সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫৯ পি.এম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমানোর লক্ষ্যে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় আবেদন করে নকশা অনুমোদন পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
একই সঙ্গে, সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অযথা মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন, এবং অন্যান্য কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এতদিন রাজউকের নকশা অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে যেতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা মন্ত্রী ও রাজউকের চেয়ারম্যানের সম্মতি পেয়েছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এক জায়গায় আবেদন করার মাধ্যমে দ্রুত নকশা অনুমোদনের ব্যবস্থা করা হবে।
উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির বিষয়ে শেখ মজিবুর রহমান বলেন, জবাবদিহি নিশ্চিত করার জন্য সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে সেগুলোর যৌক্তিকতা যাচাই করবে। যদি কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতি পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযথা প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।
আবাসন সংকট ও স্বল্পমূল্যের ফ্ল্যাটের বিষয়ে তিনি বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) নিয়ে জটিলতার কারণে অনেক ভূমি উন্নয়নকারী আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না। বিষয়টি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন।
শেখ মজিবুর রহমান জানান, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিধিমালা ও নগর গৃহায়ণ বিধিমালা—দুটি বিধিমালাকে আইনি রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। এগুলো সংশোধিত হলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। এতে সাধারণ মানুষের তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হবে।
অপরিকল্পিত নগরায়ণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শেখ মজিবুর রহমান বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণ করেও যারা নকশা অনুমোদন নেননি, তাদের নির্দিষ্ট জরিমানা বা শাস্তির আওতায় এনে রাজউকের বিধি অনুযায়ী বৈধ করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ তাঁর ‘এক্স’পেজে জ্বালানির বর্তমান মূল্যকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেছেন। ১৮ সেপ্টেম্বর তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দের সাথে বৈঠক করেছেন, যেখানে জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পেট্রোলের গড় দাম প্রতি লিটারে ২.৬ ইউরো এবং ইউরোজোনে ২.১২ ইউরো ছিল।
ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলোর হাতে তিনটি মূল উপায় রয়েছে: জ্বালানির মূল্যের ওপর কর সাময়িকভাবে কমানো, ঝুঁকিপূর্ণ পরিবার ও পরিবহন কোম্পানিগুলোকে লক্ষ্য করে বিশেষ সহায়তা প্রদান এবং ইউরোপীয় বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া। ‘ইনস্টিটিউট অফ ইউরোপ’-এর উপ-পরিচালক ভøাদিসøাভ বেলভ এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক উচ্চমূল্য ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে একটি অতিরিক্ত কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বেলভের মতে, ডিজেলের উচ্চমূল্য পণ্য পরিবহন, কৃষি, নির্মাণ এবং উৎপাদন খাতের বিভিন্ন অংশের খরচ বাড়িয়ে দেয়। পরবর্তীতে সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে সেই বাড়তি খরচ ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তিনি জোর দিয়ে বলেন, যদি মধ্যমেয়াদে বর্তমান মূল্যস্তর বজায় থাকে, তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতির চাপ, প্রকৃত আয় ও ভোক্তা চাহিদার পতন এবং ইউরোপীয় উৎপাদকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমজিআইএমও-এর ‘ইন্টারন্যাশনাল এনার্জি পলিসি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউট’-এর উপ-পরিচালক আলেক জান্ডার ফ্রলভ উল্লেখ করেন যে, মূলত করের কারণেই মোটর জ্বালানির মূল্যের দিক থেকে ইউরোপীয় দেশগুলো বিশ্বে শীর্ষে রয়েছে। তিনি বলেন, ইউক্রেনে হামলার পর বিশ্ববাজারে রাশিয়ার জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তা আরো জটিল করে তুলেছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং ইউরোপ ২০১০-এর দশকের শেষভাগ থেকে যে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, তা আরো তীব্র হয়েছে।
ফ্রলভ বলেন, রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা এবং ২০২৭ সালের শেষ নাগাদ তাদের হাইড্রোকার্বন ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার কৌশলের ফলে জ্বালানি নিরাপত্তার সুরক্ষা বলয়টি আর নেই। বিকল্প বাজারগুলোতে বিকল্প উৎসের সন্ধান করা কেবল দামই বাড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, ‘ইউরোপ তার আশপাশের অঞ্চলের যেকোনো অস্থিরতার দ্বারা প্রভাবিত হয়; আগে রাশিয়ার সরবরাহ এবং জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপের সমন্বয়ে সেই প্রভাব সামাল দেয়া সম্ভব হতো’।
‘ইনস্টিটিউট ফর এনার্জি অ্যান্ড ফাইন্যান্স ফাউন্ডেশন’-এর গবেষণা পরিচালক আলেক্সি বেলোগোরিয়েভ জোর দিয়ে বলেন যে, বিশ্বের সব অঞ্চলেই জ্বালানির মূল্য সংকটের কারণগুলো অভিন্ন হলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটি প্রধান কারণ হলো অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি থেকে প্রাপ্ত অত্যধিক মুনাফা। এর ফলে অভ্যন্তরীণ বাজারের জন্য নির্ধারিত জ্বালানি রফতানির দিকে চলে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, অন্যদিকে ইউরোপ হলো জ্বালানি আমদানিকারক অঞ্চল। অর্থাৎ পরিস্থিতি শুরুর দিক থেকেই এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এ বিশেষজ্ঞ আরো বলেন, ইউরোপীয় দেশগুলো মূলত কয়েক দশক ধরে যাত্রীবাহী যানবাহনে ‘ডিজেল-নির্ভরতা’ (ডিজেলাইজেশন) বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি-সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করার পরিণাম ভোগ করছে। বেলোগোরিয়েভ জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয় অঞ্চলেই এ সংকট নিয়ে জনমনে একই ধরনের ধারণা থাকলেও ইউরোপীয় ভোক্তাদের ওপর এর অর্থনৈতিক প্রভাব অনেক বেশি তীব্র।
বাড়ছে মূল্যস্ফীতির চাপ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রভাবে ইউরোপে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউরোপীয় কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নজুড়ে গাড়িতে জ্বালানি ভরার গড় খরচ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
১৭ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পেট্রোলের গড় দাম ছিল প্রতি লিটারে ২.৬ ইউরো এবং ইউরোজোনে ২.১২ ইউরো। ২০০৫ সালে ইউরোপীয় কমিশনের বর্তমান ধারার তথ্য সংগ্রহ শুরুর পর এটিই উভয় জ্বালানির সর্বোচ্চ গড় মূল্য। ৫০ লিটারের একটি ট্যাংক পেট্রোলে ভরতে গড়ে প্রায় ১০৩ ইউরো এবং ডিজেলে প্রায় ১০৮ ইউরো খরচ হচ্ছে।
দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্ন, পরিবহন ঝুঁকি এবং পরিশোধন ব্যয় বৃদ্ধিকে উল্লেখ করা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম কমলেও তা সরাসরি পাম্পের দামে প্রতিফলিত হচ্ছে না। কারণ অপরিশোধিত তেল থেকে পেট্রোল-ডিজেল তৈরির রিফাইনিং মার্জিনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের বিশেষজ্ঞদের ধারণা, ডিজেলের রিফাইনিং মার্জিন অক্টোবর পর্যন্ত আরো বাড়তে পারে।
দেশভেদে পরিস্থিতির পার্থক্যও স্পষ্ট। ১৪ সেপ্টেম্বর পেট্রোলের দাম মাল্টায় সবচেয়ে কম—প্রতি লিটার ১.৩৪ ইউরো। বিপরীতে ডেনমার্কে তা ২.৫৬ ইউরোতে পৌঁছেছে। ডিজেলের দাম মাল্টায় ১.২১ ইউরো, আর ফিনল্যান্ডে ২.৫১ ইউরো।
ফ্রান্সেও জ্বালানির দাম নতুন রেকর্ড করেছে। রোববার দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি লিটার ২.৪১ ইউরোতে ওঠে। একই দিন সবচেয়ে বেশি ব্যবহৃত আনলেড-৯৫ পেট্রোলের দাম ২.১৭ ইউরোর ওপরে ছিল। নেদারল্যান্ডসেও পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। ১৭ সেপ্টেম্বর দেশটিতে বড় তেল কোম্পানিগুলোর প্রস্তাবিত গড় পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৭২৬ ইউরোতে পৌঁছে। ডিজেলের দামও ২.৭৭৭ ইউরোতে ওঠে।
এদিকে শুধু সড়ক পরিবহন নয়, বিমান চলাচলের জ্বালানি নিয়েও ইউরোপে উদ্বেগ বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের চতুর্থ প্রান্তিকে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি দৈনিক প্রায় ৫ লাখ ১০ হাজার ব্যারেল হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদ্বৃত্ত সরবরাহের পূর্বাভাস রয়েছে।
ঘাটতি মোকাবিলায় ইউরোপ নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ দূরবর্তী উৎস থেকে জেট ফুয়েল আমদানি বাড়িয়েছে। দক্ষিণ কোরিয়াও বড় সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে জেট ফুয়েল আমদানি দৈনিক প্রায় ১ লাখ ২৯ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা ২০২২ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।
জ্বালানির এ মূল্যবৃদ্ধি ইউরোপের মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপের কয়েকটি দেশে ইতোমধ্যে জ্বালানি ব্যয় কমাতে সরকারি সহায়তা ও করনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্র: ইউরোপীয় কমিশন, ভেদোমোস্তি, রয়টার্স, এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। প্রকাশিত নোটিশ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১ সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সকল শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় কেবল উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণের (ফরম ফিল-আপ) সুযোগ পাবে। পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে কোনোভাবেই ফরমপূরণের সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা স্বাক্ষরিত নোটিশে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শতভাগ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্ত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ড. আবদুল মঈন খান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।"
তিনি আরও বলেন, "সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।"
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, "দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, "আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, "দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন কাজী সাজ্জাদ (৩৫) নামের এক যুবক। গুলিবিদ্ধ সাজ্জাদ, টুটপাড়া জোড়াকল বাজার এলাকার কাজী কামালের পুত্র। তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর টুটপাড়া এলাকায় একটি মসজিদের কাছে এই ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টুটপাড়া বাজারে ডেলিভারি দিতে যাওয়ার সময় সাজ্জাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। দুর্বৃত্তরা প্রথমে কাজী সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং পরে একাধিক গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার ডান পায়ে লেগেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ