০৬:১৫ পি.এম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর মন্দুয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ইউরিয়া ১৩ বস্তা, জিপসাম ২৮ বস্তা, ডিএপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা ও পটাশ দুই বস্তা। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৫৬ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
অভিযুক্ত শাহীন সরকার বলেন, ‘আমরা প্রান্তিক কৃষক। বাড়িতে রাখা সার বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করা হয়নি। রোপা আমন ক্ষেতে ব্যবহারের জন্য এসব সার রাখা হয়েছিল।’
উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, জব্দ করা সার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন