০১:১৯ পি.এম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার সকালে, কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে ১০ জন আসামিকে হাজির করা হয়। তবে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ১২টা ১ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন নির্ধারিত রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছে।
আরও পড়ুন: পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী
ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিদের মধ্যে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
প্রিজন ভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্যান্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখে গাম্ভীর্য দেখা যায়। তবে শামসুল হক টুকুর মুখে ছিল স্বাভাবিক হাসি।
গত ১২ নভেম্বর, মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে খেলাপি ঋণ আদায়ে সক্ষমতা বেড়েছে, তবে বাংলাদেশ এখনো শিখছে
এ মামলায় দুটি অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন