০৫:২৮ পি.এম
শিশু আইন বিষয়ক একটি সেমিনার আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন এসএআরসি প্রকল্প এবং রাবির আইন বিভাগ যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ছিলেন। আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস এম আসাদুল আলম উপস্থিত ছিলেন। রাবি আইন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ-এর শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন। সেমিনারে বক্তব্য দেন জাস্টিস ফর চিলড্রেন-এর জাতীয় বিশেষজ্ঞ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিশু আইন, ২০১৩-এর বিধি ও বাস্তবায়ন বিষয়ে অতিরিক্ত সচিব এস এম আরশাদুল আলম, আন্তর্জাতিক মানদণ্ডে শিশু অধিকার বিষয়ে রাবি আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান এবং শিশু আইন, ২০১৩-এর প্রয়োগের বিষয়ে জাস্টিস ফর চিলড্রেন-এর প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম। এছাড়া, জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের বিষয়ে জাস্টিস ফর চিলড্রেন-এর আবু হেনা মোস্তফা কামাল অডিও ভিজ্যুয়াল মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সেমিনারে রাবির আইন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আইনজীবীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন