মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২১ এম
মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ১৯৭৬ সালের আগস্টে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়েছিল, মৃত্যুর পূর্বে এটি ছিল তার শেষবারের মতো। সেই সময় আমি প্রথমবারের মতো সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে লন্ডনে গিয়েছিলাম। এর আগে, পেশাগত এবং বিশেষ করে রাজনৈতিক কারণে ‘হুজুর ভাসানীর’ সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে। একসময় আমি গণমাধ্যমে তার বিশ্বস্ত মুখপাত্র হয়ে উঠি। ভাসানীর নির্ভরযোগ্য খবরের জন্য অনেক সহকর্মী আমার সঙ্গে যোগাযোগ করতেন। তখন আমি বেসরকারি সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সিতে (এনা) রাজনৈতিক রিপোর্টার হিসেবে কাজ করছিলাম। মুক্তিযুদ্ধের সময়, তৎকালীন বিশিষ্ট ছাত্রনেতা মাহবুবউল্লাহ যখন কারাগারে ছিলেন, তখন বাংলাদেশের বাম ধারার রাজনীতিকরা আমাকে তার নেতৃত্বাধীন বাংলা ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন। সেই সময় থেকেই ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি, শ্রমিক ফেডারেশন এবং কৃষক সমিতির নেতাদের সঙ্গে আমার একটি অঘোষিত আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের শীর্ষে ছিলেন কৃষক শ্রমিক ও মেহনতি জনতার অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী।
পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের পর, অর্থাৎ ছিয়াত্তরের গোড়া থেকেই ভাসানীর শারীরিক অবস্থা ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ে। একদিন, আবু নসর খান ভাসানীর কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আমি নবতিপর বৃদ্ধনেতাকে দেখতে যাই। কার্তিকের শেষদিকে টাঙ্গাইলের সন্তোষের মতো গ্রামে, যেখানে ফসলের মাঠে কুয়াশা বিছিয়ে দিতে শুরু করেছে, সন্ধ্যায় নামাজের পর আমরা হুজুরের দরবার বা খানকা শরিফে বসেছিলাম। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আলোচনায় চলে আসে। প্রথমে দ্বিধা থাকলেও একপর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, হুজুর, দেশের মাটিতে থেকে কি আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে পারতাম না? কেন আমাদের ভারতের মাটিতে আশ্রয় নিতে হলো?
ভাসানীর চোখের তারা সপ্রতিভ হয়ে উঠল। কিছু বলার আগে চোখ দুটো কেঁপে উঠল। তিনি বললেন, ‘শেখ মুজিবের পরিষ্কার রাজনৈতিক জ্ঞানের অভাব এবং বিশেষ করে সিদ্ধান্তহীনতার কারণেই এমনটা হয়েছিল। শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো প্রস্তুতি ছিল না। আমাদের অনেকের কাছে তখন নিজ নিজ জান বাঁচানোটাই বড় হয়ে দেখা দিয়েছিল। ২৫ মার্চের মতো একটি কালরাত আমাদের জন্য অপেক্ষা করছিল। পাকিস্তানি বাহিনী ঢাকাসহ নিকটবর্তী জেলাগুলোতে প্রস্তুত ছিল। কিন্তু শেখ মুজিব আওয়ামী লীগ নেতাদের সেভাবে তৈরি করতে পারেননি। সত্তরের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সুতরাং দেশ পরিচালনায় ছিল তাদের ন্যায্য হক। তাদের কজন স্বাধীনতা চেয়েছিল?’
হুজুরের প্রশ্নে অনেকেই নড়েচড়ে বসেছিলেন। অনেকে বললেন, নির্বাচনে হেরে গেলে পাকিস্তানিরা যে আমাদের হাতে ক্ষমতা দেবে না, সেটি তো আমরা অনেকেই ধারণা করেছিলাম। তখন ভাসানী পাল্টা প্রশ্ন করলেন, আমাদের হাতে ক্ষমতা না দিলে আমরা কী করব, সে চিন্তা বা ন্যূনতম প্রস্তুতি কি আমাদের ছিল? পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে আমরা কজন স্বাধীনতা সংগ্রামের কথা আগে থেকে ভেবেছিলাম? স্বাধীনতা কিংবা মুক্তিসংগ্রামী কথা বামপন্থি কিংবা প্রগতিশীলরা মুখে বললেও বাস্তবে তাদের কোনো প্রস্তুতি ছিল না। সে কারণে পাকিস্তানি বাহিনীর হামলার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিরাপদ আশ্রয়ের কথা ভাবতে হয়েছে। সশস্ত্র সংগ্রামের জন্য আমাদের ন্যূনতম কোনো প্রশিক্ষণ বা প্রস্তুতি ছিল না। না ছিল অর্থবিত্ত, না ছিল অস্ত্রশস্ত্র। ভাসানী সাহেবের সে কথায় দু-একজন তাৎক্ষণিকভাবে প্রশ্ন তুলেছিলেন, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে গিয়ে আমরা কি বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ আমাদের অজান্তে তাদের হাতে তুলে দিইনি? মরতে হয় দেশের মাটিতেই সশস্ত্র সংগ্রাম করে মরতাম, তবু ভারতের মাটিতে আশ্রয় না নিতাম। শুধু নারী, শিশু, বৃদ্ধ কিংবা দুর্বলদের দেশত্যাগ করার বাধা না দিয়ে বাধা দেওয়া উচিত ছিল তরুণ, যুবক কিংবা সামর্থ্যবানদের।
মওলানা ভাসানী বললেন, ‘যুব সম্প্রদায়ের মুক্তিকামী মানুষকে দেশের মাটিতেই গেরিলা কায়দায় সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করা উচিত ছিল। তাতে সংখ্যার দিক থেকে মৃতের তালিকা দীর্ঘ হলেও সে অর্জিত স্বাধীনতা হতো সব বিতর্ক বা প্রশ্নের ঊর্ধ্বে। সে সংগ্রাম দীর্ঘস্থায়ী হলেও তাতে অন্যের প্রভাব-প্রতিপত্তি, আধিপত্য কিংবা শোষণ-শাসনের সম্ভাবনা থাকত কম। সে অবস্থায় প্রকৃত অর্থে দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা সম্ভব হতো। দেশের প্রত্যেকটি নাগরিক হতো আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।
এ কথা ঠিক যে, দেশের প্রগতিশীল ধারার নাগরিকরা পাকিস্তানের শাসন ক্ষমতার দুর্বল ও অনির্ভরযোগ্য নিয়ন্ত্রক বা পরিচালনাকারী হওয়ার চেয়ে স্বাধীন বাংলাদেশের মালিক হতে চেয়েছিলেন অনেক বেশি। তারা এক কর্তৃত্ববাদের পরিবর্তে অন্যের তাঁবেদার হওয়ার পক্ষপাতী ছিলেন না। তাছাড়া অনাদিকাল থেকে বাংলাদেশ স্বাধীনতা কিংবা স্বশাসন ভোগ করার মর্যাদা পেয়ে এসেছে। সেসব শাসনতান্ত্রিক ও কৃষ্টি-সংস্কৃতিগত দিক থেকে বাংলাদেশ বহু আগে থেকেই একটি পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পক্ষপাতী ছিল। কাশ্মীর, হায়দরাবাদ, জুনাগড়সহ ১৯৪৭-পরবর্তী ভারতের স্বাধীন রাজ্যগুলোর ভাগ্যে কী ঘটেছে, বাংলাদেশের নাগরিকরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে। কিন্তু সত্তর কিংবা একাত্তরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সেটি বুঝতে সক্ষম হয়নি। অনেকে মনে করেন, আওয়ামী লীগের তৎকালীন পাতি বুর্জোয়া নেতৃত্ব কখনো সশস্ত্র সংগ্রামের উপযোগী ছিলেন না। সে কারণে তারা শুধু বারবার নেতৃত্বই হারায়নি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও বিপন্ন করে তুলেছে। এ বিষয়টি মওলানা ভাসানীর মতো খুব কম বাঙালি মুসলমান নেতারাই বুঝতে সক্ষম হয়েছিলেন। সে কারণে ২৫ মার্চের পর কোনো অবস্থাতেই মওলানা ভাসানী দেশত্যাগের পক্ষপাতী ছিলেন না। কিন্তু শেখ মুজিবুর রহমানও অন্য আওয়ামী লীগ নেতাদের সৃষ্ট পরিস্থিতি তাকে সে অপছন্দের কাজটি করতে বাধ্য করেছিলেন। তখন মওলানা ভাসানী পাকিস্তানিদের হাতে বাংলাদেশে ধরা পড়লে কিংবা বন্দি হলে মন্দের ভালো স্বাধীনতাযুদ্ধ যতটুকুই সম্পন্ন হয়েছে, সেটিও হতো না। তবে মুক্তিযুদ্ধকালীন ৯টি মাস তিনি কোনো মতেই ভারতে অবস্থান নেওয়ার পক্ষপাতী ছিলেন না। একাত্তরের পর জীবদ্দশায় এ কথাটি তিনি বারবার অনেকের কাছে বলেছেন। কখনো কখনো ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘তাদের (আওয়ামী লীগ) মাথায় সেদিন যেমন রাজনীতি ছিল না, তেমনই স্বাধীনতার জন্য নিজ ভূমিতে থেকে কীভাবে সশস্ত্র লড়াই করতে হয়, তাও জানা ছিল না। সে কারণে তারা সব জাতিকে এক অনিশ্চিত পরিস্থিতির কাছে জিম্মি করে ফেলেছিল, যা থেকে আজও সম্পূর্ণভাবে আমরা মুক্ত হতে পারিনি।’
আজকের স্বাধীন বাংলাদেশ, তার পূর্ববর্তী পাকিস্তান কিংবা এই উপমহাদেশের সামগ্রিক রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের এক অবিসংবাদিত নেতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার সারাটা জীবনই ছিল একটা সামগ্রিক আন্দোলনের ধারাবাহিকতা। মওলানা ভাসানীর ছিয়ানব্বই বছরের জীবনে সে আন্দোলন-সংগ্রামের কোনো যতি-বিরতি ছিল না। কখনো প্রতিবাদী কৃষক সমাবেশ, কখনো শ্রমিক বিক্ষোভ, আবার কখনো রাষ্ট্রীয় পর্যায়ে গণআন্দোলন বা অভ্যুত্থানের উত্তাল তরঙ্গ সৃষ্টি করাই ছিল তার প্রাত্যহিক জীবনের রোজনামচা। তার কাছে সেটাই ছিল একটি সংগ্রামী জীবনের অন্তর্নিহিত রাজনৈতিক দর্শন। ১৯৪৭ সালের ভারত বিভক্তি ও পাকিস্তান অর্জনের পরও আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রে কোনো বিরতি ছিল না গণআন্দোলনের অগ্নিপুরুষ মওলানা ভাসানীর জীবনে। তৎকালীন পূর্ব পাকিস্তান কিংবা একাত্তরে অর্জিত স্বাধীনতার পরও বাঙালির বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন কিংবা পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে উনসত্তরের গণঅভ্যুত্থানে ভাসানীর অগ্নিগর্ভ আন্দোলনের স্বরূপ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। জীবনসায়াহ্নে এসেওÑঅর্থাৎ ১৯৭৬ সালে ১৬ মে তার মৃত্যুর আগে ভাসানী ফারাক্কা বাঁধ নিয়ে এক ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত বড় দেশ হিসেবে প্রতিবেশীদের ওপর সার্বিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়। সে কারণেই অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা পাকিস্তান থেকে বের হয়ে এসেছি ভারতের পেটে ঢোকার জন্য নয়।’ তাছাড়া সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সামন্তবাদ ও সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে তার বক্তব্য ও লড়াই ছিল আপসহীন। সে কারণে গণমাধ্যম তাকে অনেক সময় আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার শোষিত, নির্যাতিত এবং বঞ্চিত মানুষের একজন দরদি নেতা ও নির্ভরশীল বন্ধু বলে আখ্যায়িত করেছে। মওলানা ভাসানীর মতো প্রতিবাদী নেতা এই উপমহাদেশের ইতিহাসে খুব কমই দেখা যায়। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে মওলানা ভাসানী গঠন করেছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা তৎকালীন মুসলিম লীগের তাঁবেদারির রাজনীতির জন্য এক মহাবিপর্যয় ডেকে এনেছিল। তিনি পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের কবর রচনা করেছিলেন ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে। কিন্তু ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ দলের ভেতর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চুয়ান্ন-পরবর্তী সময়ে ক্ষমতার প্রশ্নে পাকিস্তানি কায়েমি স্বার্থবাজদের সঙ্গে হাত মেলান। ভাসানী তার বিরোধিতা করেন তীব্রভাবে এবং শেষ পর্যন্ত তিনি নীতির প্রশ্নে নিজের প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি কখনো পশ্চিমা সাম্রাজ্যবাদ থেকে শুরু করে ভারতীয় আধিপত্যবাদসহ কারো সঙ্গে নীতির প্রশ্নে আপস করেননি। মওলানা ভাসানী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অতি সাধারণ মানুষের ন্যায়সংগত অধিকার আদায় এবং একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য তিনি যেমন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তেমনি ভারতীয় শোষণ-শাসন কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সে কারণেই তিনি মুক্তিসংগ্রামের সময় ভারতে আশ্রয় নেওয়ার বিরুদ্ধে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাকে এ ব্যাপারে বাধ্য করলেও তিনি কখনো বাংলাদেশিদের স্বার্থ আদায়ের সংগ্রামের সঙ্গে আপস করেননি। এ মহান নেতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভাসানী স্মৃতি অমর হোক।
লেখক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা পিছিয়ে পড়া প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা যায়। এর অংশ হিসেবে ২৩ জন কিশোরী ফুটবলারের হাতে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়েছে এবং ঝরে পড়া পাঁচ শিক্ষার্থীর শিক্ষাজীবন পুনরায় শুরু করার ব্যবস্থা করা হয়েছে।
শ্রীমঙ্গলের হরিণছড়া, খেজুরীছড়া ও ডিনস্টন চা-বাগানের বিভিন্ন ডিভিশনের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিক পরিবারের কিশোরীরা ফুটবলে নিজেদের প্রতিভা প্রদর্শন করছে। তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যে সবার নজর কেড়েছে। তবে, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের অভাব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।
এই পরিস্থিতিতে খেলোয়াড়দের চাহিদার ভিত্তিতে ১৬ জুন বিকেলে ২৩ জন কিশোরী ফুটবলারের হাতে ফুটবল, বুট, জার্সি, প্যান্ট ও মোজা তুলে দেওয়া হয়।
শুধু খেলাধুলায় উৎসাহ প্রদান নয়, আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচ কিশোরীর শিক্ষাজীবন পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে তাদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে উপজেলার সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীর মধ্যে ক্রীড়া সরঞ্জাম ও জার্সি বিতরণ করা হয়। পাশাপাশি সাতগাঁও চা-বাগানের খেলার মাঠে গোলবার স্থাপন করে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠেও বিতরণ করা হয়েছে ক্রীড়াসামগ্রী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেছেন, "খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।" তিনি উল্লেখ করেছেন যে, শ্রীমঙ্গলের চা-বাগান ও প্রত্যন্ত এলাকার অনেক কিশোর-কিশোরীর মধ্যে অসাধারণ ক্রীড়া প্রতিভা রয়েছে। তবে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, ক্রীড়া সরঞ্জাম ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না।
তিনি আরও বলেন, "সমাজের পিছিয়ে পড়া এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই উপজেলা প্রশাসনের লক্ষ্য, যাতে শুধু সুযোগের অভাবে কোনো প্রতিভা হারিয়ে না যায়।" এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ তৈরির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় একরামুল কবির রানা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "শ্রীমঙ্গলে বরাবরই ভালো উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।" তিনি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ গুণ হিসেবে উল্লেখ করেন যে, তিনি খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী। তার এই আগ্রহ ও উদ্যোগ তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, "উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চা-বাগান ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।" একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরে আসার পথও সুগম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে গৃহনির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে ঢেউটিন ও চেক তুলেদেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম জানান, এদিন গৃহ নির্মাণের জন্য উপজেলার ২৯ জনের মাঝে ৫০ বান্ডেল ঢেউটিন এবং বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের চেক বিতরণ করা হয়েছে। এই সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর পুনর্বাসন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বাহরাইন এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) রুবিও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রুবিও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়ে বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এছাড়া, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বাহরাইনের যুক্তরাষ্ট্রের কাছে ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ হিসেবে স্বীকৃতি।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গত রোববার দাবি করেছে যে, তারা বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে। তবে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইরানি আকাশ হামলা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিস্তিয়ানো রোনালদোর মা ডোলোরেস আভেইরোর অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের কোচ হোর্হে জেসুস। আভেইরো অভিযোগ করেছেন যে, জাতীয় দলের কোচিং স্টাফ তার ছেলেকে "প্রতারণা" করেছে।
৪১ বছর বয়সী রোনালদো ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন, যা ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে দুটিই রেকর্ড।
তবে, অবসরের এক মাসেরও কম সময় আগে তিনি একটি বিতর্কে জড়িয়ে পড়েন। সেপ্টেম্বরে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানানো হলে, তিনি জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন। এই ঘটনার জন্য তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা এবং ২১৫ পাউন্ড জরিমানা করা হয়।
রোনালদোর অবসরের ঘোষণার পর প্রথম ম্যাচে গত শনিবার ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। তারা নিজেদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হয়।
সোমবার স্পোর্টিং ক্লাবের এক অনুষ্ঠানে রোনালদোর আন্তর্জাতিক অবসর নিয়ে প্রশ্ন করা হলে আভেইরো বলেন, “অবশ্যই সে কষ্ট পেয়েছিল।”
তিনি আরও বলেন, “তারা তাকে প্রতারিত করেছে। আমিও খুব কষ্ট সহ্য করেছি। ডেনমার্কের বিপক্ষে এই হার প্রাপ্যই ছিল। আসলে আমি এতে খুশিই হয়েছি।”
মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগ ম্যাচের আগে আভেইরোর মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, জেসুস বলেন, “এখন কি আমাকে ক্রিস্তিয়ানো রোনালদোর মায়ের মন্তব্যেরও জবাব দিতে হবে?”
তিনি যোগ করেন, “তিনি এমন একজন নারী, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। নিজের সন্তানদের বড় করতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।”
রোনালদোর আন্তর্জাতিক অবসর নিয়ে বিতর্ক কবে শেষ হবে, এমন প্রশ্নের জবাবে জেসুস বলেন, “আমি জানি না, এটা কবে থামবে।”
তিনি আরও বলেন, “আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে আমাকে উত্তর দিতেই হবে। আগামী বছরও যদি আপনারা রোনালদোকে নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দেব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ