মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
চুয়াডাঙ্গা-দর্শনা জংশনের নিকটবর্তী একটি খালি ট্যাঙ্কারবাহী ট্রেনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে গুরুতরভাবে আহত করে।
এই হামলা মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাঙ্কারবাহী ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে ছিল। এ সময় দুষ্কৃতিকারীরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। পরে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পর আহত অবস্থায় চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাঙ্কারবাহী ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনে লুপ লাইনে অবস্থান করছে।
আহত চালকরা ট্রেন চালানোর সক্ষমতা হারানোর কারণে ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা কর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী একটি মামলায় ফাহিম আহমেদ নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতের দিকে উপজেলার বেলীব্রিজ এলাকায় তার নিজবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কাউনিয়া থানার ওসি ফাহিম আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কাউনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, ফাহিম আহমেদ বেলীব্রিজ এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে সোমবার রাতে তার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ তাকে কাউনিয়া থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মণ্ডল জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফাহিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০৫ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তার অফিস থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী, প্রবীণ এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে তার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত একজন প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং ধর্মীয় শিক্ষার একজন খ্যাতিমান শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯২১ সালে জন্মগ্রহণকারী আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি তার জীবনের অধিকাংশ সময় ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন। তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ইসলামি আইনশাস্ত্র, ধর্মীয় গবেষণা এবং শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।
ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি ইরানে ফিরে আসেন এবং কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘকাল শিক্ষকতা করেন। শিয়া মুসলিমদের কাছে তিনি একজন প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুর পূর্বে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে যান বলে তাসনিম জানিয়েছে।
তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে একজন প্রবীণ আলেমের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। তার জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের রামপালে শীতকালীন মৌসুমের শুরুতেই বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটছে। একদল মানুষ মিউজিক ও ফাঁদ ব্যবহার করে অবাধে পাখি শিকার করছে।
সূত্র জানাচ্ছে, এই অতিথি পাখিগুলো পাকা ধান ক্ষেত, খাল-বিল ও জলাশয়ে আশ্রয় নেয়। শিকারিরা বিভিন্ন জলাশয়ে মিউজিক ও ফাঁদ পেতে এবং বিষ টোপ দিয়ে পাখি শিকার করছে। এর ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে।
রামপাল উপজেলার গৌরম্ভা, গিলাতলা, উজলকুড়, চেয়ারম্যানের মোড়, গোবিন্দপুর, তেতুলিয়া ব্রীজ এলাকা সহ উপজেলার সব ইউনিয়নে অতিথি পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শিকারিরা হয়ে উঠছে বেপরোয়া।
শিকার হওয়া পাখির মধ্যে ডুঙ্কোর, বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদা খোঁচা, রাত চরা ও সারস উল্লেখযোগ্য।
শিকারীরা গোপনে বাজার ও গ্রামে গ্রামে ঘুরে শিকার করা পাখি বিক্রি করছে।
এলাকাবাসীরা অভিযোগ করছেন যে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে শিকারিরা রাতে অবাধে এসব পাখি শিকার করে আসছে। পাখিগুলো আকারভেদে ৫০ টাকা থেকে ৫০০ টাকা কিংবা এর বেশি দামে বিক্রি হচ্ছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি জানান, "এ বিষয়ে আগে কোন অভিযোগ আসেনি। পাখি শিকার রোধে লোকেশন চিহ্নিত করে প্রাণীসম্পদ দপ্তরের সাথে কথা বলে শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ফরিদাবাদ কারাগারে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের মৃত্যু ঘটেছে গত ১৩ নভেম্বর। পুলিশি হেফাজতে নির্মম মারধর এবং কারাবন্দী অবস্থায় নির্যাতনের অভিযোগ উত্থাপনের কয়েক দিন পর তার মৃত্যু হয়। এই ঘটনাটি গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং মৃত্যুর আগে তার ওপর চালানো আচরণ নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে।
নিহত যুবকের নাম রেহান, যিনি উত্তর প্রদেশের আমরোহা জেলার বাসিন্দা ছিলেন। ১ কোটি ৪ লাখ রুপির একটি কথিত ডাকাতির মামলায় ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করে। তবে তার পরিবার দাবি করেছে যে, রেহানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।
রেহানের চাচা নওশাদ ফোয়েজ মিডিয়া এবং মিল্লাত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, হেফাজতে থাকাকালে পুলিশ সদস্যরা রেহানকে মারধর করেছেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তারা প্রথমে পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে জিজ্ঞাসাবাদ শেষে রেহানকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নওশাদ আরও দাবি করেন যে, ফরিদাবাদে গ্রেপ্তারের পর পুলিশ রেহানকে আমরোহায় নিয়ে যায় এবং সেখানে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মিল্লাত টাইমসকে তিনি বলেন, “ওই ঘটনার সময় আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। রেহানের ভাই কাশিফের পাঁজরের হাড় ভেঙে যায় এবং অন্যান্য স্বজনরাও আঘাত পান। ওই ঘটনার পর থেকে রেহানের বাবা কানে কম শুনতে শুরু করেন।”
পরিবারটি অভিযোগ করেছে যে, ক্রাইম ব্রাঞ্চ তাদের কাছে প্রায় ১৮ লাখ ৮০ হাজার রুপি দাবি করেছিল এবং টাকা না দিলে পরিবারের অন্য সদস্যদেরও মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিল। নওশাদের তথ্যমতে, রেহানের বাবা আব্দুল সাত্তার নিজেদের চার বিঘা জমি বিক্রি করে ওই টাকার ব্যবস্থা করেন। এই কথিত অর্থ লেনদেনের সঙ্গে পুলিশ কর্মকর্তা দারা সিংয়ের নামও জড়িয়েছে পরিবারটি।
পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। মিল্লাত টাইমসকে দেওয়া বক্তব্যে স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমিত কুমার বলেন, “ফরিদাবাদের সিবিআই (ক্রাইম ব্রাঞ্চ) দল রেহানকে আমরোহায় নিয়ে এসেছিল এবং পরে চলে যায়।” তিনি মারধরের যে দাবি পরিবার করেছে, তা নিশ্চিত করেননি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ দারা সিংও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে পরিবারের দাবিগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। রেহানের পরিবার জানিয়েছে, মৃত্যুর কয়েক দিন আগে কারাগার থেকে রেহান তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
পরবর্তীতে পরিবারটি তার সুচিকিৎসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। পরিবারের দাবি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ তার চিকিৎসার অনুমতিও পাওয়া গিয়েছিল। কিন্তু এরই মধ্যে গত ১৩ নভেম্বর কারাগার থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে রেহান মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে এবং পরিবার বর্তমানে প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। রেহানের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ