ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ চালু


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ চালু

নওগাঁ, ২ অক্টোবর, ২০২৬ : নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হতে যাচ্ছে। এই বিভাগ দুটি হল- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইংরেজি বিভাগ।

আজ শুক্রবার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি টিম যাচাই বাছাই করেছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ চালু করার সক্ষমতা রয়েছে কিনা।

টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।

আরও পড়ুন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ব বিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান এবং রাঃ বিঃ ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন বাসসকে জানিয়েছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। যদিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নেই, তবে অফিস কক্ষ, রিডিং রুম এবং শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানের জন্য উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, এই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ আটক করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী এবং একজন যাত্রীকে। ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের দ্বারা এই আটকাদেশটি কার্যকর করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর আটক ব্যক্তি যাত্রী, যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ২ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বার।

গত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট কর্তৃক বিমান কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১,০৪৯.৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি), যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওবায়দুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।

এতে আরো জানানো হয়েছে যে, জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুর থেকে দেশে এলএনজির নতুন একটি কার্গো, খালাস শুরু মহেশখালীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


সিঙ্গাপুর থেকে দেশে এলএনজির নতুন একটি কার্গো, খালাস শুরু মহেশখালীতে

সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দেশে এসেছে নতুন একটি কার্গো। মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের জাহাজ থেকে ইতোমধ্যে এলএনজি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ এলএনজিবাহী জাহাজের প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। বিপি সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হয়েছে।

সেপ্টেম্বর মাসেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজিবাহী কার্গো দেশে এসেছে। এসব এলএনজির চালান যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছিল।

এছাড়া, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

এদিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনেও বৃষ্টি উপেক্ষা করে চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


ছুটির দিনেও বৃষ্টি উপেক্ষা করে চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও টানা বৃষ্টিকে উপেক্ষা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মিছিলটি শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়। চলমান আন্দোলনের একাদশ দিনে বৃষ্টিভেজা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে।

শিক্ষার্থীরা মিছিলে ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, "আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। ১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।"

তিনি আরও জানান, "আমাদের ক্লাস, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই অতি শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে একটা ইতিবাচক ফলাফল চাই।"

মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, "প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি—আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।"

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে এ পর্যন্ত মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের পর তাইওয়ানে ৬৬টি মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমান পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ট্রাম্প-শি শীর্ষ বৈঠকের পর তাইওয়ানে ৬৬টি মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমান পৌঁছেছে

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি তাইওয়ানে পৌঁছেছে। যুদ্ধবিমান দুটি শুক্রবার, ২ অক্টোবর, তাইওয়ানের পূর্ব উপকূলের তাইতুংয়ের চিহাং বিমানঘাঁটিতে অবতরণ করে, যা কয়েক মাসের বিলম্বের পর ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে হাওয়াই ও গুয়াম হয়ে বিমান দুটি তাইওয়ানে পৌঁছায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানিয়েছেন, বছরের শেষ নাগাদ আরও এফ-১৬ভি যুদ্ধবিমান সরবরাহ করা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত সময়সূচি জানাননি।

তাইওয়ান বর্তমানে চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখোমুখি রয়েছে। বেইজিং স্বশাসিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে, তাইওয়ান যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী হিসেবে বিবেচনা করে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে লকহিড মার্টিনের তৈরি ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান বিক্রির জন্য ৮ বিলিয়ন ডলারের চুক্তি অনুমোদন করে। সবগুলো বিমান সরবরাহ করা হলে তাইওয়ানের এফ-১৬ বহরের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। তবে সফটওয়্যারসহ বিভিন্ন সমস্যার কারণে এসব যুদ্ধবিমানের সরবরাহে দীর্ঘ বিলম্ব ঘটে।

নতুন এফ-১৬ভি যুদ্ধবিমানগুলো উন্নত এভিওনিকস, অস্ত্র ও রাডার ব্যবস্থায় সজ্জিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসব ব্যবস্থা চীনের বিমানবাহিনীর যুদ্ধবিমান, বিশেষ করে জে-২০ স্টেলথ যুদ্ধবিমানের মোকাবিলায় তাইওয়ানের সক্ষমতা বাড়াবে। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এফ-২২ বা এফ-৩৫-এর মতো আরও উন্নত যুদ্ধবিমান সরবরাহে সম্মত হয়নি।

তাইওয়ানে প্রথম দুটি এফ-১৬ভি পৌঁছাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন বৈঠকের প্রায় এক সপ্তাহ পর। গত সপ্তাহের ওই বৈঠকের পর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ওয়াশিংটন তাদের নীতিতে কোনো পরিবর্তনের কথা জানায়নি।

এর আগে মে মাসে শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠকের পর ট্রাম্প তাইওয়ানের জন্য প্রস্তাবিত প্রায় ১৪ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজ স্থগিত রাখার কথা জানিয়েছিলেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের আরেকটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করেন।

রয়টার্সকে মার্কিন কর্মকর্তাদের ধারণার বিষয়ে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৮ সালের আগে চীনের তাইওয়ান আক্রমণের সম্ভাবনা কমে আসছে বলে ওয়াশিংটনে মনে করা হচ্ছে। তবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেছেন, শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করার চীনের অভিপ্রায়ে কোনো পরিবর্তন হয়নি।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা রয়েছে। তবে ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। অন্যদিকে, বেইজিং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%