ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্টের ৮০ ভাগই চীনের


সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্টের ৮০ ভাগই চীনের

কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার প্রেক্ষাপটে সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে চীন। দুই দশকের একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বের আন্ডারওয়াটার ডেটা সেন্টার সংক্রান্ত পেটেন্টের ৮০ শতাংশই চীনের মালিকানায় রয়েছে। এর ফলে, ভবিষ্যতে পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার প্রতিযোগিতায় দেশটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

একসময় এ প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলোর অনুসারী হিসেবে চীনকে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে দেশটি সাবমেরিন ডেটা প্রযুক্তির একটি প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে প্রকৌশলভিত্তিক প্রযুক্তি, মডিউলার কাঠামো নির্মাণ এবং সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের রক্ষণাবেক্ষণে চীনের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।

প্রতিবেদনটির ভিত্তি চীনের তিয়ানজিনের গবেষকদের প্রকাশিত একটি গবেষণা। ২০২৬ সালের ৬ নভেম্বর জার্নাল অব মেরিন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন-এ প্রকাশিত গবেষণায় ২০০৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্বের আন্ডারওয়াটার ডেটা সেন্টার প্রযুক্তির ১৬৮টি মূল পেটেন্ট বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, মোট পেটেন্টের প্রায় ৮০ শতাংশ চীনের। গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের পর এ খাতে চীনের পেটেন্ট কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে, উদ্বেগ বাড়ছে

আন্ডারওয়াটার ডেটা সেন্টার হলো সমুদ্রের তলদেশে বা উপকূলীয় পানির নিচে বিশেষভাবে তৈরি সুরক্ষিত কাঠামোর মধ্যে সার্ভার ও কম্পিউটিং সরঞ্জাম স্থাপন করা। সাধারণ ডেটা সেন্টারে সার্ভার চালানোর সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এ তাপ নিয়ন্ত্রণে শীতাতপনিয়ন্ত্রণ ও শীতলীকরণ ব্যবস্থায় বিপুল বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। পানির নিচে ডেটা সেন্টার স্থাপন করলে সমুদ্রের স্বাভাবিক ঠান্ডা পানিকে তাপ অপসারণের কাজে ব্যবহার করা সম্ভব। এতে শীতলীকরণে শক্তি ও পানির ব্যবহার কমানোর সম্ভাবনা তৈরি হয়। একই সঙ্গে স্থলভাগে বড় অবকাঠামো নির্মাণের প্রয়োজনও কমে যেতে পারে।

গবেষণায় আন্ডারওয়াটার ডেটা সেন্টারের প্রযুক্তিগত বিকাশকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে—প্রাথমিক বিকাশ, প্রযুক্তির কার্যকারিতা যাচাই এবং দ্রুত সম্প্রসারণ। শুরুর দিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখে। পরে চীন এ খাতে গবেষণা ও পেটেন্ট কার্যক্রম বাড়িয়ে নেতৃত্বের অবস্থানে পৌঁছে যায়।

গবেষকদের মতে, চীনের অগ্রগতি বিশেষ করে প্রকৌশলভিত্তিক প্রযুক্তিতে। মডিউলার পদ্ধতিতে ডেটা সেন্টার নির্মাণ, সমুদ্রের তলদেশে স্থাপিত কাঠামোর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজন হলে পানির নিচেই মেরামতের মতো বিষয়ে দেশটি এগিয়ে রয়েছে। অন্যদিকে, চীনের বাইরের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশবান্ধব নকশা এবং বিভিন্ন অঞ্চলের ডেটা সেন্টারকে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আগে থেকেই কাজ করছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর উল্লেখযোগ্য উদাহরণ মাইক্রোসফটের ‘প্রজেক্ট নাটিক’। ২০১৮ সালে স্কটল্যান্ডের উপকূলে সমুদ্রের তলদেশে বিশেষ ক্যাপসুলে সার্ভার স্থাপন করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। প্রায় দুই বছর পর পরীক্ষার ফলাফলে দেখা যায়, পানির নিচে স্থাপিত সার্ভারগুলোর ব্যর্থতার হার স্থলভাগের নিয়ন্ত্রণমূলক পরীক্ষায় থাকা সার্ভারের তুলনায় প্রায় আট ভাগের এক ভাগ ছিল। তবে এ ধরনের পরীক্ষার ফলাফল বৃহৎ পরিসরে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেও একই রকম হবে কি না, তা নিশ্চিত নয়।

আরও পড়ুন: ট্রাম্পের ব্যায়ামের রুটিন: ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি

তবে আন্ডারওয়াটার ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সমুদ্রের লবণাক্ত পানি, পানির চাপ, ক্ষয়, যন্ত্রপাতির নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক প্রাণীর ওপর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় নিতে হবে। গবেষণায় প্রযুক্তিটির বাণিজ্যিক সম্প্রসারণের পথে এসব সীমাবদ্ধতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। এআই মডেল প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হচ্ছে। এর সঙ্গে বাড়ছে বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থার ওপর চাপ। এ পরিস্থিতিতে সমুদ্রের তলদেশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি ভবিষ্যতের কম্পিউটিং অবকাঠামোর একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠতে পারে।

তবে পেটেন্টের সংখ্যায় এগিয়ে থাকা মানেই বাণিজ্যিকভাবে প্রযুক্তিটির পূর্ণ নিয়ন্ত্রণ বা ব্যাপক ব্যবহার নিশ্চিত হওয়া নয়। গবেষণাটি মূলত উদ্ভাবন ও পেটেন্টের চিত্র তুলে ধরেছে; বিশ্বের কতগুলো আন্ডারওয়াটার ডেটা সেন্টার বর্তমানে চালু রয়েছে, সেগুলোর উৎপাদনক্ষমতা কত কিংবা বাণিজ্যিকভাবে কতটা সফল—এসব প্রশ্নের উত্তর দেয়নি। তারপরও গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো নির্মাণের প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীন দ্রুত শক্ত অবস্থান তৈরি করছে।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, জার্নাল অব মেরিন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, মাইক্রোসফটের প্রজেক্ট নাটিক–সংক্রান্ত গবেষণার তথ্য

আরও পড়ুন: এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার নারী ইমার্জিং নেশন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন নাহিদা। কিন্তু চোটের কারণে তিনি টুর্নামেন্টের বাইরে চলে গেছেন।

নাহিদা ছাড়া বাংলাদেশ গতকাল জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

নাহিদার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি, যিনি জিম্বাবুয়ের বিপক্ষে দলের নেতৃত্বে ছিলেন।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান নাহিদা। নিজের প্রথম ওভার করতে গিয়ে চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে তিনি ডান হাতের তর্জনিতে আঘাত পান।

ম্যাচ শেষে নাহিদা তর্জনিতে অস্বস্তি অনুভব করেন। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজয় দিয়ে আসর শুরু করার পর বাংলাদেশ জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ের ধারায় ফিরে এসেছে।

দুই ম্যাচে একটি জয় নিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে। ১৬ নভেম্বর তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হবে দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরের হিলিতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


হাকিমপুরের হিলিতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হিলি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, গভীর রাতে দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরেকটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে সেটি জব্দ করে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাকিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লক্ষ্মীকান্ত এ বিষয়ে বলেন, ঘটনাস্থলে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। পরে সেটি জব্দ করা হয়েছে। কিন্তু, এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে কবিদের সাহিত্য আড্ডা ও ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


নারায়ণগঞ্জে কবিদের সাহিত্য আড্ডা ও ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে কবিদের সৃজনশীল সাহিত্যচর্চা এবং মানবিক মূল্যবোধের ধারণা নিয়ে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেখানে দেশের খ্যাতনামা কবিরা অংশ নিয়ে তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতার ছন্দ, শব্দ এবং ভাবনার সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার ছলিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সেলিম, নিজাম উদ্দিন এবং শ্রী জোটন নাথ প্রমুখ।

অনুষ্ঠানে কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে সমাজ, মানবতা, প্রেম, প্রকৃতি এবং জীবনের বিভিন্ন অনুভূতি তুলে ধরেন। সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে কবিতা পাঠ ও আলোচনা পর্বটি হয়ে ওঠে প্রাণবন্ত। বক্তারা এ সময় সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সম্পাদক উদয়ন আইএফএম সেলিম, সিনিয়র সহসভাপতি ফিরোজ খাঁন জিকু, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল আলম, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন এবং আলাউদ্দিন, অর্থ সম্পাদক এসআই আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন এবং আইটি সম্পাদক শেখ ফরিদসহ সংস্থার অন্যান্য সদস্য ও সাহিত্যপ্রেমীরা।

প্রসঙ্গত, ২০১১ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রোজাদারদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিস এখন সব পরিবারের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিমন্ত্রী ফরহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


ডায়াবেটিস এখন সব পরিবারের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, ডায়াবেটিস এখন আর শুধুমাত্র একজন ব্যক্তির সমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তিনি এই রোগের প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ আরও উল্লেখ করেন, ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলা করতে হলে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা আবশ্যক। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের উচিত প্রতিদিন রাতে খাওয়ার পর ঘুমাতে না গিয়ে কিছুটা পথ হাঁটা। এতে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং ডায়াবেটিসের মতো একটি রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%