মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫০ পি.এম
বলিউডের খ্যাতনামা অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর আমাদের মধ্যে নেই।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যশ রাজ ফিল্মসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানায়।" এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধও জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময়ে মেয়ের সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা রানি মুখার্জি বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন।
শুধু রানি মুখার্জির মা হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও কৃষ্ণা মুখার্জি যুক্ত ছিলেন। তিনি প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।
মায়ের মৃত্যুর পর মুখার্জি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
রানি মুখার্জি ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ তাকে ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানকে ফোনের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে। এছাড়া, না দিলে তার সন্তানকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অধ্যাপক আতাউর রহমান সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় জিডিটি (নম্বর ২৫১৯) দাখিল করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে অধ্যাপক আতাউর রহমান কর্মস্থলে অবস্থান করছিলেন। সেই সময় তার ফোনে অচেনা একটি নম্বর থেকে কল আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ হিসেবে পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। অন্যথায়, তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষক জিডিতে উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাতনামা। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাকে হয়রানি এবং তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন।
অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘সোমবার দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। না দিলে আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে তদন্তের দায়িত্বে থাকা এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে। আমরা দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘বাংলাদেশ–ইউনান বাণিজ্য ও বিনিয়োগ সংলাপে’ বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বেঙ্গল ব্লুবেরি হোটেলে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে অংশগ্রহণ করেন ৩০ সদস্যের একটি চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল এবং বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা। বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের সংলাপটি পরিচালনা করেন। তিনি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বিনিয়োগের সুযোগ, বাজারে প্রবেশ এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।
বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি চীনের বাজারে বাংলাদেশের হোম টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির ব্যাপক সুযোগের কথা উল্লেখ করে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য ও সামগ্রিক জ্বালানি চাহিদা পূরণে চীনা প্রযুক্তি ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিদ্যমান বলে তিনি জানান।
লানচাং-মেকং উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক লিউ জিয়ে সংলাপে ইউনানের ‘থ্রি ফ্রিজ অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এই নীতির আওতায় বিদেশি ব্যবসায়ীদের বিনামূল্যে বন্ডেড গুদাম, প্রদর্শনী স্থান ও অনলাইন মার্কেটপ্লেস ব্যবহারের সুযোগ প্রদান করা হয়। পাশাপাশি, লজিস্টিকস, কাস্টমস ছাড়পত্র ও পরিবহন ব্যবস্থায় বিশেষ সুবিধা দেওয়া হয়।
সংলাপে নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক যানবাহন (ইভি), তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি (আইটি), সেমিকন্ডাক্টর ও লজিস্টিকস, ভবন নির্মাণ প্রযুক্তি, এলিভেটর, অ্যালুমিনিয়াম ও বৈদ্যুতিক সরঞ্জাম, ব্যাংকিং, বাণিজ্য অর্থায়ন, এলপিজি ও জ্বালানি, শিক্ষা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা ও যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সংলাপের শেষ পর্যায়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ সহজীকরণ এবং যৌথ বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ চিহ্নিত করতে বিসিসিসিআই এবং চুয়াং ছি বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ওয়ানডে ক্রিকেট, যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবেও পরিচিত, হলো ক্রিকেট খেলার একটি সীমিত ওভারের সংস্করণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পাঁচ দিনের টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের প্রচলন করে। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
শুরুর সময় থেকেই ওয়ানডে ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সেই জনপ্রিয়তা যাচাই করার জন্য ১৯৭৫ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করা হয়। এই বিশ্বকাপ, যা প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়, এখনও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে পরিচিত।
তবে ওয়ানডে ক্রিকেটে একসময় ডাবল সেঞ্চুরি করা ছিল একটি স্বপ্নের মতো বিষয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের দেখানো পথ অনুসরণ করে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার ৯ জন ব্যাটসম্যান।
তবে ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য হয়ে আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলাকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ২৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। এই ইনিংসটি আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংস হিসেবে স্থান দখল করে আছে।
এই তালিকার দ্বিতীয় পজিশনে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৪টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে ২৩৭* রানের অনবদ্য ইনিংস খেলেন।
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তিনি ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ২১৯ রানের ইনিংস খেলেন।
এই তালিকার চতুর্থ পজিশনে রয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় ১৪৭ বলে ১০টি চার এবং রেকর্ড ১৬টি ছক্কার সাহায্যে ২১৫ রানের ইনিংস খেলেন।
পঞ্চম পজিশনে রয়েছেন পাকিস্তান, শ্রীলংকা এবং ভারতের তিন তারকা ওপেনার ফখর জামান, পাথুম নিশাঙ্কা এবং ইশান কিশান। ফখর জামান ২০১৮ সালের ২০ জুলাই বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ২১০* রানের ইনিংস খেলেন।
২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পাল্লেকেল্লে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২০টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ২১০* রানের অনবদ্য ইনিংস খেলেন লংকান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা।
২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৩১ বলে ২৪টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করেন ভারতীয় ওপেনার ইশান কিশান।
এছাড়া ভারতীয় তারকা শুভমা গিল (২০৮) এবং অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান। ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলায় বাড়ির সামনে বানরের হামলার ফলে ৯১ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিটি পাতিল নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির বাইরে অবস্থানরত ওই বৃদ্ধার ওপর হঠাৎ একটি বানর ঝাঁপিয়ে পড়ে।
নিহত বৃদ্ধার নাম নাজমুনিসা বেগম। বানরের আকস্মিক আক্রমণে গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংবাদ সংস্থা পিটিআই দ্বারা শেয়ার করা সিসিটিভি ফুটেজে হামলার সময় চিৎকার শুনে আরেক বয়স্ক নারী ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে তিনি বানরের আক্রমণ থেকে রক্ষা পান এবং বানরটি পালিয়ে যায়।
সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে লোকালয় ও জনসমাগমস্থলে বানরের হামলার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দিল্লির চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে একটি বানর এক কর্মীর ওপর হামলা চালায়। এতে ওই কর্মীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া, এক দর্শনার্থীও বানরের কামড়ের শিকার হন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, একই বানর ২০২৫ সালের ডিসেম্বরেও আরেক কর্মীকে আহত করেছিল।
এদিকে, মানেসারের একটি আবাসিক এলাকার বাসিন্দারাও বানরের উপদ্রব নিয়ে তীব্র অভিযোগ করেছেন। সেখানে গত ১৫ দিনের মধ্যে অন্তত তিন শিশু বানরের হামলার শিকার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরও পার্ক, বারান্দা ও সাধারণ চলাচলের জায়গাগুলোতে বানরের অবাধ বিচরণ থামানো যাচ্ছে না। এতে অভিভাবকরা শিশুদের নিয়ে আতঙ্কিত আছেন এবং বয়স্করাও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। তবে বন বিভাগ বলছে, শহরাঞ্চলে বানরের উপদ্রব নিয়ন্ত্রণের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। অন্যদিকে, মিউনিসিপ্যাল করপোরেশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ