ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন


ভারতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের সম্মেলন

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ওই অঞ্চলের বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেন, ভারতে দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। সার্জিও গোরের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অধীনে থাকা ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিকরা আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে সমন্বয় করেন। বিশেষ করে কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও সম্মেলনে যুক্ত হন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। রুবিও জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি সম্মেলনের আয়োজনের জন্য সার্জিও গোরের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ১১ দেশে দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে তিনি কথা বলেছেন। রুবিও আরো জানান, এসব মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

এর আগে সোমবার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন। এ ছাড়া তিনি জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘরও ঘুরে দেখেন। সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে গোর জানান, অমৃতসরে স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ ও দেশভাগ জাদুঘর পরিদর্শনের দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর দেশটির বিভিন্ন এলাকা সফরের অংশ হিসেবে তিনি অমৃতসরে যান। এর আগে গোর ভারতের শ্রীনগর ও লেহও সফর করেছেন।

ভারতের রাজস্থান সফরের সময় সার্জিও গোর দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ প্রত্যক্ষ করেন। পাশাপাশি বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বও তিনি দেখেন। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গোর জানান, সেখানে ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সেনারা একসঙ্গে এই মহড়ায় প্রশিক্ষণ নিচ্ছে। দুই দেশের সেনাদের পাশাপাশি প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহী ছিলেন। পরে মহড়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে গোর বলেন, মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মার্কিন ও ভারতীয় সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখে তিনি সন্তুষ্ট।

তার ভাষ্য, এই মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব, পারস্পরিক আস্থা, প্রস্তুতি এবং একসঙ্গে কাজ করার সক্ষমতাকে তুলে ধরে। মার্কিন ও ভারতীয় সেনারা যৌথভাবে যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও উল্লেখ করেন তিনি। সার্জিও গোরের সাম্প্রতিক ভারত সফরে কূটনৈতিক বৈঠকের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চল ও সামরিক কার্যক্রম পরিদর্শনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্বেষ-বিরোধী আইন ‘অপব্যবহারের’ কথা স্বীকার করেছেন ভেনেজুেলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


বিদ্বেষ-বিরোধী আইন ‘অপব্যবহারের’ কথা স্বীকার করেছেন ভেনেজুেলার প্রেসিডেন্ট

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : ভেনেজুেলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মঙ্গলবার স্বীকার করেছেন যে, দেশটির ‘বিদ্বেষবিরোধী আইন’ অপব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারবিরোধী সমালোচকদের গ্রেপ্তারের জন্য এই আইনটি ব্যবহার করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত এক দশকে দেশটির বহু রাজনৈতিক নেতা, অধিকারকর্মী, সাংবাদিক, বিক্ষোভকারী ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এই আইনে ‘বিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। এই আইন অনুযায়ী, এ অপরাধের জন্য ১০ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে রদ্রিগেজ দেশটির শাসনভার গ্রহণ করেছেন। ওয়াশিংটনের চাপের মুখে তিনি একটি সাধারণ ক্ষমা কার্যক্রমের উদ্যোগ নেন। এর মাধ্যমে শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের অনেকেই এই আইনের আওতায় দণ্ডিত হয়েছিলেন।

তবে বেসরকারি সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, বর্তমানে ৩২৪ জন রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন। ২০১৭ সালে রদ্রিগেজ নিজেই তখনকার গণপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এই আইনটি পাসের তদারকি করেছিলেন। কিন্তু মঙ্গলবার তিনি স্বীকার করেন যে, আইনটি যথাযথভাবে প্রয়োগ করা হয়নি।

দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্তুগেসা রাজ্যে কফি উৎপাদনকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘আইনটি যথাযথভাবে প্রয়োগ করা হয়নি। এই আইনের অপব্যবহার হয়েছে।’

তবে তিনি উল্লেখ করেন যে, তিনি এখনো এই আইনের মূলনীতিতে বিশ্বাস করেন— যার মধ্যে রয়েছে সহনশীলতা, ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে বিদ্বেষ প্রাধান্য না পায় এবং মানুষ সহাবস্থান করতে পারে।

এর আগে রদ্রিগেজ জাতীয় পরিষদকে আইনটি সংস্কারের আহ্বান জানান। সরকার ও বিরোধী আইনপ্রণেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া রাজনৈতিক সংলাপের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়।

প্রেসিডেন্ট জাতীয় পরিষদে পাঠানো এক চিঠিতে বলেন, সংস্কারের লক্ষ্য হলো এই আইনের আওতাধীন আচরণকে ‘অপরাধ হিসেবে গণ্য না করার দিকে এগিয়ে যাওয়া’।

জাতীয় পরিষদের প্রধান রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ।

আইনটি ঘোষণার পর বিরোধী দলের প্রতিনিধিদল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করে, ‘বিদ্বেষবিরোধী আইনটি ভিন্নমত দমন ও রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে তারা আরও জানায়, আইনটির প্রয়োগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পরিবারের প্রতি তারা সংহতি প্রকাশ করছে।

সংস্কারের বিষয়ে কাজ করতে কয়েক ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট একটি কমিশন গঠন করেছে। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা শুধুমাত্র সংস্কার নয়, আইনটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে।

প্রায় ২০ বছর পর প্রথমবার ভেনেজুয়েলা সফর করা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও এই আইনসহ আরও কয়েকটি আইন বাতিলের সুপারিশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরো মার্কিন সরকার আপনার হাতের মুঠোয় : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


পুরো মার্কিন সরকার আপনার হাতের মুঠোয় : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন সরকারি ওয়েবসাইট ‘America.gov’ উদ্বোধন করেছেন। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ‘পুরো মার্কিন সরকার আপনার হাতের মুঠোয়’ চলে আসবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা ফেডারেল সরকারের বিভিন্ন তথ্য ও সেবা সহজে লাভ করতে পারবেন। এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটি কেবল একটি নতুন ওয়েবসাইট নয়, বরং এর মাধ্যমে সরকারের সঙ্গে নাগরিকদের যোগাযোগের প্রক্রিয়াও সহজ হবে। তিনি আরো বলেন, ‘আমরা আজ শুধু একটি নতুন ওয়েবসাইট চালু করছি না। এটি একটি বড় পরিবর্তনের উদ্যোগ। এর মাধ্যমে সরকারকে আরো সহজ ও নাগরিকবান্ধব করা হবে।

দীর্ঘদিন ধরে মানুষ একটি বিশাল সরকারি ব্যবস্থার মধ্যে নিজেকে ছোট মনে করেছে। কিন্তু ‘America.gov’-এর মাধ্যমে মার্কিন সরকারের বিভিন্ন তথ্য ও সেবা নাগরিকদের হাতের মুঠোয় চলে আসবে।’

এই ঘোষণার সঙ্গে একটি নির্বাহী আদেশও জারি করেছেন ট্রাম্প। এতে ফেডারেল সংস্থাগুলোকে নাগরিকদের জন্য তাদের বিভিন্ন কার্যক্রম নতুন ওয়েবসাইটে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন চিফ ডিজাইন অফিসার জো গেবিয়ার উপস্থিতিতে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই সরকারি ওয়েবসাইটকে এমন একটি নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে আমেরিকানরা সহজ ভাষায় ফেডারেল সরকারের বিভিন্ন তথ্য ও সেবা পেতে সক্ষম হবেন। এতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও ব্যবহার করা হবে।

আগে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা পেতে মানুষকে অনেকগুলো আলাদা ওয়েবসাইটে যেতে হতো। এখন ‘America.gov’-এর মাধ্যমে এক জায়গা থেকেই এসব তথ্য পাওয়া যাবে। দ্রুত সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন ও মেডিকেয়ারে নাম নিবন্ধনের মতো সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

এ জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে সরকারি সংস্থাগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জনসেবা এই সরকারি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। যেসব সেবা বছরে এক লাখের বেশি মানুষ ব্যবহার করেন, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু সেবা এবং ট্যাক্স জমা দেওয়ার কাজ এই ব্যবস্থার বাইরে থাকবে।

হোয়াইট হাউস বলেছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সরকারি কাজ সহজ করা এবং মানুষের সময় বাঁচানো। তাদের মতে, সরকারি কাগজপত্রের কাজে আমেরিকানদের প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ঘণ্টা সময় ব্যয় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


১৫ মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এসব পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সৃজিত পদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) অন্তর্ভুক্ত রয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদ গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রমে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় সিনিয়র স্টাফ নার্স ২টি এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) ২টি পদ সৃজন করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক পদ সৃজন করা হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে সিনিয়র স্টাফ নার্স ১২টি এবং মেডিকেল টেকনিশিয়ান ২টি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যথাক্রমে ১২টি ও ৬টি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি পদ সৃজন করা হয়েছে।

এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে সিনিয়র স্টাফ নার্স ১২টি ও মেডিকেল টেকনিশিয়ান ৬টি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৩টি পদ সৃজন করা হয়েছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার জন্যও সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ সৃজন করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের যোগ্যতা সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী নির্ধারিত হবে।

আর মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদগুলো সৃজনের সরকারি আদেশ অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কন করার তারিখ থেকে সৃজিত বলে গণ্য হবে।

পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে।

এ ছাড়া যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিদ্যমান টি.ও.অ্যান্ড.ইতে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্ত করে পদগুলো অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে এবং হালনাগাদকৃত টি.ও.অ্যান্ড.ই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় বাজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। পদ সৃজনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


ঢাকায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এই তথ্যটি বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়ে দিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%