ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিমের বরখাস্ত প্রত্যাহারে পুলিশ সদর দপ্তরের সুপারিশের ৮ মাসেও সিদ্ধান্ত হয়নি


জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিমের বরখাস্ত প্রত্যাহারে পুলিশ সদর দপ্তরের সুপারিশের ৮ মাসেও সিদ্ধান্ত হয়নি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মো. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যদিও পুলিশ সদর দপ্তরের সুপারিশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

এখন আট মাস অতিবাহিত হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা ও সমালোচনা। চাকরি হারানো এবং পদোন্নতি বজ্ঞিত থাকা পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটাই, তিনি ছাত্রজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার (বাকৃবি) ছাত্রদলের নেতা ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কোনো নথিপত্র বা তথ্য পুলিশের কাছে নেই।

আরও পড়ুন: ব্রিটেনে সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি দোষী সাব্যস্ত

এমন সুপারিশের ফলে প্রশ্ন উঠেছে, কেন একজন কর্মরত ডিআইজিকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল এবং কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছিল। বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ আট মাস ধরে উপেক্ষিত থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর জানায়, নাজমুল করিম খানের বিরুদ্ধে তৎকালীন আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন, সে-সংক্রান্ত কোনো নথি পুলিশের কাছে নেই।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালীন অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ২০ অক্টোবর আইজিপি ডায়েরি নম্বর ৪৮৮-এর মাধ্যমে তৎকালীন আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।

তবে ওই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নথিপত্র পুলিশ সদর দপ্তরে পাওয়া যায়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দুটি বিষয়ে উল্লেখ করা অভিযোগের কোনো তদন্তও করা হয়নি, কারণ এসব অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের কাছে কোনো তথ্য বা প্রমাণাদি ছিল না।

আরও পড়ুন: স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস

এছাড়া ডিআইজি নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্তের পেছনের কারণ বা পরিস্থিতি সম্পর্কেও অবহিত করা হয়নি। পুলিশ সদর দপ্তরের নথিতেও এ বিষয়ে কোনো তথ্য নেই।

এই পরিস্থিতির প্রেক্ষিতে নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ করে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ মার্চ ২০২৬ তারিখের একটি চিঠির জবাবে এ সুপারিশ পাঠানো হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর এক আদেশে নাজমুল করিম খানকে পরদিন সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেয়। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে স্বাক্ষর করেন তৎকালীন অতিরিক্ত ডিআইজি (সদর দপ্তর) মোহাম্মদ শরীফ উদ্দিন।

এরপর ২০২৫ সালের ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করে এবং তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

আরও পড়ুন: নন্দলাল না হয়ে আসেন, আমরা লড়াই করি: সালাহউদ্দিন আম্মার ছাত্রদলকে আহ্বান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে দূরে রাখা প্রয়োজন ও সমীচীন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(১) ধারা প্রয়োগ করে তার সাময়িক বরখাস্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ব্যক্তিগত চাকরির নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল করিম খান।

২০২৫ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: উখিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মেয়ে গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মেয়ে গুরুতর আহত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম আরিফ (৪৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সুপ্তি আক্তার (১১)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের উপকণ্ঠে ওয়াপদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সার ব্যবসায়ী আরিফুল ইসলাম তার মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। ওয়াপদা মোড় অতিক্রম করার সময় রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় আরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং তার মেয়ে সুপ্তি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সুপ্তিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দ্রুতগতির বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে রেলক্রসিংয়ের কাছে ফেলে দেয়।

আহত সুপ্তি সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষিকা।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ওয়াপদা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এর ফলে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহকর্মীকে আটকে রাখার অভিযোগে কাইলি জেনারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


গৃহকর্মীকে আটকে রাখার অভিযোগে কাইলি জেনারের বিরুদ্ধে মামলা

মার্কিন ব্যবসায়ী এবং রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনারের বিরুদ্ধে তার সাবেক গৃহকর্মী মামলা দায়ের করেছেন। এই মামলায় কর্মক্ষেত্রে হয়রানি ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী গৃহকর্মী দাবি করেছেন যে, তাকে একবার প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল।

মানিকন্ট্রোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি সাবেক গৃহকর্মী কাইলির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। অভিযোগপত্রে কর্মক্ষেত্রে হয়রানি এবং শ্রমসংক্রান্ত বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া কাইলির আলমারি এবং ওই কর্মীর সুপারভাইজারকে কেন্দ্র করে একটি ঘটনার বিবরণও প্রকাশ করা হয়েছে।

সাবেক গৃহকর্মী অভিযোগ করেছেন যে, একপর্যায়ে তাকে প্রায় এক ঘণ্টা আলমারির ভেতরে আটকে রাখা হয়েছিল। তবে কাইলি জেনারের এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

এটি গত সাত মাসে কাইলির বিরুদ্ধে দায়ের হওয়া চতুর্থ মামলা। নতুন এই অভিযোগের পর আবারও আইনি জটিলতায় পড়েছেন এই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু

সৈয়দপুরে মেয়েকে স্কুল থেকে বাড়িতে ফেরার সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী। দুর্ঘটনায় তার পঞ্চম শ্রেণির মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর আরিফুল ইসলাম তার মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা যখন ওয়াপদা গোলচত্বর পার হচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরিফুল ইসলামের মাথা পিষ্ট হয়ে মৃত্যু ঘটে এবং তার মেয়ে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

সড়ক অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি, প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি, প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়

রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, নদী রক্ষার নামে বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও নদীর পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নান্দনিকতায় কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। তাই তারা প্রকল্পনির্ভর অর্থ ব্যয়ের পরিবর্তে ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মো. ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কাঙ্ক্ষিত পানিপ্রবাহ নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো ও দুর্গন্ধময় হয়ে পড়ে। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি এবং ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়।

এছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে সংগঠনটি দাবি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে নদীতে বর্জ্য ফেলা, তীর ভরাট ও অবৈধ দখল বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি বুড়িগঙ্গার অস্তিত্বের পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নগরবাসীর জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে।

সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ।

সংগঠনটির মতে, বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, নদী রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%