১১:১২ এম
চট্টগ্রাম নগরের উন্নয়নে গত দুই বছরে ২৫০০ কোটি টাকা ব্যয়, ৫৯৬ কোটি টাকার দায় পরিশোধ এবং রাজস্ব আয় বৃদ্ধিকে নিজের বড় সাফল্য হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি উল্লেখ করেছেন, চট্টগ্রাম বন্দর থেকে গৃহকর বাবদ ২২৪ কোটি টাকা আদায় করা হয়েছে, যা পূর্বে ছিল মাত্র ৪৫ কোটি। এই সময়ের মধ্যে ৭০০টি অবকাঠামো উন্নয়নকাজের পাশাপাশি সড়ক, সেতু, কালভার্ট ও খাল সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি মনে করেন, নগর সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। এই প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
২০২৪ সালের ৫ নভেম্বর চসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডা. শাহাদাত। এক বছর ১১ মাস ২০ দিন মেয়র থাকার পর গত ২৫ অক্টোবর থেকে প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি। সব মিলিয়ে মেয়র ও প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনের দুই বছর পূর্ণ হয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন শাহাদাত। ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। একই বছরের ৩ নভেম্বর তিনি শপথ নেন।
আরও পড়ুন: পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু
আজ শনিবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে নগরবাসীর মুখোমুখি হয়ে দুই বছরের কাজের জবাবদিহি করবেন তিনি। এর আগে "আমার দেশ"কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খোলামেলাভাবে নিজের সাফল্য ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনীতিবিদদের সঙ্গে ‘প্রশাসক’ শব্দটি মানানসই নয়। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নগর পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।
ডা. শাহাদাত বলেন, দুই বছর আগে দায়িত্ব নেওয়ার সময় চসিকের ঘাড়ে ৫৯৬ কোটি টাকার দেনা ছিল। সেটি পরিশোধ করা সম্ভব হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম বন্দর থেকে ২২৪ কোটি টাকা আদায় করা হয়েছে। এটি চসিকের ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে। এছাড়া ৩৬টি বেসরকারি কনটেইনার ইয়ার্ডকে পৌরকর মূল্যায়নের আওতায় আনা হয়েছে।
তিনি জানান, গত দুই বছরে ২,৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০টি উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট এবং ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ১০টি গোলচত্বরের উন্নয়ন ও নির্মাণের পাশাপাশি ৩৬টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চারটির কাজ সম্পন্ন, ১৫টি চলমান এবং ১৭টির দরপত্র প্রক্রিয়াধীন। কুলগাঁও এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে।
জলাবদ্ধতা ও নাগরিক সেবায় উদ্যোগ
আরও পড়ুন: শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জলাবদ্ধতা নিরসনে সব সংস্থাকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, প্রতি বছর নগরের ১,৬০০ কিলোমিটার নালা পরিষ্কার করা হচ্ছে। ৪০টি নতুন খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সিডিএর প্রকল্প শেষ হলে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণে ডিপিপি তৈরি করা হবে।
নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ডিজিটাল অ্যাপ চালু করা হয়েছে। এতে ৬,০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৪,২০০টি নিষ্পত্তি হয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ছয়টি জোনকে আটটিতে উন্নীত করা হয়েছে। চসিকের ১,৫৫৭ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। ডিজিটাল জব পোর্টালের মাধ্যমে স্বচ্ছ নিয়োগব্যবস্থাও চালু হয়েছে। এছাড়া ২০টি স্থানে এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে দুই লাখ গাছ রোপণ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ১০ লাখ শিশুকে টাইফয়েড এবং ছয় লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এক লাখ স্কুলছাত্রীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেওয়া হয়েছে। মেমন হাসপাতালে নবজাতকদের জন্য ইনটেনসিভ কেয়ার সেন্টার, মেমন হাসপাতাল-২-এ ডায়ালাইসিস সেন্টার এবং শ্রমজীবীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে স্বল্পমূল্যে সিটিস্ক্যান, এমআরএ করা ও ৪১টি ওয়ার্ডে ডিসপেনসারিতে বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে ১২ হাজার কুকুরকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া মোহরায় হাসপাতাল করার জন্য আট একর জমি সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে।
শিক্ষা ও বিনোদন খাতে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর সড়কে সাইকেল ট্র্যাক এবং পতেঙ্গায় নতুন সৈকত ও স্মার্ট সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
ভবিষ্যৎ পরিকল্পনায় আবাসন ও পর্যটন
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, বায়েজিদ লিংক রোড এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ৭০০টি ফ্ল্যাট এবং বিবিরহাটে ১২০ কাঠা জমির ওপর আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর করতে চসিক কলোনি নির্মাণ করছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কোরিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে দুটি প্রকল্পের চুক্তি হয়েছে।
এছাড়া নগরে ১০টি ভূগর্ভস্থ মার্কেট নির্মাণ, কর্ণফুলী নদীর তীরে ৪০০ একর জমিতে পরিবেশবান্ধব পর্যটন এলাকা গড়ে তোলা এবং সেখানে সৌরবিদ্যুৎচালিত প্লান্টে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। নগরের ৩৬টি খালের তীরে সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি নৌপরিবহন চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
দুই বছরের দায়িত্ব পালনে ব্যর্থতা আছে কি না জানতে চাইলে ডা. শাহাদাত বলেন, বিষয়টি নগরবাসীর মূল্যায়নের ওপর ছেড়ে দিতে চান। তবে নগর সরকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এছাড়া পরিকল্পিত নগর গড়ে তোলা কঠিন। হকার উচ্ছেদ করলে তা টেকসই করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। আবার অনেক এলাকায় উন্নয়ন করতে চাইলেও জমি অন্য সংস্থার অধীনে থাকায় তা সম্ভব হয় না। এসব সীমাবদ্ধতা কাটিয়ে নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে চট্টগ্রামকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন: বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন