ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জয় দিয়ে বিদায় নিতে চান দেশম


জয় দিয়ে বিদায় নিতে চান দেশম

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য এটি বিদায়ের মঞ্চ।

২০১২ সালে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই তার নেতৃত্বে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে। এছাড়াও, তিনি ২০২১ সালে উয়েফা নেশনস লিগ শিরোপা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দলকে পৌঁছে দিয়েছেন। তিনি দীর্ঘ এই সফল অধ্যায়কে জয় দিয়ে শেষ করতে চান।

যদিও অনেক সময় তার রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনা হয়েছে, তথাপি ফলাফলের বিচারে দেশমকে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

ম্যাচ শেষে ফ্রান্সের নতুন কোচের নাম ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ফাইনাল দেখতে বাংলাদেশে এলেন দুই আর্জেন্টাইন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ এম


আর্জেন্টিনার ফাইনাল দেখতে বাংলাদেশে এলেন দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই উন্মাদনার একটি বিশেষ অধ্যায় সংযুক্ত হলো বাংলাদেশে। আর্জেন্টিনার প্রিয় দলের ফাইনাল ম্যাচ বাংলাদেশের সমর্থকদের সঙ্গে বসে উপভোগ করার জন্য থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার দুই নাগরিক, ফার্নান্দা ও জনাথান।

এই অভূতপূর্ব ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সোনিয়া মুন্নি।

গতকাল শুক্রবার দেওয়া ওই স্ট্যাটাসে সোনিয়া মুন্নি লিখেছেন, "ফার্নান্দা ও জনাথান আর্জেন্টাইন নাগরিক, ওরা দুজন আজ আমাদের ব্যাংকক দূতাবাসে এসেছিল বাংলাদেশের ভিসা নিতে। ওরা থাইল্যান্ড ভ্রমণে এসেছে মাস খানেক আগে। সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ী হওয়ার পরে ওরা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখবে।"

তিনি আরও জানিয়েছেন, ঐ দুই আর্জেন্টাইন পর্যটক, থাইল্যান্ডের ব্যাংকক থেকে অনেক দূরের শহর চিয়াংমাইতে অবস্থান করছিলেন। কিন্তু বাংলাদেশে গিয়ে ফাইনাল দেখার সিদ্ধান্ত নেওয়ার পরে তারা সেখান থেকে ফ্লাইটে ব্যাংককে ফিরে আসেন এবং অত্যন্ত দ্রুত ভিসা সংগ্রহ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন।

ভিসা নেওয়ার সময় ঘটে যাওয়া এক চমৎকার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছেন, "বাংলাদেশে আর্জেন্টিনার খেলা দেখার একটা ভিডিও ওদের মোবাইলে দেখিয়ে জায়গাটা কোথায় জানতে চাইলো, সেখানে তারা সবার সাথে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপভোগ করতে চায়। দেখলাম জায়গাটা আমার নিজস্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য এলাকা।"

বাংলাদেশি ফুটবল ভক্তদের এই তীব্র আবেগ ও উন্মাদনা ছুঁয়ে গেছে ওই দুই আর্জেন্টাইন নাগরিকদের। অফিস শেষে বাসায় ফিরে সোনিয়া মুন্নি দেখতে পান, ফার্নান্দা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দূতাবাসের কাউন্সেলরের সাথে তোলা একটি ছবি শেয়ার করেছেন। সেখানে আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, "Cuando lo mas Argentino que tenes cerca es Bangladesh!" যার অর্থ হলো "যখন আপনার সবচেয়ে কাছের জিনিসটিই হলো বাংলাদেশ!"

এই বার্তার গভীরতা প্রকাশ করে সোনিয়া মুন্নি তাঁর স্ট্যাটাসে যোগ করেন, "ওদের দেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে, এমন একটি আনন্দ-উদযাপনের সময়ে যখন ওরা নিজেদের দেশের থেকে অনেক দূ্রে, তখন আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ দেখে বাংলাদেশকে ওদের কাছে অনেকটা আর্জেন্টিনার মতোই মনে হয়েছে...!!"

ভৌগোলিক সীমানা পেরিয়ে ফুটবলের এই অবিশ্বাস্য মেলবন্ধনে মুগ্ধ হয়ে বাংলাদেশ দূতাবাসের এই কূটনীতিক লিখেছেন, "আর্টস, স্পোর্টস, কালচার কিভাবে ডিপ্লোম্যাসিতে ভূমিকা রাখে সেটা নয়, বরং আমি মুগ্ধভাবে ভাবছি, আবেগ কিভাবে ভৌগোলিক ভূখণ্ডের দুই প্রান্তে থাকা দুটি জাতিকে এক করে দেয়।"

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে গ্যালারির আবহে নিজ দেশের জন্য গলা মেলাবেন ফার্নান্দা ও জনাথান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই সমাজ সুন্দর হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৯ এম


একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই সমাজ সুন্দর হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্যায়, অপকর্ম ও অসামাজিক কাজকর্ম রোধ করার দায়িত্ব সকলের ওপর বর্তায়, উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণ প্রজন্মকে মাদক এবং জুয়া থেকে দুরে রাখতে হবে। প্রত্যেক বাবা-মায়ের কাম্য হল সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠন করা। যারা মারামারি বা গ্রাম্য কাইজায় জড়াবেন, তাদের জন্য কোনো ছাড় দেওয়া হবে না, তারা যত কাছের লোকই হোন না কেন।

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ এবং স্থানীয় বিরোধ নিরসনে এই সময়োপযোগী সভার আয়োজন করা হয়।

বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সভাকে একটি প্রতীকী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কেবল একটি ইউনিয়নের জন্য নয়, বরং নগরকান্দা ও সালথা উপজেলার প্রতিটি গ্রাম এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য প্রযোজ্য। ফরিদপুর-২ আসনের জনগণের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্র হরণ করেছিল, যা থেকে মুক্ত হয়ে আমরা কেবল গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তাই তিনি ইউনিয়নে ইউনিয়নে আর 'দ্বন্দ্ব মিলমিশ' করার সভা দেখতে চান না।

সংঘাতকারীদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাল, সড়কিসহ মারামারির যাবতীয় অস্ত্র পুলিশের নিকট জমা দিতে হবে। সহিংসতা ছেড়ে সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই সমাজ সুন্দর হবে এবং শিক্ষার আলো যত ছড়াবে, তরুণরা তত অপকর্ম থেকে দূরে থাকবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এক উদ্বেগজনক তথ্য তুলে ধরে জানিয়েছেন, গত এক মাসে ফরিদপুর জেলায় মোট ৩৫টি মারামারির মামলা হয়েছে, যার মধ্যে কেবল ডাঙ্গী ইউনিয়নেই ঘটেছে ১০টি। তিনি স্পষ্টভাবে জানান, মারামারির নামে কোনোভাবেই মহাসড়ক বন্ধ করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদের সভাপতিত্বে এবং মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

এ ছাড়াও ফরিদপুর জেলা ও নগরকান্দা উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

এমনকি প্রধান অতিথির বক্তব্যের আগে এই সভার মঞ্চে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের মধ্যস্থতায় এবং 'গ্রাম্য কাইজা না করার শর্তে' ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রইস উদ্দিন চোকদার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান তারা মোল্লার মধ্যকার দীর্ঘদিনের বিরোধের আনুষ্ঠানিক অবসান ঘটে। তারা সম্মক্ষিত সকলের সামনে প্রতিজ্ঞা করেন যে, তারা আর কখনো সংঘাতের পথে হাটবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ এম


যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘনের কারণে ওয়াশিংটনকে অবিশ্বস্ত ও প্রতারক হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টদের স্বাক্ষরিত চুক্তিগুলোর কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।

একটি বিবৃতিতে খামেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারো তাদের আগ্রাসী ও আধিপত্যবাদী চরিত্র উন্মোচন করেছে। খামেনি সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধের আগুন জ্বালিয়ে নিজেদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এবং ইরান ও প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে তাদের জন্য কঠিন শিক্ষা অপেক্ষা করছে।

তিনি আরো বলেন, ইরান ও পারস্য উপসাগরে নৌচলাচল ব্যবস্থাপনাসহ যুদ্ধের অবসান ঘটানোর যে চুক্তি হয়েছিল, যুক্তরাষ্ট্র তা অমান্য করে নিজেদের অসাধুতা ও যুক্তিবহির্ভূত আচরণের প্রমাণ দেখিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা ও দক্ষিণ অঞ্চলের জনগণের সাহসিকতার কথাও উল্লেখ করে মোজতবা বলেন, মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী-শিশুর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


নারী-শিশুর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের

শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষার জন্য ঋণ সংকট মোকাবিলা করতে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি এই বিষয়ে মন্তব্য করে বলেন, এ ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোকে শিশু ও নারীর কল্যাণে সামাজিক সুরক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে সহায়তা করবে।

গতকাল শুক্রবার নিউইয়র্কে ইউনিসেফ সদর দপ্তরে সংস্থাটির মানবিক কার্যক্রম ও সরবরাহ বিভাগের উপনির্বাহী পরিচালক টেড শেইবানের সঙ্গে তিনি বৈঠক করেন এবং সেখানে এই আহ্বান জানান।

তথ্য অধিদফতরের পক্ষ থেকে আজ শনিবার এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ সময় আরো বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং ক্রমবর্ধমান ঋণের চাপ বাংলাদেশের রাজস্ব সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে সংকুচিত করেছে। তবে তা সত্ত্বেও ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনের আলোকে একটি গণতান্ত্রিক, মানবকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সরকার নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এই বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা তিতুমীর আরও উল্লেখ করেন, নতুন সরকার নারীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোকে গর্ভাবস্থা, শিশুর বেড়ে ওঠা, শিক্ষা, প্রতিবন্ধিতা ও বার্ধক্যসহ জীবনের বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান করা হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে সরকারের প্রস্তাবিত ‘এক শিশু, এক কার্ড, এক নম্বর ও এক ওয়ালেট’ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে জন্মনিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি এবং সরকারি সেবাপ্রাপ্তিকে আরও কার্যকর ও সমন্বিত করা হবে।

ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড শেইবান বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টিকেও স্বাগত জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%