ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত


বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত

কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন—বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা (৩০)। এছাড়া, আরও বেশ কয়েকজন আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বরিশালে ডিএনসির অভিযানে গুরুতর অভিযোগ, শয্যাশায়ী ব্যক্তির চিকিৎসার টাকা নেওয়ার দাবি

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর পথচারীসহ সাধারণ মানুষের ওপর আকস্মিক হামলা চালায়। এই হামলায় শিশু ও বয়স্কসহ অন্তত ২৫ জন আহত হন। হঠাৎ করে কুকুরের কামড়ের শিকার হয়ে এত বেশি সংখ্যক রোগী হাসপাতালে আসায় চিকিৎসকদেরও হিমশিম খেতে হয়। একই সময়ে একের পর এক ঘটনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা শঙ্কিত রয়েছেন।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বলেন, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২২ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন। এগুলো যদি পাগলা কুকুরের কামড় হয়ে থাকে, তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের আক্রমণের শিকার হলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন: তাহিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ,প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে রাস্তার ধারে উদ্ধার হলো নবজাতক ছেলেশিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


চট্টগ্রামে রাস্তার ধারে উদ্ধার হলো নবজাতক ছেলেশিশু

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে জীবিত অবস্থায় একটি নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার ‘আমতল’ নামক স্থানে রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর মহাসড়কের পাশে আমতল এলাকায় নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক জানিয়েছেন, রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে সবাই এগিয়ে যান। শিশুটির দেখে মনে হচ্ছে, তার জন্ম হয়েছে সেদিনই অথবা এক দিন আগে। শিশুটিকে এ অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার ধারে ফেলে গেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে কেইনের পরিবারের মানসিক চাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে কেইনের পরিবারের মানসিক চাপ

ব্যালন ডি’অর কার হাতে উঠবে—এটি জানার জন্য অপেক্ষার মুহূর্তগুলো পরিবারের জন্য কতটা মানসিক চাপের, তা অকপটে স্বীকার করেছেন হ্যারি কেইন।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১টি গোল এবং জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ১২টি গোল করার পর, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জেতার দৌড়ে ইংলিশ অধিনায়ক কেইন সবচেয়ে এগিয়ে রয়েছেন।

আগামী সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যদিও আগেভাগে ফল জানার আগ্রহ রয়েছে, কেইনের মতে, এই অনিশ্চয়তা এবং উত্তেজনা অনুষ্ঠানটির আসল মজাই।

কেইন বলেন, ‘আমি চেষ্টা করি এটা নিয়ে না ভাবতে; তবে শত চেষ্টা করলেও মাথায় চলে আসেই। চারপাশে সব সময়ই নানান গুঞ্জন ও খবর ছড়াতে থাকে, তাই এসব থেকে দূরে থাকাই ভালো।’

পরিবারের মানসিক চাপের কথা জানিয়ে কেইন আরও বলেন, ‘আমার মনে হয় ফলটা আগে জেনে যেতে পারলে আমার স্ত্রী ও পরিবারের জন্য খুব ভালো হতো। সবার জন্যই ব্যাপারটা বেশ টেনশনের।’

কেইন আরও বলেন, ‘তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের হাতে, সেখানে আমার কোনো হাত নেই। তাই অহেতুক চিন্তায় না ভুগে আমাদের স্রেফ মুহূর্তটি উপভোগ করতে হবে।’

স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন কেইন। যদি সত্যি এই পুরষ্কার তার হাতে উঠে, তবে দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলার এই সম্মাননা পাবেন।

এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে হ্যারি কেইনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিত শাহর আদেশেই কি ছাড় পেয়ে যাচ্ছেন গ্যাংস্টার বিষ্ণোই?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


অমিত শাহর আদেশেই কি ছাড় পেয়ে যাচ্ছেন গ্যাংস্টার বিষ্ণোই?

বলিউড তারকা সালমান খান এবং টাইগার শ্রফের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম আলোচনায় উঠে এসেছে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে তাঁর গ্যাংয়ের সম্পর্ক প্রমাণিত হয়েছে। যদিও একাধিক ঘটনায় তাঁর নাম জড়ানো হয়েছে, মুম্বাই পুলিশ সরাসরি বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। এর পেছনে রয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নির্দেশনা।

বর্তমানে লরেন্স বিষ্ণোই গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। ২০২৩ সালের আগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধির ২৬৮ ধারায় একটি আদেশ জারি করেছে। এই আদেশের ফলে অন্য কোনো তদন্ত সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারের বাইরে নিয়ে যেতে পারবে না। পরবর্তীতে নতুন আইন অনুযায়ী এই বিধিনিষেধের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে।

এই আদেশের কারণে আদালতের সাধারণ হাজিরা পরোয়ানা থাকা সত্ত্বেও বিষ্ণোইকে কারাগার থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে আদালতের নির্দেশে ভিডিও যোগাযোগের মাধ্যমে অথবা কারাগারের ভেতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে তদন্তকারী সংস্থাগুলোর। কেন্দ্রীয় সরকারের যুক্তি হলো, তাঁকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা বিষ্ণোইকে নিয়ে মুম্বাই পুলিশের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সম্প্রতি ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়ও এই গ্যাংয়ের সদস্যদের নাম উঠে এসেছে। গ্যাংটির দাবি, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কয়েকজন তারকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

কৃষ্ণসার হরিণ শিকারসংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে সালমানের সঙ্গে বিষ্ণোইয়ের শত্রুতার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত। সালমানকে ঘিরে হুমকির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। তবে বিভিন্ন ঘটনায় বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম এলেও তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ মুম্বাই পুলিশের তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রথম আলো, এনডিটিভি ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন অবলম্বনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক

ভারতে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া ছয় বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্প্রতিবার (২২ অক্টোম্বর) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (২১), আব্দুল করিম (২৫), মোহাম্মদ আলী (২৬), সাব্বির ইসলাম (২৬), হাফিজুর (২৬) এবং আব্দুল সবুর (৪০)। তাদের বাড়ি গাজীপুর, বগুড়া, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তারা চার বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তারা শ্রমিকের কাজ করছিলেন। পরে সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্প্রতিবার বিকেলে তারা দেশে ফেরেন।

ওসি আরও জানান, ভারত ফেরত ছয় বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%