ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট: মীর শাহে আলম


৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট: মীর শাহে আলম

স্থানীয় সরকারের অধীনে ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রোথ সেন্টারের ছাদে সোলার প্যানেল স্থাপন করে সরকার প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোলার প্যানেল বসানোর কাজ আগামী ২৭ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এই কর্মসূচির আওতায় পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির বিভিন্ন দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য বিভাগের স্থাপনা এবং দেশের বিভিন্ন হাট-বাজার ও গ্রোথ সেন্টার অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ৮ শতাধিক পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু

সরকারের পরিকল্পনার অধীনে, প্রাথমিকভাবে এসব স্থাপনা থেকে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। তবে বরাদ্দকৃত অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব রাজস্ব থেকে অর্থ ব্যয় করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে মোট উৎপাদন ৩০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিশেষ বরাদ্দ থেকে অর্থ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পৃথক চিঠির মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচির বাস্তবায়ন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিক্রির পরিকল্পনাও সরকারের রয়েছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবহারের জন্য প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ রাখবে এবং অতিরিক্ত প্রায় ১৫০ মেগাওয়াট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। এই বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রির হিসাব করা হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে উৎসাহিত করার জন্য সরকার সম্প্রতি বিশেষ প্রণোদনা প্যাকেজও চালু করেছে। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য দেওয়ার কথা রয়েছে। নেট মিটারিং নির্দেশিকা-২০২৫-এর আওতায় এই সুবিধা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর পরিকল্পনা ট্রাম্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন।

এটি ছিল উভয়ের মধ্যে প্রথম সাক্ষাৎ।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, বৈঠকের সময় ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মধ্যে ছিলেন— শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি তথ্য দিয়েছে।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য রদ্রিগেজের পরিকল্পনা রয়েছে।

জানুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর তিনিই প্রথম ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘ সফর করছেন।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প ভেনেজুয়েলার বিষয়টিও তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, "যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে একসঙ্গে ধরলে এখন বিশ্বের ৬০ শতাংশেরও বেশি তেল আমাদের রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি-এইচএসসির ফলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে জবির ১৩ পদে শিক্ষক নিয়োগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


এসএসসি-এইচএসসির ফলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে জবির ১৩ পদে শিক্ষক নিয়োগ স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী অধ্যাপক ও প্রভাষকের ১৩টি পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। এসএসসি ও এইচএসসির ফলাফলকে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া, গত ২৫ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর ভিত্তিতে নেওয়া পরবর্তী কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

জানা যায়, গত ২৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপকের দুটি এবং প্রভাষকের ১১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নে এসএসসি ও এইচএসসির ফলাফলকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার আদালতের আইনজীবী বিজয়া রানী টিকাদার হাইকোর্টে রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবেদা গুলরুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও শিহাব উদ্দিন খান।

শুনানিতে আইনজীবী আবেদা গুলরুখ আদালতকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের জন্য ২০২১ সালের ৫ এপ্রিল ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ন্যূনতম নির্দেশিকা’ প্রণয়ন করা হয়, যা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে।

রিটকারীর আইনজীবীর দাবি, ইউজিসির ওই নির্দেশিকায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিধান নেই। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনেক যোগ্য প্রার্থী অনলাইনে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

শুনানি শেষে আদালত ২৫ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও এর পরবর্তী কার্যক্রমের বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন মামলা না নিয়ে অভিযোগটি রেখে দিয়েছেন। গত চার দিনেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও এখনো পুলিশ সংগ্রহ করেনি। পাশাপাশি এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমূখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার, মামলা ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার, মামলা ৪৫

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে, যেখানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮০ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৪ জন, রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৪ জন, গুলশান বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি শিশার কার্তুজ, ২টি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, ১টি পিকআপ, ১১টি মোবাইল ফোন, ১টি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, ২টি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%