মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৪০ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলামের বসতবাড়ি ও ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান রাতের আঁধারে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম ২০১৯ সালে সংশ্লিষ্ট জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। পাশাপাশি বসতবাড়ির সামনের অংশে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণ করে তা ভাড়া দেন। গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহমান খলিফার ছেলে সিদ্দিক খলিফা ও আবুল বাশার খান সেলিমের ছেলে তারেক খান রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠি গ্রামের মৃত ফখরুদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাছির ওরফে কালা নাছিরসহ ৫-৭ জন ব্যক্তি সেখানে যান।
তারা ভবনটিতে থাকা ভাড়াটিয়াদের বের করে দেন এবং সামনের দোকানের তালা ভেঙে সৈয়দ মোজাম্মেল নামে এক ব্যক্তিকে সেখানে ব্যবসা করার জন্য বসিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১নং ওয়ার্ডে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১১টায় ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন আলী, আখলেছুর রহমান সাজিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহ, ২নং ওয়ার্ড যুবদল (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন, আল ফারাবি রাজ ও রকিসহ প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এই বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্বিকভাবে সহযোগিতা করেন ১নং ওয়ার্ড যুবদল (পূর্ব)-এর যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ।
রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আয়োজক ও স্কুলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে সিরিয়া জানিয়েছে যে, পূর্বাঞ্চলের একটি গ্যাস পাইপলাইনে নাশকতার কারণে আগের রাতে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগে যায়। এই আগুনের সূত্রপাত ঘটে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হওয়ার কারণে, যা নাশকতার ফলস্বরূপ ঘটে।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। সানার প্রতিবেদনে সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘আগুনের কারণে আল-জাবসাহ প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’
এটি এমন একটি সময়ে ঘটেছে, যখন দেশজুড়ে সিরীয়রা জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। কর্তৃপক্ষ এই মূল্যবৃদ্ধির জন্য আঞ্চলিক যুদ্ধকে দায়ী করেছে।
চলতি মাসের শুরুতে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে সিরীয়রা দেশজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটি প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করত। তবে আল-বশিরের মতে, বর্তমানে গ্যাস উৎপাদন কমে ৮৫ লাখ ঘনমিটারে দাঁড়িয়েছে।
দেশটির দৈনিক গ্যাসের চাহিদা ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনমিটারের মধ্যে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কোনো শুটিং স্পটে যেতে হবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করার প্রয়োজন নেই, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপনার চেহারা দিয়ে তৈরি করা হবে অভিনয়ের চরিত্র। আর এই কাজের মাধ্যমে আপনি অর্জন করবেন মোটা অঙ্কের অর্থ। চীনের সাধারণ মানুষ নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনে সাধারণ মানুষ এখন সত্যি সত্যিই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে।
জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুসারে এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়ে নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন।
বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে ভাবা, সে কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার।
চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ।
চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।
এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে লোকমান হোসেন (৫০) নামে এক ব্যক্তির। এ ঘটনায় দিরু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীরও প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (জেসন গেট) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, নিহত মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায় অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন লোকমান হোসেন। হঠাৎ করে দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে আঘাত করে। পরে লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) মেয়ের বিয়ের জন্য লোকমান হোসেনের বাড়িতে প্রস্তুতি চলছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বর পক্ষেরও তাদের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যুতে মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।
অন্যদিকে, নিয়ন্ত্রণ হারানো মাছবাহী ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। ফলে গাড়ির চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মাছ ব্যবসায়ী দিরুরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যান।
ওসি শাহাবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ