ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’ দাবি অভিজিৎ দীপের


‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’ দাবি অভিজিৎ দীপের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় মন্তব্য করেন যে মোদি ‘তরুণদের ভয়ে আতঙ্কিত’ হয়ে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভটি আয়োজন করা হয়েছে।

দিল্লিতে মেট্রো চলাচল ও বিভিন্ন সড়কে বিধিনিষেধ এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীপকে প্রশ্ন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, সড়ক- সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের তরুণদের যদি তিনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন কেন?’

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

পরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি সরকারের বিরুদ্ধে আরও সরব হন দীপকে। তিনি প্রশ্ন তোলেন, মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। দীপকের ভাষায়, ‘জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দিতে হবে?’

তিনি আরও দাবি করেন, সরকার তরুণদের নিয়ে উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে কি-না, তা নিয়ে ভয় পাচ্ছে।

শনিবারের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার তালিকার এসআইআর নিয়ে বিরোধীদল ও নাগরিক সংগঠনগুলোর আপত্তির মধ্যেই এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ভুল চিকিৎসায় দিনমজুরের স্বপ্ন ভেঙে চার গর্ভবতী ছাগলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


নেছারাবাদে ভুল চিকিৎসায় দিনমজুরের স্বপ্ন ভেঙে চার গর্ভবতী ছাগলের মৃত্যু
 
 
কষ্টের উপার্জনে কিনেছিলেন দুটি ছাগল। নিজের শ্রম আর যত্নে সেগুলো লালন পালন করে ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়িয়ে করেছিলেন সাতটি। স্বপ্ন ছিল, ছাগলগুলোই একদিন অভাবের সংসারে কিছুটা স্বস্তি এনে দেবে। কিন্তু সেই স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে গেল। গ্রাম্য পশু চিকিৎসকের চিকিৎসা দেওয়ার পর একে একে মারা গেছে তাঁর চারটি গর্ভবতী ছাগল। এতে প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হতদরিদ্র ভ্যানচালক শহিদুল ইসলাম। এখন প্রিয় ছাগলগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
 
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে বিচার চেয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হত দরিদ্র শহিদুল ইসলাম।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মেসন্ডা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে প্রথমে দুটি ছাগল কেনেন তিনি। যত্ন নিয়ে ছাগলগুলো লালন পালন করতে থাকেন। একপর্যায়ে তাঁর ছাগলের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতটিতে। এর মধ্যে চারটি ছাগল ছিল গর্ভবতী। ছাগলগুলোকে ঘিরে তাঁর মনে ছিল বাড়তি আয়ের স্বপ্ন। কিন্তু গত দুদিন আগে হঠাৎ ছাগলগুলো অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেলের শরণাপন্ন হন। 
 
অভিযোগ অনুযায়ী, চিকিৎসক অসুস্থ ছাগলগুলোকে একাধিক ইনজেকশন ও কৃমিনাশক ওষুধ প্রয়োগ করেন। এরপরপরই তিনটি ছাগল কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অপর ছাগলটিও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সেটিকে শুক্রবার সন্ধ্যার দিকে নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মারা যাওয়া ছাগলগুলো উন্নত জাতের যমুনাপাড়ি বলে দাবি করেছেন মালিক শহিদুল ইসলাম। তাঁর অভিযোগ, গ্রাম্য পশু চিকিৎসক সোহেলের ভুল চিকিৎসার কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এতে তাঁর প্রায় পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
কষ্টের উপার্জনে গড়া স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ শহিদুল। ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছাগল লালন পালন করে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু চারটি গর্ভবতী ছাগলের মৃত্যুতে সেই আশায় বড় ধাক্কা লেগেছে।
 
স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল চাংকি বলেন, শহিদুল ইসলামের চারটি ছাগল মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ভ্যান চালিয়ে অনেক কষ্টে ছাগলগুলো লালন পালন করছিলেন শহিদুল। তাঁর দাবি অনুযায়ী, ছাগল চারটির বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা। তিনি আরও বলেন, গ্রামে কিছু ব্যক্তি যথাযথ প্রশিক্ষণ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি প্রশাসনের নজরে নেওয়া প্রয়োজন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
 
তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম্য পশু চিকিৎসক মো. সোহেল বলেন, ছাগলগুলোর পিপিআর রোগ হয়েছিল। তাই তিনি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ছাগলগুলোর পাতলা পায়খানা হওয়ায় খাবারের জন্য কৃমিনাশক ওষুধও দিয়েছিলেন। তাঁর দাবি, ওই ওষুধে ছাগল মারা যাওয়ার কথা নয়।চিকিৎসাসংক্রান্ত প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ বলেন, গর্ভবতী ছাগলকে কৃমিনাশক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যা মেনে চলা জরুরি। পিপিআর রোগ হলে ছাগলের মধ্যে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায়। সেসব লক্ষণ পর্যবেক্ষণ না করে চিকিৎসা দেওয়া হলে ছাগলের মৃত্যু হতে পারে। তবে ছাগলগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেকে হারাবেন না, সবার মন জিততে গিয়ে: ক্যাটরিনা কাইফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


নিজেকে হারাবেন না, সবার মন জিততে গিয়ে: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে নীরব থাকলেও, এবার তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, অন্যের নেতিবাচক মন্তব্যের মাধ্যমে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়। অতিরিক্ত চিন্তিত হওয়ারও প্রয়োজন নেই।

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর তার শারীরিক গঠন ও ওজনের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ। এমনকি প্রকাশ্যে আসার পরও তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। তবে এতদিন এসব মন্তব্যের জবাবে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী প্রতিষ্ঠান ‘কে বিউটি’র বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। যদিও কারও নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্যে স্পষ্ট যে, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনের চালিকাশক্তি হতে দিতে চান না তিনি।

ক্যাটরিনার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন কিংবা কী ধরনের ধারণা ছড়াচ্ছেন, তার ভিত্তিতে নিজের আত্মসম্মান নির্ধারণ করা ঠিক নয়। তিনি উল্লেখ করেন, সবাইকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারিয়ে ফেলতে পারে। নেতিবাচক মন্তব্যকে জীবনের ওপর প্রভাব বিস্তার করতে দিলে হয়তো ভয়ে থমকে দাঁড়াতে হতো, ফলে সামনে এগোনো সম্ভব হতো না বলেও জানান তিনি।

নিজের প্রতি আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, পৃথিবী যখন আপনার প্রশংসা করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের সব পর্যায় এক রকম যায় না। কখনো সবকিছু মনের মতো থাকে, আবার কখনো নিজের পছন্দের অবস্থায় পৌঁছাতে সময় লাগে। তাই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত।

ক্যাটরিনার এই বক্তব্যের মাধ্যমে সন্তান জন্মের পর নারীর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তার বার্তা স্পষ্ট, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিদায়ী জার্সি রিভার প্লেটের জাদুঘরে সংরক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


মেসির বিদায়ী জার্সি রিভার প্লেটের জাদুঘরে সংরক্ষিত

ফুটবলের কিছু মুহূর্ত শেষ হলেও তা কখনোই সম্পূর্ণরূপে শেষ হয় না। সময়ের প্রবাহের সঙ্গে গ্যালারির উল্লাস থেমে যায়। তবে কিছু স্মৃতি অমলিন থেকে যায়। লিওনেল মেসির বিদায়ি ম্যাচের জার্সিও তেমনই একটি আবেগের স্মারক।

রিভার প্লেটের জাদুঘরে বর্তমানে আর্জেন্টাইন মহাতারকার সেই জার্সিটি সংরক্ষিত রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবল ইতিহাসের এই অধ্যায়কে বাঁচিয়ে রাখার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি জার্সি নয়, বরং এক কিংবদন্তির দীর্ঘ যাত্রা, অসংখ্য অর্জন এবং ভালোবাসার প্রতীক।

যদিও জার্সিটি জাদুঘরে রয়েছে, মেসির গল্প কোনো কাচের বাক্সে বন্দী হওয়ার নয়। তার বাঁ পায়ের জাদু, গোলের উল্লাস এবং সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য ভক্তদের মনে চিরকাল বেঁচে থাকবে। সময়ের স্রোত পেরিয়ে মেসি ফুটবলের ইতিহাসে এক অনন্ত অধ্যায় হয়ে থাকবেন।

বিদায়ের ম্যাচে আর্জেন্টিনার তিন গোলের প্রতিটিতেই ছিল মেসির স্পর্শ। বেনিনের বিপক্ষে ৪৮ মিনিটে নেওয়া তার কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এই ডিফেন্ডারও শেষ ম্যাচটিকে গোলে রাঙান। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নিকো পাজের অবিশ্বাস্য গোলেও মেসির অবদান ছিল। তার পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জালের দেখা পান মেসির জার্সির উত্তরসূরি মনে করা এই তারকা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজের শেষটি রাঙান। ফলে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়েন মেসি।

৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসির বিদায় ছিল অশ্রু এবং ভালোবাসায় মোড়ানো। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকার বিদায়ে গ্যালারিতে ছিল ভালোবাসা এবং বিষণ্নতা। কারণ বাঁ পায়ের ফুটবল জাদুকরকে আর কখনোই আর্জেন্টিনার জার্সিতে দেখতে না পাওয়ার হাহাকার ছিল। খেলাধুলা দেখতে আসা সমর্থক-ভক্তদের চোখের জল এবং কণ্ঠের উল্লাস একাকার হয়ে গিয়েছিল।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের পথ চলা শেষ করেছেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং গোলের রেকর্ড নিয়ে বিদায় নিয়েছেন তিনি। ২০৮ ম্যাচে ১২৬ গোলের কীর্তি নিয়ে এমন স্মৃতিময় ম্যাচের পর ১০ নম্বর জার্সিটি রিভার প্লেটকে উপহার দেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। জার্সিতে তিনি লিখেছেন ভালোবাসার বার্তা। এখন সেটিই স্থান পেয়েছে রিভার প্লেট জাদুঘরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প যুক্তরাষ্ট্রের দাবিগুলো না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি প্রদান করেছেন। শুক্রবার নিউইয়র্কের সিরাকিউসে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই হুমকি দেন।

ট্রাম্প বলেন, তিনি শীঘ্রই ইরান ও ইউক্রেন যুদ্ধের ‘মীমাংসা করবেন এবং জয়ী হবেন। তিনি আবারও দাবি করেছেন যে, যেভাবেই হোক না কেন, খুব শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে।

তিনি ইরানের প্রতি হুমকি দিয়ে বলেন, ‘হয় তারা আমাদের সব দাবি মেনে নেবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।’

ইরান ও ইউক্রেন সংঘাত সমাধানের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: আল জাজিরা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%