ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই সনদ বাস্তবায়ন হলে লংমার্চ-রোডমার্চের অস্তিত্ব থাকবে না: জামায়াত সেক্রেটারি


জুলাই সনদ বাস্তবায়ন হলে লংমার্চ-রোডমার্চের অস্তিত্ব থাকবে না: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়ন হলে আর লংমার্চ বা রোডমার্চের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, বিরোধী দলগুলোর দাবি হলো জুলাই সনদ বাস্তবায়ন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় গোলাম পরওয়ার এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে, ফলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের নামে জুলাই সনদের সাথে বেইমানি করছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে।

আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

গোলাম পরওয়ার আরও বলেন, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরকার ১ কোটি লোককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উল্টোটা হচ্ছে। মানুষের কর্মসংস্থান নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আইন এবং শৃঙ্খলা উভয়ই নেই। সরকারে যারা আছেন তারা বিচার পাচ্ছেন, কিন্তু যারা সরকারে নেই তারা বিচার পাচ্ছেন না। তিনি ব্যাংকগুলো বন্ধ না করে চালুর ব্যবস্থা করার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয়।

জামায়াত নেতা বলেন, প্রবাসে যারা আছেন, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে না। দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে না। কিছু এমপি তাদের এলাকায় কোনো ভূমিকা রাখছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


৯ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ১১ জন

বিদ্যালয় পরিচালনার জন্য ১২ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন, কিন্তু পুরো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১১ জন। পিরোজপুরের নাজিরপুরের পল্লীমঙ্গল বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অভাবের অভিযোগ তুলেছেন অভিভাবকরা এবং স্থানীয়রা, যদিও সরকারের বিপুল পরিমাণ অর্থ বেতন-ভাতায় খরচ হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঘণ্টার পর ঘণ্টা অলস সময় কাটান এবং হাজিরা খাতায় কাল্পনিক শিক্ষার্থীর নাম লিখে সরকারি অর্থের অপচয় করেন। ১৯৯৫ সালে শিকদারমল্লিক ডাকঘরের অধীনে নৈলতলা এলাকায় পূর্ণশ্রী রায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রতিষ্ঠার তিন দশক পরও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের আগমনের খবর পেয়ে প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ রায় লাইব্রেরিতে হাজির হন। অন্য শিক্ষকদেরও শ্রেণিকক্ষে পাওয়া যায়নি এবং তাদেরকে লাইব্রেরিতে অলস আড্ডায় মেতে থাকতে দেখা যায়।

বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে প্রধান শিক্ষক দাবি করেন ৩৫ জন। কিন্তু হাজিরা খাতায় ২২ জনের নাম পাওয়া যায় এবং শ্রেণিকক্ষে ঘুরে দেখা যায় মাত্র ১১ জন ছাত্রী। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ভাষ্য, ‘আমাদের ক্লাসে মোট ৯ জন ছাত্রী। আমি সবার নামও বলতে পারি, কিন্তু আজ ক্লাসে আসছি মাত্র পাঁচজন।’ অথচ হাজিরা খাতায় নাম আটজনের।

সপ্তম শ্রেণির ক্লাসে উপস্থিত এক ছাত্রী জানায়, ‘বছরের শুরুতে আমাদের সঙ্গে সাতজন ছাত্রী ভর্তি হয়েছিল, কিন্তু এখন আমরা পাঁচজন আছি। প্রতিদিন এই পাঁচজনই ক্লাসে উপস্থিত থাকি।’ অষ্টম শ্রেণিতে উপস্থিত পাওয়া যায় মাত্র একজনকে, যার ভাষ্য, ‘আমাদের ক্লাসে মাত্র চারজন ছাত্রী আছে।’ হাজিরা খাতায় দেখা যায় সাতজনের নাম, কিন্তু ওই ছাত্রী জানায়, তাদের প্রতিষ্ঠানে সব মিলিয়ে ১৪ জনের বেশি ছাত্রী নেই।

নয়ন মণ্ডল নামের এক শিক্ষক বলেন, ‘স্কুলে ২২ ছাত্রী রয়েছে হাজিরা খাতায়। এখন আর আগের মতো বেশি ছাত্রী দেখানো যায় না।’ প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ রায় শিক্ষকদের মন্তব্য ও হাজিরা বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘এই স্কুলটি সরকারের বন্ধ করে দেওয়া উচিত। কারণ সরকারের এখানে অর্থের অপচয় হচ্ছে।’

এদিকে, বিদ্যালয়ের এমন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় অভিভাবকদের ভাষ্য, ‘শিক্ষকদের অবহেলার কারণে আজ প্রতিষ্ঠানটির এমন অবস্থা। সরকারের লাখ লাখ টাকা প্রতিমাসে বেতন হিসেবে যাচ্ছে, অথচ শিক্ষকরা লাইব্রেরিতে অলস আড্ডা দিয়ে দিন পার করছেন।’

অভিভাবকরা আরও বলেন, ভুয়া শিক্ষার্থী দেখিয়ে এভাবে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা এক ধরনের অপরাধ। তারা অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত ও দায়ী শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল ক্লাসিকো হবে কি? নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


এল ক্লাসিকো হবে কি? নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক

এল ক্লাসিকোকে কেন্দ্র করে যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই কাতালুনিয়ার কেন্দ্রস্থলে আক্ষরিক অর্থেই নেমে এসেছে সহিংসতার কালোছায়া। শনিবার সন্ধ্যায় বার্সেলোনার প্রাণকেন্দ্রে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে, যার ফলে দোকানপাট ভাঙচুর ও সম্পত্তি পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এবং পুলিশ প্রায় একশ জনকে আটক করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্ডিয়া’ এবং জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের চলমান শিক্ষার্থী বিক্ষোভের আদলে সোশ্যাল মিডিয়া ও অনলাইন গ্রুপগুলোর মাধ্যমে তরুণদের রাজপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বান থেকেই কাতালুনিয়া স্কোয়ার ও এর আশপাশের এলাকায় বিশাল জমায়েত সহিংসতা ও ভাঙচুরে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো কাতালান পুলিশ বাহিনীর সঙ্গে তরুণদের ওই দলগুলোর দফায় দফায় সংঘর্ষ বাধে।

হঠাৎ করে ঘটে যাওয়া এই সহিংস ঘটনাগুলো আসন্ন এল ক্লাসিকোর নিরাপত্তা ব্যবস্থাকে চরম এক শঙ্কার মুখে ফেলে দিয়েছে। তবে, এই অস্থিরতা ছড়িয়ে পড়ার বেশ কিছুদিন আগে স্প্যানিশ কর্তৃপক্ষ ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছিল।

গত ১৪ অক্টোবর অর্থাৎ সাম্প্রতিক এই দাঙ্গার প্রায় ১০ দিন আগে ক্রীড়াক্ষেত্রে সহিংসতা, বর্ণবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে গঠিত স্পেনের রাষ্ট্রীয় কমিশন ম্যাচটিকে উচ্চঝুঁকিপূর্ণ ঘোষণা করে। ক্রীড়া দৈনিক ‘এএস’ ও ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্যমতে, এই বিশেষ শ্রেণিকরণের কারণে ম্যাচের আগে, চলাকালীন এবং ম্যাচ শেষে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদারের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল।

স্টেডিয়ামের আশপাশের এলাকা এবং সমর্থকদের জমায়েতের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কথা রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, শনিবারের এই দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে সরাসরি রিয়াল-বার্সা ম্যাচের কোনো যোগসূত্র নেই এবং দাঙ্গা শুরুর আগেই ম্যাচটিকে উচ্চঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তবে শহরের কেন্দ্রস্থলে এমন রক্তক্ষয়ী সহিংসতার পর ম্যাচটি সময়মতো মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত ম্যাচটি স্থগিত বা বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, বার্সেলোনার প্রাণকেন্দ্রে এমন নিরাপত্তা সংকটের কারণে এর আগেও এল ক্লাসিকো স্থগিত হওয়ার নজির রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বেশ কয়েকজন নেতার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরো অঞ্চলে তীব্র বিক্ষোভ ও আন্দোলনের ঢেউ আছড়ে পড়লে ন্যু ক্যাম্পে নির্ধারিত সেই ক্লাসিকো ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সে সময় ম্যাচ মাঠে গড়ানোর জন্য ভেন্যু অদলবদলের প্রস্তাব দিলেও দুই ক্লাবই তা সরাসরি প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে ১৯ ডিসেম্বর ম্যাচটি সফলভাবে অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই পুরনো শঙ্কার মেঘ জমা হয়েছে ফুটবলপ্রেমীদের মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের তিনটি মূর্তি উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের তিনটি মূর্তি উদ্ধার, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে থাকা ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)। উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলেম ওলামার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আলেম ওলামার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব: রাসিক প্রশাসক

সমাজে আলেম ওলামা, ইমাম-মুয়াজ্জিনদের সম্মান ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মান বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। গত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকেই নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন কেউ তাঁর ধর্মীয় পরিচয়ের জন্য বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর বারো টায় রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে ১২৩৬ তম ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা: মো: আসেম আলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়, বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।"

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এ. কে. এম মুজাহিদুল ইসলাম বলেন, "নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।"

এছাড়া, উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দাবির প্রেক্ষিতে ইমাম প্রশিক্ষণ একাডেমির হল রুম শীতাতপনিয়ন্ত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাসিক প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%