০২:৫৯ পি.এম
ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আরব জনগণের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ করেছেন রা'আম দলের নেতা মানসুর আব্বাস। তিনি দাবি করেছেন, প্রকাশ্যে নেতানিয়াহু তাকে আক্রমণ করলেও, প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহযোগী সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ করে নতুন সরকার গঠনের ব্যাপারে তার অবস্থান জানতে চেয়েছেন।
আব্বাস কানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নেতানিয়াহুর সহযোগী নাতান এশেল প্রধানমন্ত্রী পক্ষ থেকে তাকে বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় জানতে চাওয়া হয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবিত আইনের বিষয়ে তার অবস্থান কী এবং নেতানিয়াহু সরকারকে সরিয়ে নতুন জোট সরকার গঠনে রা'আম অংশ নেবে কি না।
আব্বাসের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরাইলের রাজনীতিতে নতুন সরকার গঠনের আলোচনা ও দর-কষাকষি চলছে। নেতানিয়াহুর বিরোধী শিবিরের সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: রুবিওর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
নেতানিয়াহু একসময় আব্বাসের কাছে স্বীকার করেছিলেন যে তিনি, আব্বাস এবং তৎকালীন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার পরস্পরকে ‘বোঝেন’—এমন বক্তব্য দিয়েছিলেন আব্বাস। তবে নেতানিয়াহুর দল লিকুদ এই দাবি অস্বীকার করেছে।
এ বিষয়ে কানকে আব্বাস বলেন, কে সত্য বলছেন, তা যাচাই করার জন্য তিনি পলিগ্রাফ বা মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত। নেতানিয়াহুও চাইলে একই পরীক্ষা দিতে পারেন। আব্বাসের দাবি, ওই কথোপকথনের সময় কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
গত সোমবার নেতানিয়াহুর একটি বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রা'আম নেতা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগ নিয়ে নেতানিয়াহু আরব জনগণের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
আব্বাস বলেন, নেতানিয়াহু তার, রা'আম এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি ও অপপ্রচারের প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ধরনের বক্তব্য বিপজ্জনক। এতে তার নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
এর আগে নেতানিয়াহু আরব দলগুলোর আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েল ধ্বংসের চেষ্টা এবং সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তোলেন। আব্বাস এসব অভিযোগের জবাবে বলেন, তিনি বরাবরই সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক সহিংসতা এবং মানুষ হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশনের সময় কয়েকজন আরব আইনপ্রণেতা অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে যান। তবে আব্বাস সেখানে অবস্থান করেন।
কানকে তিনি বলেন, তাদের অবস্থান হলো দায়িত্বশীলতা ও রাষ্ট্রীয় শিষ্টাচার প্রদর্শন করা; উসকানিমূলক কোনো আচরণ না করা। এ কারণেই অন্য আরব আইনপ্রণেতাদের মতো তিনি অধিবেশনকক্ষ ত্যাগ করেননি।
ইসরাইলের নতুন পার্লামেন্টে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একদিকে নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা, অন্যদিকে তার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে রা'আমের অবস্থান জানার চেষ্টা—দুই ঘটনাই দেশটির চলমান রাজনৈতিক দর-কষাকষির জটিলতা তুলে ধরছে।
আরও পড়ুন: পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই পানি ও পয়োনিষ্কাশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন