ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংককে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস ও ভেজথানি হাসপাতাল


ব্যাংককে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস ও ভেজথানি হাসপাতাল

থাইল্যান্ডের ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস এবং দেশটির প্রসিদ্ধ ভেজথানি হাসপাতালের যৌথ উদ্যোগে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে একটি বিশেষ স্মরণ ও সংহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১১:৩০ মিনিটে ভেজথানি হাসপাতালের এসডি বিল্ডিংয়ের ৭ম তলায় (SD Building 7th Floor) অবস্থিত অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র জুলাই বিপ্লবের শহিদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালনের পর, অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসাধীন বেশ কয়েকজন আহত যোদ্ধা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগ সহকারে আহত যোদ্ধাদের এই বক্তব্য ও বীরত্বগাথা শোনেন।

আরও পড়ুন: ​মিথ্যা মামলায় সাংবাদিক জয়নালকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে মানববন্ধন

অনুষ্ঠানে থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভেজথানি হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র জুলাই বিপ্লবের চেতনা ও শহিদদের স্মরণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বর্তমানে ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন সম্মানিত আহত জুলাই যোদ্ধা (বিপ্লবী) এবং তাঁদের সাথে থাকা পরিচর্যাকারীদের (অ্যাটেন্ডেন্ট) উপস্থিতি ও সংহতি কামনা করা হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহত বীর যোদ্ধাদের মানসিক ও নৈতিক মনোবল দৃঢ় করতে এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। उक्त অনুষ্ঠানে আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তার অগ্রগতি এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।

আরও পড়ুন: রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম হোসেন মোল্লা।

শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদ যোদ্ধা এমদাদুলের মা হাসিনা বেগম। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা রাফসান ইয়াদ বক্তব্য দেন।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মালাদ জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তানভীর জিয়া রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন কিরণ।

বক্তারা বলেছেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুসাইব বিল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে জুলাই শহীদ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


গৌরীপুরে জুলাই শহীদ দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে শহীদ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাইয়ের শহীদদের এবং তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, নিহত, আহতদের পরিবারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইবার হামলার শিকার, গোপন নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইবার হামলার শিকার, গোপন নথি ফাঁস

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলামের সুরক্ষা-সংশ্লিষ্ট হাজার হাজার গোপন ফাইল ও নকশা এক ভয়াবহ সাইবার হামলার মাধ্যমে ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে।

এই বিদ্যুৎকেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এর ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ তাদের সার্ভারে আংশিক তথ্য চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা এ বিষয়ে দেশটির সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

‘ওয়ার্ল্ড লিকস’ নামের একটি কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ এই সাইবার হামলার পেছনে রয়েছে বলে জানা গেছে। এই দলটি এর আগে টাটা গ্রুপ ও নাইকির মতো বড় বড় প্রতিষ্ঠানে সাইবার হামলা ঘটিয়েছে।

একজন স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক দেয়া তথ্যে উল্লেখ করেছেন, ডার্ক ওয়েবে প্রায় ১৪.৩ গিগাবাইট আকারের প্রায় ১৯ হাজার স্পর্শকাতর ফাইল ও ব্লুপ্রিন্ট ফাঁস করা হয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর পারমাণবিক শক্তি সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে নির্মাণাধীন ৩ ও ৪ নম্বর ইউনিটের ভেন্টিলেশন ও কুলিং সিস্টেমের নকশা অন্তর্ভুক্ত রয়েছে। এই সঙ্গে ‘কমন কন্ট্রোল রুম’-এর ফ্লোর লেআউটও রয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রটির যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা, বিভিন্ন পরিদর্শন প্রতিবেদন এবং কোনো সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ১১২ মিলিয়ন ডলারের একটি বিমা পলিসির নথিও এতে রয়েছে।

তবে, ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন একটি বিবৃতিতে জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যগুলো সাধারণ পরিষেবা-সংক্রান্ত এবং মূল পারমাণবিক নিরাপত্তাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।

আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক চুল্লির মূল ব্যবস্থার তথ্য সুরক্ষিত থাকলেও, এই নকশা ও ফাইলগুলোর মাধ্যমে অপরাধী চক্র বিদ্যুৎকেন্দ্রের দুর্বলতা ও নিরাপত্তাব্যবস্থা সহজেই চিহ্নিত করতে সক্ষম হতে পারে। এটি সামগ্রিক নিরাপত্তার জন্য একটি মারাত্মক ঝুঁকি।

ভারতে সাম্প্রতিক সময়ে করপোরেট সেক্টরে সাইবার হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং বহু প্রতিষ্ঠানই এই ধরনের হুমকি মোকাবিলার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

এর আগে, ২০১৯ সালেও উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠীর দ্বারা ম্যালওয়্যার ব্যবহার করে এই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সাইবার হামলার শিকার হতে হয়েছিল। বর্তমানে সরকারের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন এই মারাত্মক তথ্য ফাঁসের ঘটনার তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো জুলাই শহীদ দিবস

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

আলোচনা সভায় শহীদ হোসাইনের মা, আবেগঘন বক্তব্যে বলেন, "আমার ছেলের হত্যার বিচার এখনো হয়নি। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।"

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, "শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে। আহতদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে।" তিনি আরও উল্লেখ করেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।"

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নিয়াজুল করীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%