১১:৫৭ এম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল উত্তরাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ ভরসাস্থল। তবে বর্তমানে হাসপাতালটির চিকিৎসাসেবা রোগীর চাপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনিক অনুমোদন থাকা ১,৩০০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছেন এর আড়াইগুণেরও বেশি রোগী। ফলে শয্যা বা সিট না পেয়ে অধিকাংশ রোগীকে মেঝে, বারান্দা ও করিডরে অবস্থান করতে হচ্ছে।
বাড়তি রোগীর চাপের কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা এবং জনবলের সংকট। হাসপাতালের প্রশাসনিক কাঠামো এখনো ৫৩০ শয্যার পুরোনো অর্গানোগ্রামে আটকে থাকায় সম্প্রসারিত অবকাঠামোর সঙ্গে সেবার সক্ষমতার মধ্যে বড় ধরনের ব্যবধান সৃষ্টি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩,৩১৭। এদিকে, ১,২০০টি সাধারণ ও ৪৩টি আইসিইউসহ মোট সচল শয্যা ছিল ১,২৪৩টি। এর মানে হলো, শয্যার তুলনায় প্রায় ২.৭ গুণ রোগী ভর্তি ছিলেন। দুই হাজারের বেশি রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে চিকিৎসা নিতে আসেন ৫,৮০৪ জন। ফলে ভর্তি ও বহির্বিভাগ মিলিয়ে হাসপাতালটিকে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
আরও পড়ুন: হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের
১৯৬৫ সালে ৫৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটির বর্তমানে প্রশাসনিক অনুমোদন রয়েছে ১,৩০০ শয্যার। এর মধ্যে ১,২০০টি সাধারণ ও ১০০টি আইসিইউ শয্যা। তবে বর্তমানে চালু রয়েছে ১,২৪৩টি শয্যা। আইসিইউর অবশিষ্ট শয্যাগুলো আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চালুর আশা করছে কর্তৃপক্ষ। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারিত হলেও প্রশাসনিক ও জনবল কাঠামো এখনো ৫৩০ শয্যার পুরোনো অর্গানোগ্রামে আটকে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পাঁচ বছরে হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গত ২১ অক্টোবর ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩,২৮০। আট দিনের ব্যবধানে তা বেড়ে ৩,৩১৭ জনে দাঁড়ায়। হাসপাতালটির রোগীদের ৮০ শতাংশের বেশি রাজশাহীর বাইরের।
চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, বগুড়াসহ ১৬-১৭টি জেলা থেকে রোগীরা এখানে আসেন। উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসাসেবা এবং কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকায় রামেকে রোগীর চাপ বাড়ছে।
রোগী ও স্বজনরা চিকিৎসা নিতে এসে ভোগান্তির কথা জানিয়েছেন। হাজেরা খাতুন অভিযোগ করেছেন, হাসপাতালে সুনির্দিষ্ট সিরিয়াল ব্যবস্থা না থাকায় সাধারণ রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণও দুর্ভোগ বাড়াচ্ছে।
আরও পড়ুন: রয়টার্সের পাসপোর্ট আবেদনের দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন
নগরীর বায়া বাজারের শেফালি বেগম বলেন, জরুরি রোগী নিয়ে এসেও ভর্তি হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। চিকিৎসক ও নার্সদের সময়মতো পাওয়া যায় না। প্রয়োজনীয় ওষুধ এবং খাবার পানিরও সংকট রয়েছে।
মোহনপুরের আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, দুর্ঘটনায় আহত তার বাবার অস্ত্রোপচারের দুই মাস পরও পায়ের অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি। চিকিৎসকের যথাযথ পরামর্শ ও সহযোগিতা না পাওয়ায় তারা হতাশ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মাইনুল ইসলাম জানান, দুই-তিন দিন ধরে হাসপাতালে অবস্থান করেও ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। নিম্ন আয়ের মানুষ হওয়ায় বাধ্য হয়ে এই হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে।
হাসপাতালের জনবলসংক্রান্ত তথ্যানুযায়ী, চিকিৎসকের ৩৩৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ৩১৫ জন। নার্সের ১,২২৪টি পদের মধ্যে কর্মরত ১,২২২ জন। তবে তৃতীয় শ্রেণির ১৭৫টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ৪৩৪টি পদের মধ্যে ২৭৯টি শূন্য রয়েছে। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি পরিচ্ছন্নতা, রোগী স্থানান্তর ও দৈনন্দিন ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। জরুরি বিভাগে সেবা পেতে রোগীদের গড়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে।
ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট নিয়েও অভিযোগ রয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু বলেন, রোগীর তুলনায় গ্লাভস, স্যালাইন, সিরিঞ্জ, ক্যানুলা ও অন্য চিকিৎসাসামগ্রীর সরবরাহ অনেক কম। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেক সময় স্বজনদের বাইরে থেকে কিনে আনতে হয়। পর্যাপ্ত ওটি ও মানসম্মত যন্ত্রপাতি না থাকায় সার্জারি ও গাইনি বিভাগে সপ্তাহে সাত দিনের পরিবর্তে মাত্র চার দিন অস্ত্রোপচার হচ্ছে।
আরও পড়ুন: শ্যামাপূজা ও দীপাবলিতে ভক্তদের সমাগমে মুখর শাহরাস্তির কালিবাড়ি
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ শুরু হয়েছে। স্যালাইন ও সিরিঞ্জের সংকট মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য সামগ্রী সংগ্রহে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ৫৩০ শয্যার হাসপাতালটি সম্প্রসারিত হয়ে বর্তমানে ১,৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেলেও সে অনুপাতে অর্থ বরাদ্দ ও নতুন জনবল কাঠামো তৈরি হয়নি। ফলে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পুরোনো কাঠামোর মধ্যেই অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। জনবল সংকট পূরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনে দৈনিক মজুরিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগও রয়েছে।
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, রামেক হাসপাতালের সংকট শুধু শয্যা সংকটে সীমাবদ্ধ নয়। জনবল, ওষুধ, চিকিৎসাসামগ্রী, অস্ত্রোপচার সুবিধা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থায়ও ঘাটতি রয়েছে। ১,৩০০ শয্যার অনুমোদন থাকলেও প্রতিদিন ৩,০০০-এর বেশি রোগীর চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নেই।
উত্তরাঞ্চলের ১৬-১৭ জেলার রোগীর চাপ কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করা জরুরি। একই সঙ্গে রামেক হাসপাতালের শয্যা, চিকিৎসক, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতি পূরণে সময়বদ্ধ পরিকল্পনা প্রয়োজন। অন্যথায় শুধু আশ্বাস কিংবা সাময়িক সরবরাহে সংকট কাটবে না। উত্তরাঞ্চলের লাখো মানুষের শেষ ভরসা এই হাসপাতালে মেঝেতে চিকিৎসা নেওয়া ও প্রয়োজনীয় ওষুধের জন্য বাইরে ছোটার দুর্ভোগও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন