মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
০৮:৫৪ পি.এম
জামালপুর সদরের কামালখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সহ-সভাপতি জামালপুর জেলা বিএনপির মাওলানা কাজী মোঃ মসিউর রহমান।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের মানবিক দায়িত্ব। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।
এ সফরে তাঁর সঙ্গে তিতপল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহস ও সান্ত্বনা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় ব্যবসায়ীরা এ সময় তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাওলানা কাজী মোঃ মসিউর রহমান ও বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নের পাহাড়ে হরিণ শিকার করার সময় জমিল উদ্দিন নামে এক ব্যক্তি শিকারিদের গুলিতে নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে।
নিহত জমিল উদ্দিন (৫০) খিরাম ৮নং ওয়ার্ডের বালি বাপের বাড়ীর মৃত তোফায়েল আহমেদের পুত্র ছিলেন। তিনি পরিবারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, “শিকারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।”
সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, সর্তা বিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। বিশেষ করে সেখানে গোপনে শিকারিরা মাঝে মাঝে হরিণ শিকার করে। আজ (শনিবার) হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খাঁন জানান, “আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে নৌপুলিশের মামলা হওয়ার পর শনিবার (৬ জুন) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হয়েছি যারা, তারা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসচালক মো. ঝন্টু আলী (৪৮), কুষ্টিয়ার সুগ্রীবপুর এলাকার সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮) এবং আলামপুর এলাকার হেলপার শাকিব হোসেন (২২)।
বিষয়টি জানালেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনাটি ঘটে। ওই রাতেই দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন।
ওসি সফিকুল জানিয়েছেন, শুক্রবার সকালে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ৭ নম্বর ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিঘাটে পৌঁছায়। সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য চালককে নির্দেশ দেন নৌপুলিশ ও বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্দেশনা মেনে যাত্রীরা বাস থেকে নামেন এবং পায়ে হেঁটে ফেরির দিকে যেতে থাকেন। এরপর কিছুক্ষণ পর চালক ঝন্টু আলী বাসটি স্টার্ট করে বেপরোয়া ও অবহেলামূলকভাবে চালাতে শুরু করেন। নির্ধারিত ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর'-এ না তুলে বাসটি দ্রুতগতিতে পন্টুন অতিক্রম করে সেখানে অবস্থানরত 'করবী অক্সফ্যাম' ফেরিতে উঠে যায়। এরপর ফেরিটির শেষ প্রান্তের র্যাম্পে সজোরে ধাক্কা দিলে র্যাম্পের শিকল ও ছিটকিনি ছিঁড়ে গিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
ওসি সফিকুল আরো জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার কিছু আগে সুপারভাইজার ও হেলপার লাফ দিয়ে ফেরিতে নেমে যান। অন্যদিকে চালক সাঁতরে পন্টুনের কাছে যাওয়ার চেষ্টা করেন। পরে নৌপুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর দক্ষিণখানের তুরাগ নদীতে মো. লোকমান সরদার (৩৮) নামের একজন উবার চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়ার ঘটনার রহস্যটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদঘাটন করেছে।
মূলত, প্রাইভেট কার ছিনতাইয়ের উদ্দেশ্যে ‘হানিট্র্যাপে’ ফেলে ওই চালককে ডেকে আনা হয় একটি অপরাধী চক্রের মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন একজন চাকরিচ্যুত সেনাসদস্য।
এই ঘটনায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর মূল আসামি সহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম হলো—চাকরিচ্যুত সেনাসদস্য মো. এস এম সালমান (২৯), মো. আদিব ইসলাম (১৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আর্নবা মীম (২১) এবং মো. সবুজ মিয়া (৩৫)। তাদের মধ্যে সালমান ও আদিবকে কক্সবাজার সদর থেকে, মীমকে ঢাকা খিলক্ষেত থেকে এবং সবুজ মিয়াকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় ছিনতাই হওয়া প্রাইভেট কারটি গাজীপুরের গাছা এলাকায় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল পরিকল্পনাকারী সালমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন সংস্থাটির অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান।
তিনি জানান, গত ১ জুন উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ রাজাবাড়ী ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায় তার নাম লোকমান সরদার, যিনি পেশায় উবার চালক। তাকে টঙ্গীর পাখির বাজার এলাকায় হত্যা করার পর লাশটি তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি হানিট্র্যাপ চক্র জড়িত রয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, গত ২৬ মে রাতে এই চক্রটি পাখির বাজার বস্তি এলাকায় মাদকসেবন করে। ভোরে তারা একটি উবার ডাকে এবং সালমান ও মীমসহ তিনজন লেকসিটির কনকর্ড টাওয়ার এলাকায় চলে যান। সেখান থেকে মীম গাড়িটি ২ হাজার ৫০০ টাকায় ভাড়া নিয়ে সাভারের উদ্দেশ্যে যান। ফিরে আসার পর তারা সেই গাড়িটি ছিনতাই করার পরিকল্পনা করে।
তিনি আরও জানান, চক্রটি ৩০ মে মধ্যরাতে মীমকে দিয়ে লোকমানকে ফোন করায় এবং হানিট্র্যাপে ফেলে টঙ্গীর পাখির বাজার এলাকায় ডেকে আনে। লোকমান সেখানে আসার সঙ্গে সঙ্গে চক্রের সদস্যরা তাকে ধরে মারধর শুরু করে। তারা মিথ্যা অভিযোগ তোলে যে—সাভার যাওয়ার দিন মীম এর কাছ থেকে লোকমান ১ লাখ ৭৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে। একপর্যায়ে বাধ্য হয়ে লোকমান বিভিন্ন জায়গায় ফোন করে ১০ হাজার টাকা সংগ্রহ করে দেন। তার সঙ্গে থাকা নগদ টাকাও চক্রটি নিয়ে নেয়। এরপরও মারধরের ঘটনায় লোকমান মারা যান এবং পরে মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়।
চক্রের হোতা সালমান সম্পর্কে পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এস এম সালমান একসময় সেনাবাহিনীর সদস্য ছিলেন। তবে বিভিন্ন অপকর্মের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপরই সে অপরাধ জগতে জড়িয়ে পড়ে। মীম ও সালমান নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিতেন, যদিও বাস্তবে তারা স্বামী-স্ত্রী নন।
অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান জানান, সালমানের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলাও হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকার নিয়েছে। স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে এ উদ্যোগ নেয়া হয়েছে, যার উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া।
এ লক্ষ্যে সম্প্রতি, ৩ জুন, স্বাস্থ্য অধিদফতর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেছে। অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে সই করেছেন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাইর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে একটি পরিদর্শন দল।
নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। একইসঙ্গে পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার পরিধি বাড়বে। এতে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত সেবার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে। রোগীদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করে জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও কমে আসবে।
অফিস আদেশটির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থায় প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইমেইলের মাধ্যমেও নির্দেশনাটি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ