ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাহাড়ি রোদ ও শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল


পাহাড়ি রোদ ও শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল

॥ সৈকত দাশ ॥

বান্দরবান, ১৮ নভেম্বর ২০২৬ : হেমন্তের সময় শেষ হতে না হতে বান্দরবানের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রকাশ পেতে শুরু করেছে। ভোরের সূর্যোদয় থেকে গোধূলি বিকেলের আলোতে প্রকৃতি এক অনন্য রূপে সজ্জিত হয়ে ওঠে। পাহাড়ি রোদ এবং শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল দৃশ্যমান হয়। আবার গোধূলি বিকেলে প্রকৃতি সোনালী রঙের মাধুর্যে ধরা দেয়।

যখন সূর্য গোধূলির রঙে পশ্চিম আকাশকে রাঙিয়ে বিদায় নেয়, তখন দিগন্তজুড়ে ধোঁয়াশা নামতে শুরু করে। ধীরে ধীরে কুয়াশার চাদরে ঢেকে যায় পাহাড়ের পর পাহাড়। কিছুক্ষণ আগে যা স্পষ্ট দেখা যাচ্ছিল, তা মুহূর্তেই কুয়াশার আড়ালে হারিয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে প্রকৃতিতে এক ভিন্ন ধরনের নীরবতা নেমে আসে।

আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন

এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি জনপদে। ঢাকার গাজীপুর থেকে আসা সাইফুল ইসলাম বাসস’কে জানান, "পাহাড়ে ভোর দেখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি। সবে মাত্র আসলাম মিলনছড়িতে। পাহাড়ের মাঝখানে বয়ে গেছে সাঙ্গু নদ। চারপাশে কুয়াশায় আচ্ছন্ন পাহাড়। আবছা দেখাচ্ছে নদ। এ যে অপরূপ সৌন্দর্য।"

মিলনছড়ি থেকে সামনের দিকে পা বাড়াতেই রাজশাহী থেকে আসা পর্যটক কামরুল ইসলামের সাথে কথা হয়। তরুণ এই পর্যটক বলেন, "কুয়াশায় রাস্তাগুলো অদৃশ্য মনে হচ্ছে। বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে। বাতাসে হালকা ঠাণ্ডা। প্রকৃতিটা এখনো অনেকটা সবুজ। হাল্কা ঠাণ্ডা উপেক্ষা করে রাস্তার দুপাশের ফলজ বাগানে কাজ করছেন অনেকে। এ সময় পাহাড়ের প্রকৃতিটা উপভোগ করার জন্যই এখানে আসি।"

দিনের কাজ শেষ করে ঘরে ফিরতে শুরু করেন রাখাল, কৃষক ও শ্রমজীবী মানুষ। রাত আটটা বাজতেই পাহাড়ি জনপথ অনেকটা ফাঁকা হয়ে যায়। চারপাশে তখন শুধুমাত্র ঝিঁঝি পোকার গুঞ্জন এবং দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক শোনা যায়। নির্জন পাহাড়ের মাঝে থাকা ছোট ছোট টংঘর কিংবা চায়ের দোকানে রাত অবধি আড্ডায় মেতে থাকা মানুষগুলোকেও এখন দ্রুত ঘরে ফিরতে দেখা যায়। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা যেন বদলে দিচ্ছে পাহাড়ি জনপদের পরিচিত জীবনযাত্রা।

রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফুটতেই প্রকৃতি নতুন রূপে সাজে। পাহাড়ের ঘাস, লতাপাতা এবং গাছের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশিরকণা যেন একেকটি ঝলমলে মুক্তো। কুয়াশার ফাঁক গলে সূর্যের আলো পড়তেই সেগুলো চিকচিক করে ওঠে। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ ও মায়াবী সৌন্দর্য।

আরও পড়ুন: সাদা না বাদামি চিনি: কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

সকালের রোদ একটু উজ্জ্বল হতেই পাহাড়ি গ্রামগুলো থেকে ধীরে ধীরে কুয়াশার চাদর সরে যায়। শুকিয়ে আসে ভেজা পথঘাট। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুও রোদের উত্তাপে হারিয়ে যায়। প্রকৃতির সেই স্নিগ্ধ সকাল পেরিয়ে আবারও শুরু হয় কর্মব্যস্ততা। দা-কাঁচি হাতে, মাথায় থুরং নিয়ে পাহাড়ের পথে বেরিয়ে পড়েন নারী-পুরুষ। কেউ যান জুম ক্ষেতে, কেউ বাগানে, আবার কেউ জীবিকার সন্ধানে ছুটে চলেন।

ভোরের বাতাসে হালকা শীতের অনুভূতি থাকলেও এখনো কনকনে ঠান্ডায় কাঁপতে হচ্ছে না কাউকে। তবে সকাল ও সন্ধ্যার আবহে শীতের উপস্থিতি প্রকৃতিতে জানান দিচ্ছে।

এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে দেখা যাচ্ছে। ভোরের শিশিরভেজা প্রকৃতি এবং গোধূলির কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা ছুটে আসছেন।

ভোরের আলো ফুটতেই দলবেঁধে মোটরসাইকেল নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। কোথাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ-কুয়াশার খেলা দেখছেন। আবার কোথাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। কেউ কেউ পাহাড়ি পথের ধারের ছোট চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডায় বসছেন। ধোয়া ওঠা এক কাপ চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করছেন পাহাড়ের স্নিগ্ধ সকাল।

আরও পড়ুন: ক্লান্তিতে মিষ্টি খাবারের আকর্ষণ, জানালেন চিকিৎসক বিনয়া ভান্ডারি

পাহাড়ের এই রূপ ক্ষণিকের। সূর্যের আলো বাড়ার সাথে সাথে মিলিয়ে যায় কুয়াশা। হারিয়ে যায় শিশিরের ঝিলিক। কিন্তু প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য পর্যটকদের মনে রেখে যায় অন্যরকম এক অনুভূতি। পাহাড়ের নীরবতা, কুয়াশার চাদর এবং শিশিরভেজা সকালের টানেই বারবার বান্দরবানে ফিরে আসেন প্রকৃতিপ্রেমীরা।

ব্যবসায়ীরাও বসে নেই। শীতে তারা কর্মব্যস্ত। পর্যটকদের উপস্থিতিতে বেচা কেনা জমজমাট থাকে। শীতকালীন ব্যবসাকে কেন্দ্র করে সকাল থেকে পর্যটনস্পটগুলোতে পসরা সাজিয়ে বসেন বম তরুণ তরুণীরা।

বাসসের সাথে আলাপাকালে তরুণী লাল কিম বম জানান, "এখন পর্যটন মৌসুম। সকাল থেকে পর্যটকরা আসছেন পর্যটন স্পটগুলোতে। শীত মৌসুমকে উপভোগ করার জন্যই মূলত পর্যটকরা এখানে আসেন। গামছা, কম্বল, রুমাল, গায়ের শাল, টুপি, ওড়না এবং বিছানার চাদরসহ বিভিন্ন পোশাক তারা এখান থেকে কিনে নিয়ে যান।"

আরও পড়ুন: বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সভায় শীতজনিত রোগ প্রতিরোধের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সভায় শীতজনিত রোগ প্রতিরোধের আলোচনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের নিয়ে শীতজনিত রোগ সম্পর্কিত একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে শীতের আগমনী বার্তায় সম্ভাব্য রোগগুলো থেকে নিজেদের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আজ বুধবার উপজেলার দুলগাঁ পিএস ক্লাব মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় শীত মৌসুমে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর ও গরম খাবার গ্রহণ করা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতিতে পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়টি সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়।

সভায় বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময়ে জ্বর, কাশি ও ডায়রিয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে। তাই বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্ব দিতে হবে।

উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন বলেন, শীতের শুরু থেকেই প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরিধান করতে হবে। পরিবারের শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তাদের গরম ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য বেলাল হোসেন, গোলাম রব্বানী, সুকদেব সাহা, শিমুল সৌরভ, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, রেজাউল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ার হোসেন মঞ্জু আবারও ইত্তেফাকের প্রকাশনার দায়িত্বে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


আনোয়ার হোসেন মঞ্জু আবারও ইত্তেফাকের প্রকাশনার দায়িত্বে

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাংলা দৈনিক ইত্তেফাকের প্রকাশক পদে পরিবর্তন ঘটেছে। নতুন প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ রাজনীতিক এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পূর্বে এই দায়িত্ব পালন করছিলেন তার মেয়ে তারিন হোসেন। তারিনের আবেদনের প্রেক্ষিতে প্রকাশক পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তারিন হোসেনের আবেদন গ্রহণের বিষয়টি প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশনার দায়িত্বে ফিরলেন আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে, তিনি ইত্তেফাকের সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

উল্লেখ্য, ১৯৫৩ সালে দৈনিক হিসেবে যাত্রা শুরু করে ইত্তেফাক। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে পত্রিকাটির অবদান গুরুত্বপূর্ণ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি পলাতক শক্তিকে সতর্ক করে বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সমালোচনা করে, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তাঁরাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।

রিজভী উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। তিনি ১৯৫৭ সালেই বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।

রিজভী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট সরকার ইসিকে কবজায় নিয়ে তিন বিতর্কিত নির্বাচন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


ফ্যাসিস্ট সরকার ইসিকে কবজায় নিয়ে তিন বিতর্কিত নির্বাচন করেছে

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে ক্ষমতা খর্ব করেছিল। শুধু তাই নয়, সরকারের তোষামোদ করতে গিয়ে নির্বাচন কমিশন নিজেই কর্তৃত্ব কমিয়ে ফেলেছিল। বিশ্লেষকদের মতে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এর প্রভাব পড়েছিল। ফ্যাসিস্ট শক্তির অন্যায়ভাবে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। পাশাপাশি, আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট গ্রহণ করে ঘরে ঘরে বিভেদ তৈরি করেছে।

নির্বাচন কমিশন কতটা স্বাধীন, এই প্রশ্নটি সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে তাড়া করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনপ্রক্রিয়া ও ব্যবস্থা নিয়ে মতবিরোধই এর প্রধান কারণ। তবে শেখ হাসিনার সরকার ক্ষমতা কমিয়ে নির্বাচন কমিশনকে পুরোপুরি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে—এমন মত অনেকের।

আওয়ামী শাসনামলে গাইবান্ধা-৫ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে কাজী হাবিবুল আউয়ালের কমিশন ভোট বাতিল করে। এরপর আরপিও থেকে পুরো আসনের ভোট বাতিলের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মতিয়ুর রহমান মন্তব্য করেছেন, "নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা কিছুটা হলেও খর্ব করা হয়েছে।" তিনি আরও বলেন, "তড়িঘড়ি করে অযোগ্য কেউ যদি আইনের মারপ্যাঁচে নির্বাচিত হয়ে যেতেন, তাৎক্ষণিকভাবে কমিশনের কিছু করার থাকত না।"

২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে পুরো নির্বাচনব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে রাখতে আইন বদলে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষমতা কেড়ে নেয় সরকার। ডিসি-ইউএনওদের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয় ভোটকেন্দ্র।

মতিয়ুর রহমান বলেন, "বিধি মোতাবেক নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভোটকেন্দ্র চূড়ান্ত করতেন। ২০২৪ সালের নির্বাচনের আগে হঠাৎ করেই একটি কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন।" কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%