণ করেছে। শুধু তাই নয়, ইতালিতে একজন আমাদের নারী শিল্পীর ওপর তারা কিভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশের জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোন রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় একটাই, এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণিত করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি বলেন, ‘এই সংসদে দাঁড়িয়ে অর্থাৎ সমগ্র বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মাননীয় স্পিকার, এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য সেজন্যই পরিষ্কার ও স্পষ্ট। দেশ প্রেমিক স্বাধীনতা প্রিয় জনগণ অন্য কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ গণতান্ত্রিক জনগণ কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানও ঘটায়নি।’

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘এই সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই- আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী বলেছিলেন- ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

পুরো সংসদের সদস্যদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে উচ্চারণ করে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।’

‘মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।’

তিনি বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন ২৪ শে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার ২৪ এর চেতনায় আমরা মাথা গুড়িয়ে দিতে চাই।’

বিকাল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিত্বের আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলী নিষ্পত্তির পরে সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শুনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%