১০:৩৩ পি.এম
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন শহীদ পাড়ায় গাউছিয়া ট্রেডার্সের উদ্যোগে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবারের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আলোচিত ইসলামী বক্তা আল্লামা মাহবুবুল হক নূরে বাংলা।
মিলাদ ও কিয়াম শেষে তিনি বক্তব্যে বলেন, “তরুণ ব্যবসায়ী মো. শরীফ উদ্দিনের ডাকে সাড়া দিয়ে আজ এখানে এসেছি এবং মিলাদ-কিয়ামে শরিক হয়েছি।”
তিনি তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে বলেন, “আমাদের ঈমান-আমল সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন সন্তানকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করুন।”
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি বাতিলের দাবি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নূরে বাংলা বলেন, কেউ কেউ যুক্তি দিচ্ছেন — পূর্ববর্তী সরকার এ ছুটি দিয়েছিল, তাই ছুটি বন্ধ করতে হবে। তিনি এ যুক্তির সমালোচনা করে বলেন, কোনো সরকার কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করলেই যদি তা বাতিল করতে হয়, তবে একই যুক্তিতে তাদের আমলে নির্মিত বিভিন্ন সেতু, সড়ক ও অন্যান্য অবকাঠামোও বাতিল করতে হবে।
তিনি উদাহরণ টেনে আরও বলেন, “এক হাজার টাকার নোটে শেখ মুজিবের ছবি আছে — তাহলে সেই টাকাগুলোও ফিরিয়ে দিতে হবে।” এভাবে কোনো বিষয়ের মূল্যায়ন না করে তার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) প্রসঙ্গে আল্লামা নূরে বাংলা বলেন, “মিলাদুন্নবী একটি ইবাদত, যা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও আমরা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করব।”
মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন