১১:২১ পি.এম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দের মধ্যে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে হাসপাতালে নিতে হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজকে দেখা যায়নি। অধিনায়ক না থাকায় দলের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পরে মাঠ ছাড়তে দেখা যায় মিরাজকে, পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ব্যাটিং করার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত হানে। এতে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় এবং এক পর্যায়ে স্ট্রেচারও আনা হয়। তবে তিনি প্রাথমিক ধাক্কা সামলে আবার ব্যাটিংয়ে ফিরে আসেন।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু
পরবর্তীতে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের পরে মিরাজও একটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ লাভ করে।
দলীয় সূত্র থেকে জানা গেছে, আপাতত মিরাজের অবস্থা স্থিতিশীল রয়েছে। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, 'এখন সে ভালো আছে, বড় কোনো সমস্যা নেই। তবে মাথায় আঘাত পাওয়ায় সতর্কতার জন্য স্ক্যান করানো হচ্ছে।'
সিরিজের শেষ ম্যাচের আগে হাতে রয়েছে দুই দিন সময়। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: নেহা বোরাকে মুক্তি দিল পুলিশ, দীপকেকে আদালতে তোলা হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন