ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় দক্ষিণ এশিয়ায় প্রথমবার আইএইউপির সম্মেলন আয়োজন করছে ডিআইইউ


ঢাকায় দক্ষিণ এশিয়ায় প্রথমবার আইএইউপির সম্মেলন আয়োজন করছে ডিআইইউ

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের উদ্দেশ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করছেন। ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ের কারণে আটকা ৬৫ রাবি শিক্ষক-শিক্ষার্থী

সম্মেলনের প্রথম দিনে, ১৯ নভেম্বর, বাংলাদেশে আগত আন্তর্জাতিক প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতিনিধিরা বাংলাদেশের সংসদীয় ঐতিহ্য ও জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ পান।

পরবর্তীতে রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজায় স্বাগত অনুষ্ঠান ও পরিচিতি পর্বের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরেস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আয়দিন, জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।

সম্মেলনের দ্বিতীয় দিনে, শুক্রবার (২০ নভেম্বর), রাজধানীর হোটেল শেরাটনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি কয়েকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাবে। সন্ধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের আয়োজন থাকবে।

সম্মেলন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

আরও পড়ুন: সরাইলে মহাসড়ক পারাপারে ওভারব্রিজ না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকিতে, দুশ্চিন্তায় অভিভাবকেরা

সম্মেলনের শেষ দিন, শনিবার (২১ নভেম্বর), ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা, ক্যাম্পাস পরিদর্শন ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘Open Science, AI, and the Future of Academic Research’ শীর্ষক প্যানেল আলোচনা এবং গবেষণা ও জনকল্যাণমূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে আইএইউপির মহাসচিব অধ্যাপক তাতসুরো তানিওকা বক্তব্য দেবেন। ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিদায়ী মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপির প্রথম সম্মেলন ১৯৬৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে সংগঠনটি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন করবে। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব এ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান ও কার্যকারিতা উন্নয়নে কাজ করে আসছে সংগঠনটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক অংশীদারত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক শিক্ষা ও গবেষণা সহযোগিতায় দেশের অংশগ্রহণ আরো জোরদার হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, "আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।"

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা যাতে দেশের মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলোর জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, "শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে।" শিক্ষকদের দায়িত্ব শুধুমাত্র পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন

বিশ্বখ্যাত সংগীতশিল্পী ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ মারা গেছেন। তার বয়স ছিল ৭৪ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন ৪১ বছর বয়সী এই গায়ক।

হাসপাতালের বিছানায় বাবার সঙ্গে তোলা একটি ছবি এবং পরিবারের বিভিন্ন সময়ের কিছু ছবি পোস্ট করে ব্রুনো জানিয়েছেন, মৃত্যুর আগে গত সপ্তাহে বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলেন।

বাবার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে ব্রুনো লিখেছেন, ‘আমি যখনই তার কথা বলেছি, সব সময় বলেছি, তিনিই আমাকে সবকিছু শিখিয়েছেন। বিশেষ করে সংগীতের বিষয়ে। তিনি আমার চার বোন, ভাই এবং আমাকে বড় করেছেন। আমার চোখে তিনিই ছিলেন পৃথিবীর সেরা বাবা। আবার দেখা না হওয়া পর্যন্ত প্রতিদিন তাকে মনে পড়বে।’

পোস্টের শেষে তিনি মায়ের কথাও স্মরণ করেছেন। ২০১৩ সালে মস্তিষ্কে রক্তনালি ফেটে মারা যান তার মা বার্নাডেট সান পেদ্রো বায়োত। বাবাকে উদ্দেশ্য করে ব্রুনো লেখেন, ‘ভালোবাসি বাবা। ওপারে মাকে আমার হয়ে একটি চুমু দিও।’

সংগীতের সঙ্গে বাবার পথচলা

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিউইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠা পিটার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে লাতিন সংগীতের পরিবেশনায় যেতেন। পরবর্তীতে ডু-ওপ সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। একসময় তিনি হাওয়াইভিত্তিক সংগীতদল ‘লাভ নোটস’ গড়ে তোলেন।

১৯৯০-এর দশকে হাওয়াইয়ের শেরাটন ওয়াইকিকি হোটেলে সংগীত পরিবেশনার আয়োজন করতেন পিটার। সেখানে সন্তানদেরও পারফরম্যান্সে যুক্ত করতেন। ছোটবেলায় ব্রুনো মার্সের এলভিস প্রিসলির অনুকরণে গান ও নাচের অভ্যাস গড়ে ওঠে বাবার সেই আয়োজনের মাধ্যমে। মাত্র ছয় বছর বয়সে ১৯৯২ সালের ‘হানিমুন ইন ভেগাস’ চলচ্চিত্রে ‘লিটল এলভিস’ চরিত্রে দেখা যায় তাকে।

পিটার ও বার্নাডেটের ছয় সন্তান—ব্রুনো, এরিক, তিয়ারা, তাহিতি, প্রেসলি ও জেইমি। বাবা-মায়ের বিচ্ছেদের পর ব্রুনো ও তার ভাই এরিকের জীবনে নানা কঠিন সময় এলেও বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ২০১৬ সালে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রুনো সেই সময়ের স্মৃতিচারণ করেছিলেন।

ব্রুনো মার্সের সংগীত ও ব্যক্তিত্বেও বাবার প্রভাব রয়েছে। তার পোশাক, মঞ্চের উপস্থাপনা এবং পুরোনো দিনের সংগীতের প্রতি আগ্রহের পেছনেও বাবার ভূমিকার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ মাস পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৮ উইকেটে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


২৫ মাস পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৮ উইকেটে

দীর্ঘ ২৫ মাসের প্রতীক্ষার পর অবশেষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ অর্জন করল পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ১-০ ব্যবধানে সিরিজটি নিজেদের দখলে নিয়েছে স্বাগতিক দল। প্রথম টেস্টটি একই ভেন্যুতে ড্র হয়েছিল।

পাকিস্তানের এই জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আমের জামাল। তবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারটি অর্জন করেছেন পেসার মোহাম্মদ আব্বাস।

পাকিস্তান সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল। এরপর দলের জন্য নানা ব্যর্থতা ও হতাশার সময় পার করতে হয়েছে। এই সময় বাংলাদেশ দলের কাছে ধবলধোলাইয়ের সম্মুখীনও হতে হয়েছে। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় তাদের অপেক্ষা শেষ করল।

আজ রাওয়ালপিন্ডিতে ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানের জন্য জয় পেতে লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৬ রানে অলআউট হয়। এর আগে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৫ রান করে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২ উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। আমের জামাল ২২ বল খেলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল। অন্য প্রান্তে ওপেনার আজান আওয়াইস ৩২ রানে অপরাজিত ছিলেন।

বল হাতেও জামাল ছিলেন উজ্জ্বল। দুই ইনিংসে তিনি ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন। তবে দুর্দান্ত বোলিংয়ের জন্য মোহাম্মদ আব্বাসকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি হয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইজিপি ও তিন বাহিনীর ডিজির সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


গোপালগঞ্জে আইজিপি ও তিন বাহিনীর ডিজির সফর

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে তারা গোপালগঞ্জে এসে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এই পরিদর্শনের সময় তারা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও দেখবেন। একইসঙ্গে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রাতের পর থেকে নতুন করে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, রাতের বৃষ্টির কারণে সকাল পর্যন্ত জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের রাস্তা-ঘাট সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়েছে।

আরতিভি/এসএইচএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%