১০:৪৫ পি.এম
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে অবস্থান করেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত একটি বিশেষ গেস্ট লেকচারে তিনি এই কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে, প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধুমাত্র সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কৌশলগত স্থিতিশীলতার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।
আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সুরক্ষা ও সার্বিক সার্বভৌমত্ব নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ সমাজকে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজেদের স্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রগতিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। আন্দোলনের সময় সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় নিজেদের নিবেদিত করেছিলেন, যা অসামান্য বীরত্বের প্রতীক ছিল। অন্যায়ের বিরুদ্ধে ব্র্যাক ইউনিভার্সিটির তরুণদের এই আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ২৪-এর জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনে এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনতে ঐতিহাসিক শক্তি প্রদান করেছিল।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে তরুণরাই আগামী দিনে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। লেকচারের পর উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের বিভিন্ন গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
এর আগে, প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন।
এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন