০৩:৫৬ পি.এম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ঘোষণা করেছেন যে, মানিকগঞ্জ জেলার প্রতিটি টেকসই অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার পর্যায়ক্রমিক উন্নয়ন শুরু হয়েছে, যা নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন, যার ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, "জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের সময় যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।" তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার সব সড়কের টেকসই উন্নয়ন সম্পন্ন করা হবে, যাতে কোনো এলাকার মানুষ যোগাযোগ সুফল থেকে বঞ্চিত না হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি বলেন, "চলমান এই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশগম্যতা সহজ হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।"
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ন ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার সড়ক উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে আধুনিক ও টেকসই ইউনিব্লক স্থাপন।
এছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। স্থানীয়রা সাড়ে চার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পগুলোকে গ্রামীণ পরিকাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে এক মাইলফলক হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন