০৮:০৫ পি.এম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। কিন্তু আর্জেন্টিনার জন্য ‘প্রতিশোধের’ অপেক্ষা খুব বেশি দীর্ঘ হতে নাও পারে।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায়, তাহলে আর্জেন্টিনা ও স্পেন আবার মুখোমুখি হতে পারে বছরের শেষ দিকে। এইবারের মঞ্চ হবে ফিনালিসিমা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরোর চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।
আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের
আগের সূচি অনুযায়ী, ম্যাচটি ছিল গত ২৭ মার্চ কাতারের লুসাইলে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে কাতারে ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি।
কাতার না হলে ম্যাচটি কোথায় আয়োজন করা হবে, তা নিয়ে পরবর্তীতে ফিনালিসিমা সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হতে পারেনি। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ভেন্যু হিসেবে প্রস্তাব ছিল, অপর দিকে আর্জেন্টিনা বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চাইছিল।
কিন্তু শেষ পর্যন্ত সবাই ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
তবে এখন আবার বছরের শেষে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের আরেকটি লড়াই দেখার সুযোগ ফুটবলপ্রেমীরা পেতে পারেন।
আরও পড়ুন: জাতীয় দলে উপেক্ষিত, অবসরের বিষয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি
এখনো ম্যাচের তারিখ, ভেন্যু কিংবা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। কনমেবল, উয়েফা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই সবকিছু নিশ্চিত হবে।
এদিকে, মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এ বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। এই সময়ের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।
নিউ জার্সিতে গত রবিবার ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের এক গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
আরও পড়ুন: ব্যাটিং বিপর্যয়ের মাঝে স্মিথের ১১ হাজার রানের রেকর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন