ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিএনপির বিশ্বাস নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিএনপির বিশ্বাস নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মন্তব্য করেছেন যে, বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি এ বিষয়ে বলেন, ‘দেশের সব নাগরিকই সমান মর্যাদার অধিকারী।

আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই এবং আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। যদি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এই বক্তব্যটি বৃহস্পতিবার (১৬ জুলাই) ফরিদপুরের নগরকান্দা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম

তিনি আরও বলেন, ‘সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করবে। বাংলাদেশ হলো বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলনস্থল। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা দিয়ে বসবাস করে আসছে। আমরা নিশ্চিত করব ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্যকে ধারণ করবে।’

জুলাই মাসের শহীদ ও আহতদের স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে, বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, চারন কবি সহাদেব সরকার, বাবু অজয় কর প্রমুখ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহিদ ওয়াসিমের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বানেই জেগে উঠেছিল চট্টগ্রাম: নাছির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


শহিদ ওয়াসিমের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বানেই জেগে উঠেছিল চট্টগ্রাম: নাছির

চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিচারণ করতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ওয়াসিম আকরামের ফেসবুকে দেওয়া ‘চলে আসুন ১৬ শহরে’ আহ্বান ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক। তিনি বলেন, এই আহ্বানে সাড়া দিয়েই চট্টগ্রামবাসী রাজপথে নেমে আসে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাছির এসব বক্তব্য দেন। অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ছিল।

নাছির বলেন, ‘শহীদ ওয়াসিম আকরাম ১৬ জুলাইয়ের আগে তার ফেসবুকে লিখেছিলেন, ‘চলে আসুন ১৬ শহরে’। এটি ছিল শুধু একটি স্ট্যাটাস নয়, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিরুদ্ধে শেষ আহ্বান। তার এই বার্তা পুরো জাতিকে, বিশেষ করে চট্টগ্রামের মানুষকে রাজপথে নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল।’

তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মধ্য দিয়ে। তার ভাষ্য, তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

নাছির বলেন, ‘ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়। সেই হামলার প্রতিবাদে ছাত্রদল ১৬ জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কর্মসূচি ঘোষণা করে।’

তিনি বলেন, ‘সেই আন্দোলনের ধারাবাহিকতায় আবু সাঈদ শহীদ হন। এরপর আমাদের সহযোদ্ধা শহীদ ওয়াসিম আকরামও জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করে নাছির বলেন, ‘তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের শহিদরা অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে থাকবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ এম


চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ চোখে রেখে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ পরিস্থিতির ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা স্থগিত থাকবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে উল্লেখযোগ্য যে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (চট্টগ্রাম বোর্ডের পরিবেশিত জেলা ছাড়া) অন্যান্য জেলায় পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) জলসুকা থেকে মোঃ ফারুক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)।

আহতরা হলেন—চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানভীর মিয়া নিহত হন। পরে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন।

অপর দুই আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মো. মিজান মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে লবণ কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৪২ এম


চট্টগ্রামে লবণ কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণের কারখানায় আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে মোট ১০ জন এবং হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় আগুন লেগেছিল।

অন্যদিকে, আইসিইউতে থাকা বাকি তিনজনের অবস্থাও ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

নিহতদের মধ্যে ৩২ বছরের দিদারুল আলম বোয়ালখালী উপজেলার পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আরেকজন ৪৫ বছর বয়সি মোহাম্মদ নুরুল আলমের বাড়ি পটিয়া উপজেলার হুলাইন গ্রামে। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

১০ জন দগ্ধের মধ্যে পাঁচজন কারখানাটির শ্রমিক এবং অপর পাঁচজন ঠিকদারের নিয়োগ করা শ্রমিক হিসেবে সেখানে মেরামত কাজ করছিলেন। ওই ঘটনার পর বিকালে পাঁচজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যার মধ্যে দুজন মারা যান।

দগ্ধ বাকি পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, অন্য দুজন প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

কারখানাটিতে আগুন লাগার কারণ সম্পর্কে পুলিশ বলছে, ওই কারখানার বড় জেনারেটরসহ বেশ কিছু যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো ঠিক করতে পাঁচটি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হচ্ছিল। তখন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে দুটি এসি বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার বিষয়টি তাদের কাছে ‘গোপন করা হয়েছে’। ঘটনাস্থলে গিয়ে তারা কিছুই পায়নি। আগেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং দগ্ধদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, সরেজমিন পরিদর্শন করে এবং কারখানার কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, তাদের বড় জেনারেটরটি নষ্ট হয়ে গিয়েছিল। সেটির পাশাপাশি কয়েকটি মেশিনও নষ্ট ছিল।

সেগুলো মেরামত জন্য পাঁচটি ওয়েল্ডিং মেশিন আনা হয়েছিল। ওয়েল্ডিং মেশিন প্রচুর বিদ্যুৎ টানে, যার ফলে ভোল্টেজ আপ-ডাউনের একটি পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। এতে থাকা দুটি এসি বিস্ফোরণ ঘটায়, কারণ এসি মানে গ্যাস বোমা। ফলে সেখানে উপস্থিত যারা ছিলেন তারা মারাত্মকভাবে দগ্ধ হয়ে যান।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন বলেন, “আগুন লাগার বিষয়টা আমাদের কেউ কিছু জানায়নি। এটি হাইড করা হয়েছে। আমাদের টিম সেখানে গিয়েও কিছু পায়নি। পরে আমরা শুনলাম, দগ্ধ হয়ে ১০ জন মেডিকেলে ভর্তি হয়েছেন।”

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%