শিবচর উপজেলা প্রতিনিধি মোঃআসাদুজ্জামান (মাদারীপুর)
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৫ পি.এম
মাদারীপুরের শিবচরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিজু মিয়া (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের বড় নিলক্ষী গ্রামের বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার যাদুয়ার চর গ্রামের আপন সরদার,পিতাঃসেলিম সরদার, ইমন সরদারসহ পিতাঃসেলিম সরদার ৪-৫ জন এলাকায় মাদক ব্যবসা করে এবং চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শিবচর থানাধীন যাদুয়ার চর সাকিনের ব্রিজের সামনে পৌঁছালে বিবাদীরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
ভুক্তভোগীর দাবি, এ সময় রিজু মিয়ার কাছে থাকা মিস্ত্রীদের বেতনবাবদ নগদ ৫১,৩০০ টাকা এবং হাতে থাকা ৪ আনা ওজনের স্বর্ণের আংটি, যার আনুমানিক মূল্য ৫৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে উক্ত ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান শিবচর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশ একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগরের সামনে পুটিয়া এলাকায় ঘটেছিল।
আটকদের মধ্যে রয়েছে হোমনা পূর্বপাড়া এলাকার সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের মো. শাহীন হাসান শুভ, ওপারচর গ্রামের সাইদুর রহমান (৪৫), ভবানিপুর গ্রামের বাদল মিয়া (৪১), কারারকান্দি গ্রামের ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০) ও শামীম (২২), শিবপুর গ্রামের ইয়াসিন (২০), মাহবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯) ও মো. হাসান (২১), ভবানিপুর গ্রামের মো. সারমিন শাহ (৩২), কারারকান্দি গ্রামের ছোটন (২১) এবং আসাদপুর গ্রামের মামুনুর রহমান (৫০)। আটকদের সবাই পার্শ্ববর্তী হোমনা উপজেলা ও পৌর এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে নাশকতা রোধে পুলিশের কয়েকটি দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। এ সময় ছাত্রলীগের কর্মীদের দুটি মাইক্রোবাস থেকে নামতে দেখা যায় এবং তারা মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিল।
পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের যৌথ প্রচেষ্টায় একটি হাইস মাইক্রোবাসসহ ১৬ জনকে আটক করা সম্ভব হলেও অপর মাইক্রোবাসে থাকা অন্যরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশটি প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে কর্মকর্তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) কার্যকর হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।
অবসরপ্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে কর্মরত প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন যুবকের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চনপুর- চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মোঃ শামিম (২২)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আব্দুল করিম তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার যাচ্ছিলেন। নির্মাণাধীন একটি ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে দু'জন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং দেশের কর্তৃপক্ষের মধ্যে গোপন যোগাযোগে ইমরান খানের পরিবারের সদস্যরা প্রথমবারের মতো সরাসরি জড়িত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এতে আগামী কয়েক দিনের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক যোগাযোগে কিছু অগ্রগতি ঘটেছে। এর অংশ হিসেবে ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে দুই পক্ষের মধ্যে আলোচনা বৃদ্ধির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, দৃশ্যমান কিছু অগ্রগতি ঘটেছে। কারণ ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এই গোপন যোগাযোগে পিটিআইয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে যোগাযোগে অংশ নেওয়া কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ পর্যায়ে নিজেদের পরিচয় প্রকাশ করতে বা তাদের ভূমিকার কথা স্বীকার করতে রাজি নন।
যোগাযোগের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারবেন না।
ইমরান খানের ভগ্নিপতি আহাদ খানও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই গোপন যোগাযোগের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এই উদ্যোগের খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত, পাল্টাপাল্টি বক্তব্য ও কঠোর অবস্থান চললেও কার্যকর সমাধান আসেনি। বরং অচলাবস্থার কারণে পিটিআই নেতৃত্ব, ইমরান খানের পরিবার এবং কর্তৃপক্ষের সংকট আরও বেড়েছে।
উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইমরান খানের পরিবারের সদস্যদের যুক্ত হওয়ার ফলে যোগাযোগের নতুন পথ তৈরি হতে পারে। এতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনার সুযোগও বাড়বে। রাজনৈতিক বিরোধ আরও জটিল না করে আলোচনার মাধ্যমে বিতর্কিত বিষয়গুলোর সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
ইমরান খান ও তার পরিবারের সদস্যদের ঘিরে চলমান বিরোধগুলো বৃহত্তর রাজনৈতিক সংঘাতের অংশ হয়ে ওঠায় পরিবারের সদস্যদের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
চলমান যোগাযোগের চূড়ান্ত ফল কী হবে, তা এখনই বলা কঠিন। তবে অগ্রগতির খবর, বৈঠকের আয়োজন এবং তাৎক্ষণিক কিছু স্বস্তি পাওয়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই যোগাযোগকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়াই এখন মূল লক্ষ্য। এর মাধ্যমে পিটিআই ও কর্তৃপক্ষের মধ্যে বৃহত্তর সমঝোতার পথ তৈরি হতে পারে। উদ্যোগটি সফল হলে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত থেকে সরে এসে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সূত্র: জিও টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ