ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠক


সৌদিতে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠক

সৌদি আরবে হুথিদের হামলার প্রেক্ষাপটে আগামী সপ্তাহে রিয়াদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এমজেডিএ)-এর অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, এমন তথ্য দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগিরই রিয়াদে অনুষ্ঠিত হবে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তা বাস্তবতা পর্যালোচনা করা হবে।’

তিনি আরও বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার পর জনসাধারণকে জানানো হবে।

আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়ে এমজেডএ স্বাক্ষর করে। এই তিন দেশের নিরাপত্তা কাঠামোকে সমর্থকরা একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যা যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, সামরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের কূটনৈতিক কার্যক্রম প্রসঙ্গে ইসহাক দার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ব্যাপক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় দেশটির প্রতিনিধিদল বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক, আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউএনজিএ ভাষণের বিষয়ে দার বলেন, তিনি ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাত, জম্মু ও কাশ্মীর এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ প্রসঙ্গেও পাকিস্তানের অবস্থান তুলে ধরেছেন।

দার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৭ বছর পর আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মতে, গত এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনা শেষে ১৮ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

তিনি বলেন, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব ঘিরে পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও পণ্যমূল্যের ওপর কীভাবে পড়ছে, তা প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন। এছাড়া, আর্থিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির মধ্যেও জনগণকে সহায়তা দিতে সরকার কিছু ত্রাণমূলক ব্যবস্থা অনুমোদন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের ভূমিকা

ইসহাক দার জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে পাকিস্তানের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। এ সময়ে দেশটি পরিষদের সভাপতিত্বও করেছে।

তার মতে, বহুপাক্ষিকতা ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে এগিয়ে নিতে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১২ বছর পর পাকিস্তানের উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া ইউরোপে জ্বালানি সরবরাহ বাড়াতে প্রস্তুত: উপপ্রধানমন্ত্রী নোভাক

ইউএনজিএর ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউএনজিএ চলাকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ মহাসচিব পাকিস্তান সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন।

এছাড়া কুয়েতের প্রধানমন্ত্রী, কেনিয়ার প্রেসিডেন্ট, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্সির চেয়ারম্যান, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

দার আরও জানান, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদল বৈঠক করেছে। পাশাপাশি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে।

ফিলিস্তিন প্রশ্নে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে জানান ইসহাক দার।

আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ নির্মাণের পরিকল্পনা

তিনি বলেন, পাকিস্তান মনে করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হলো দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে ইসলামাবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককপিটে মারাত্মক হামলা ও রক্তক্ষরণ: ফ্লাইদুবাইয়ের ‘বীর’ পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ককপিটে মারাত্মক হামলা ও রক্তক্ষরণ: ফ্লাইদুবাইয়ের ‘বীর’ পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

“মুহূর্তটির কথা মনে পড়লে, আমি বুঝতে পারি আমি নিজের জীবন রক্ষার জন্য লড়াই করছিলাম। রক্তে ভেসে যাওয়া শরীরে যখন আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল—আমি কি আর উঠে দাঁড়াতে পারব?” —এইভাবে দুঃস্বপ্নঘেরা মুহূর্তের স্মৃতি শেয়ার করছিলেন ফ্লাইদুবাইয়ের বীর পাইলট ক্যাপ্টিন স্মিত মাচ্ছার।

গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ ১০৭৩ ফ্লাইটে একটি ভয়াবহ ছিনতাইয়ের চেষ্টা ও বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল, যা প্রতিহত করেন ভারতীয় বংশোদ্ভূত এই পাইলট। সহ-পাইলটের নির্মম আক্রমণের শিকার হয়েও, শেষ মুহূর্তের সাহসিকতায় তিনি বিমানে থাকা শত শত যাত্রীর প্রাণ রক্ষা করেন।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন মাচ্ছার।

“একটি শেষ চেষ্টা!”

বিমানের ককপিটে সহ-পাইলটের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ক্যাপ্টেন স্মিতের। তিনি ককপিটের মেঝেতে পড়ে যান এবং অনুভব করেন বিমানটি নিচের দিকে হু হু করে নামছে।

মাচ্ছার বলেন, “মাটিতে পড়ে থাকা অবস্থাতেও সে আমাকে মারধর করছিল। কিন্তু আমি জানতাম, বিমানটি নিচে নেমে যাচ্ছে। সেই চরম মুহূর্তে নিজের ভেতরে এক প্রচণ্ড জোর এনে নিজেকে বললাম—‘স্মিত, আর একটি শেষ চেষ্টা! উঠে দাঁড়াও, দরজাটা তো তোমার হাতের কাছেই।’”

শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে ককপিটের ইমার্জেন্সি লক খুলে দেন তিনি। ককপিটের দরজা খুলতেই বাইরে থাকা যাত্রীরা ভেতরে প্রবেশ করেন এবং উগ্র রূপ নেওয়া হামলাকারী কো-পাইলটকে চেপে ধরেন।

স্মিত মাচ্ছার বলেন, “আমি আমার জীবনের জন্য লড়াই করছিলাম ঠিকই, কিন্তু একইসঙ্গে আমার মাথায় কাজ করছিল—আমি বিমানের কোনো মানুষকে এভাবে মরতে দিতে পারি না।”

পরিবার ও চিকিৎসাভাবনা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আকাশপথের পাইলট হয়ে ওঠা স্মিত বর্তমানে আবুধাবির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌদি আরবে জরুরি অবতরণের পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবুধাবিতে স্থানান্তর করা হয়। হাসপাতালে তার মেয়ে বাবাকে দেখতে এলেও, বাবার ক্ষতবিক্ষত শারীরিক অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার দুই বছরের ছোট ছেলে এখনো তাকে দেখতে পায়নি।

স্মিতের স্ত্রী সোনাল মাচ্ছার জানান, মারাত্মক মানসিকভাবে আঘাত পাওয়ার আশঙ্কায় পরিবার থেকে এখনো তাকে ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। তিনি মানসিকভাবে স্থির হলে নিজেই বিষয়টি প্রকাশ করবেন।

হামলাকারী সম্পর্কে যা জানা গেছে

হামলাকারী সহ-পাইলট একজন ওমানের নাগরিক। তাকে ইতোমধ্যে প্রাথমিক আটকস্থল সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী তদন্ত চলছে। আমিরাতের উচ্চপদস্থ কূটনৈতিক আনোয়ার গারগাশ ঘটনাটিকে এক ‘বিপজ্জনক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি ও মার্কিন সূত্রে দাবি করা হয়েছে, হামলাকারী ব্যক্তি চরমপন্থায় অনুপ্রাণিত হয়ে বিমানটি ধ্বংসের চেষ্টা করছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর গ্যাং তিন মাসের মধ্যে উৎখাতের ঘোষণা চিফ হুইপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


কিশোর গ্যাং তিন মাসের মধ্যে উৎখাতের ঘোষণা চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের কার্যক্রম সম্পূর্ণরূপে উৎখাত করা হবে। তিনি উল্লেখ করেন, কিশোররা আর অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না। তাদের বই-খাতা নিয়ে স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।

শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আরও বলেন, বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মবিং করছে, তারা বিগত শাসনামলেও এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের বের করে আনার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, সরকার কোনো হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী তৈরির ইচ্ছে পোষণ করে না। রাজনৈতিক দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছি।" সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন বার্তা দিয়েছে। অপরাধ করে কেউই পার পাবে না। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম নিজেদের ঘর থেকেই শুরু করা হয়েছে। তবে দেশের উন্নয়নের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি এবং জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিগত শাসন আমলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করত, তারাই বর্তমানে ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে।

তার মতে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। সন্ত্রাসীরা কেবল সন্ত্রাসী। কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: প্যারিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: প্যারিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন, যা শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, জীর্ণ ভবন এবং গুরুতর শিক্ষক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শুরু হয়েছে, তা এখন তীব্র হিংসাত্মক রূপ ধারণ করেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজপথে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। সংঘর্ষের ফলে দেশজুড়ে ৫০০টিরও বেশি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

প্যারিস ও পঁতাঁ (Pantin) শহরের সড়কগুলোতে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে আগুন লাগিয়ে দেয় এবং ময়লার আবর্জনা ফেলার বিনগুলোতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ব্যবহার করেছে। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান এই সহিংসতার ফলে অন্তত ৬৫ জন স্কুলকর্মী ও শিক্ষক আহত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে প্যারিসে আন্দোলনটি শুরু হলেও তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শ্রেণীকক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে শিক্ষা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।

এক বিবৃতিতে ১৬ বছর বয়সী এক ফরাসি শিক্ষার্থী সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছেন, "আমরা চরম ক্ষুব্ধ। ফ্রান্সে স্কুলের পরিবেশ পরিবর্তন করতে হলে এখন জোরালো আওয়াজ তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।"

অন্যদিকে, পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় সরকার কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "শিক্ষার্থীদের সাধারণ বিক্ষোভ এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও বিশৃঙ্খলায় রূপ নিয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে অভিযান, দক্ষিণাঞ্চলে ইমনের ঘোরাঘুরি! সেভেন স্টার পরিচয়ে ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


মিরপুরে অভিযান, দক্ষিণাঞ্চলে ইমনের ঘোরাঘুরি! সেভেন স্টার পরিচয়ে ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ

ঢাকার মিরপুরের সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ইমন রহমান বর্তমানে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে চলছেন, এমন অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ইমন রহমান নিজেকে মিরপুরের সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ভয়ভীতি ও গুরুতর হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় কয়েকজন আরও অভিযোগ করেছেন, ইমন রহমান মাদক ব্যবসায়ীদের সহযোগিতা ও বিভিন্নভাবে শেল্টার দিয়ে থাকেন। পাশাপাশি হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে সহযোগিতা বা শেল্টার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, তারা ইমন রহমানকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখাতে দেখেছেন। তাদের দাবি, অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

তবে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

অবস্থান পরিবর্তনের বিষয়ে স্থানীয় সূত্র

স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রশাসনের নজর এড়াতে ইমন রহমান এক জায়গায় দীর্ঘ সময় অবস্থান করেন না। কখনো ভোলা, কখনো বরিশাল আবার কখনো ঝালকাঠিতে অবস্থান পরিবর্তন করে চলাফেরা করছেন বলে তারা জানিয়েছেন। তার বাড়ি ভোলায় বলে স্থানীয়ভাবে জানা গেছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য ও যাচাই

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট এলাকার একাধিক ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগগুলোর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্ভরযোগ্য সূত্রের বক্তব্য ও নথি সংগ্রহের চেষ্টা করছে তালাশ বিডি। একই সঙ্গে মিরপুরের সেভেন স্টার গ্রুপের সঙ্গে ইমন রহমানের বর্তমান সম্পৃক্ততা এবং বরিশাল, ভোলা ও ঝালকাঠিতে তার কথিত কর্মকাণ্ডের বিষয়েও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ইমন রহমানের বক্তব্য

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সেভেন স্টার গ্রুপের সদস্য হিসেবে উল্লেখ করা ইমন রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে প্রকাশ করা হবে।

তালাশ বিডির অনুসন্ধান

মিরপুরের সেভেন স্টার গ্রুপের সঙ্গে ইমন রহমানের সম্পৃক্ততার অভিযোগ, দক্ষিণাঞ্চলে তার চলাফেরা, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা, আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে তালাশ বিডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অভিযোগগুলোর পেছনে প্রকৃত ঘটনা কী, ইমন রহমানের বর্তমান অবস্থান কোথায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে তার বিষয়ে কী তথ্য রয়েছে, এসব বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তালাশ বিডি।

বিস্তারিত অনুসন্ধানী সংবাদ জানতে সঙ্গে থাকুন তালাশ বিডির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%