মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৪০ এম
কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন। তবে ফ্রান্সের কিংবদন্তি তারকা জিন-পিয়েরে পাপিন এই পুরস্কার নিয়ে এমবাপ্পের আত্মবিশ্বাসী মন্তব্যকে ভালোভাবে নেননি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের প্রতিভা ও অর্জনের প্রশংসা করলেও, ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী পাপিন পুরস্কার নিয়ে এমবাপ্পের মনোভাবের সমালোচনা করেছেন।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাতো’র সঙ্গে আলাপে পাপিন বলেন, "এমবাপের রেকর্ড অসাধারণ। কিন্তু ব্যালন ডি’অরের প্রসঙ্গ উঠলেই তার কথায় আত্মকেন্দ্রিকতার প্রকাশ ঘটে।"
তিনি আরও বলেন, "আমি সত্যিই কিলিয়ানের প্রশংসা করি। তার অনেক রেকর্ড আছে, কিন্তু একটি নির্দিষ্ট বিষয় (ব্যালন ডি’অর প্রসঙ্গ) এলে সে কেবল 'আমি, আমি, আমি'-তে পরিণত হয়। যদিও ব্যালন ডি’অর অন্যদের মাধ্যমে নির্ধারিত হয়।"
এমবাপ্পের একটি মন্তব্যকে বাড়াবাড়ি বলেও উল্লেখ করেছেন পাপিন। ফরাসি তারকা বলেছিলেন, এ বছর তার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলেন না। পাপিনের মতে, এমন মন্তব্য পুরস্কার নিয়ে এমবাপ্পের অবস্থানকে নেতিবাচকভাবে তুলে ধরে।
তবে সাবেক মার্সেই স্ট্রাইকার এমবাপ্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি। তার মতে, ব্যালন ডি’অর জয়ের জন্য প্রয়োজনীয় অনেক গুণই এমবাপ্পের রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোমের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য এই চুক্তির মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান সোমবার আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি উল্লেখ করেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছে।
তিনি আরও বলেন, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দিতে সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তা কিনবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ব্যয় কমাতে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য সংশ্লিষ্ট যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সরকারের এই কার্যক্রমে অংশ নেওয়া হচ্ছে উল্লেখ করে ইয়াসমিন বেগম বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যেন হতাশ না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও স্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের যেসব স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল বসানো সম্ভব, সেগুলোতে এ ব্যবস্থা চালুর জন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকোর ১২ দশমিক ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তিতে ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (যুগ্ম সচিব) ফারজানা সুলতানা। আর ফাইবার অ্যাট হোমের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী।
স্বাগত বক্তব্য দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। এতে ডেসকো, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটলান্টার নিকটবর্তী অস্টেল শহরে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এই দুর্ঘটনাটি ঘটে।
কব কাউন্টির জরুরি যোগাযোগ বিভাগ নিশ্চিত করেছে যে, একজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কব কাউন্টি পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কের গোলিয়াথ নামের রোলার কোস্টার থেকে একজনকে পড়ে যেতে দেখা গেছে। অন্তত দুজন প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ব্যক্তি মাটিতে পড়ার আগে রাইডের বিভিন্ন অংশে আঘাত পান।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "ওই ব্যক্তি পড়ে যাওয়ার সময় রোলার কোস্টারের গাড়িতে তিনবার আঘাত পান।"
লোগান কনার নামের এক ব্যক্তি জানান, তিনি তার বাগ্দত্তাকে নিয়ে ওই রোলার কোস্টারে ছিলেন। তিনি বলেন, "এ সময় আমি এক ব্যক্তিকে নিজের আসন থেকে ছিটকে বেরিয়ে যেতে দেখেছি।" তার ভাষ্য, লোকটি পাশের দিকে কাত হয়ে শূন্যে ভেসে উঠেছিলেন এবং তার সঙ্গে সরাসরি চোখাচোখিও হয়েছিল।
আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রোলার কোস্টার থেকে পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে একটি শিশু ছিল।
ঘটনার পর রোলার কোস্টারটি মাঝপথে থেমে যায়। পরে যাত্রীদের সেখান থেকে বেরিয়ে আসার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।" নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কে উপস্থিত দর্শনার্থী ও কর্মীদের সহায়তা প্রদান করা হচ্ছে। পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড মাবিলার কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের নকশা ও নির্মাণে তৈরি গোলিয়াথ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এতে ২০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা রয়েছে। এ ধরনের রোলার কোস্টারকে হাইপার কোস্টার বলা হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের এক্স২ রোলার কোস্টারে চড়ার পর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। আইনজীবীদের দাবি, ওই রাইডে চড়ার কারণে প্রায় ১০০ জনের মস্তিষ্কে আঘাত লেগেছিল।
এক্স২ রোলার কোস্টারে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন আসন, ২১৫ ফুট উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা এবং আকস্মিক উল্টে যাওয়া ও ঘূর্ণনের ব্যবস্থা রয়েছে। গত ১২ জুলাই থেকে রাইডটি বন্ধ রয়েছে। এর আগের দিন আইনজীবী ক্রিস্টোফার বুলোন জানিয়েছিলেন, মামলাকারীদের একজন ওই রাইডে চড়ার পর গুরুতর মস্তিষ্কের আঘাত পেয়েছেন। সে সময় পার্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান মামলা নিয়ে তারা মন্তব্য করে না।
আটলান্টার শহরকেন্দ্র থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্ক।
সূত্র: এনবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে রান্নাঘরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী দুলাল হাওলাদারের (৫০) বিরুদ্ধে। পুলিশ এই ঘটনার জন্য নিহতের স্বামী দুলালকে গ্রেপ্তার করেছে।
রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শিরিন বেগম (৪২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর কন্যা।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার রাতে পাশের ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোপানোর শব্দ শুনতে পান বাড়ির মালিক খোরশেদ আলম। ৮-১০ দিন আগে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের দরজায় দীর্ঘ সময় ধরে কড়া নাড়ার পর প্রায় আধা ঘণ্টা পরে দরজা খোলেন দুলাল।
ভেতরে সন্দেহজনক পরিস্থিতি ও স্ত্রীর কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুলালকে আটক করে।
মামলার বাদী ও নিহত দম্পতির ছেলে সিরাজ হাওলাদার জানান, তার মা শিরিন দীর্ঘ সময় ধরে জর্ডানে গৃহকর্মীর কাজ করতেন। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবর শুনে দেশে ফিরে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। দেশে ফেরার পর থেকেই স্বামী দুলাল তার কাছে টাকা দাবি করতেন এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া ফোনে অন্য কারও সঙ্গে কথা বলার বিষয়েও তাদের মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল।
যাত্রাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল স্বীকার করেছেন যে, রবিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর মাথা ধরে দেয়ালে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর বটি দিয়ে স্ত্রীর মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে রান্নাঘরে লুকিয়ে রাখেন এবং আলামত হিসেবে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা চালান।
এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ছেলে সিরাজ হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৭ জন নারী ও পুরুষকে আটক করেছে।
অভিযানটি সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলেছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানের সময় পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ মোট ৪৭ জনকে আটক করা হয়।
ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে জানালেন, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’
তিনি আরও বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না।
ডিবির এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ