বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৫৯ এম
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, যেমন অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকট, নিয়ে শুরু হওয়া এই আন্দোলনে দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন শিক্ষক, শিক্ষার্থী এবং পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ব্যাপক বিক্ষোভের প্রভাব অন্তত ৪০০টি স্কুলে পড়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। খবরটি বিবিসির মাধ্যমে জানা গেছে।
প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ জন সদস্যও আহত হয়েছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের প্রভাব অন্তত ৪০০টি স্কুলে পড়েছে।
ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা কয়েকটি ময়লার পাত্রে আগুন ধরিয়ে দিয়েছেন এবং বাসস্টপেরও ক্ষতি করেছেন।
বার্তাসংস্থা এএফপিকে ১৬ বছর বয়সি এক ছাত্রী বলেছেন, ‘আমরা এখানে একটি বার্তা দিতে এসেছি। কোনো কারণ ছাড়াই সবকিছু ভাঙচুর করতে আসিনি। আমরা বলতে এসেছি যে শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের প্রতিটি শ্রেণিতে ৩৪ জন করে শিক্ষার্থী, যা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। শিক্ষকেরা অতিরিক্ত কাজের চাপে রয়েছেন।’
ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে তিনি সহিংসতার খবরকে ‘কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’ বলে নিন্দা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বিএফএমটিভিকে জানিয়েছেন, ৪৪০ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো চূড়ান্ত হিসাব নেই। তবে আমাকে বলা হয়েছে, তাদের দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছেন। পুলিশের জবাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি এএফপিকে বলেছেন, ফরাসি সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘দমন-পীড়ন’ চালাচ্ছে। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও করেছেন তিনি।
বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কয়েকজন ফরাসি রাজনীতিক সমালোচনা করলেও এ বিষয়ে জানতে চাইলে নুনেজ বলেছেন, পুলিশের পদক্ষেপ ‘অত্যন্ত সংযত ও আনুপাতিকভাবে’ পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী জেফ্রে বলেছেন, ‘বিক্ষোভ করার অধিকার একটি মৌলিক স্বাধীনতা। তবে কোনোভাবেই এটিকে এ ধরনের কর্মকাণ্ডের অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া কিংবা এই পরিস্থিতিতে অবরোধ আরও বাড়ানোর আহ্বান জানানো আমাদের শিক্ষার্থী ও সরকারি কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে। এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।’
যুক্তরাজ্যের ষষ্ঠ ফর্ম বা যুক্তরাষ্ট্রের হাইস্কুলের সমপর্যায়ের ফরাসি ‘লিসে’ স্কুলগুলোতে গত সপ্তাহে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে এই আন্দোলন শুরু হয়। এরপর সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু শিক্ষার্থীদের বিক্ষোভ আরও সহিংস রূপ নিলে তা ‘দায়িত্বজ্ঞানহীন’ হবে বলে সতর্ক করেছেন। এর আগে ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন দেশজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন ও কর্মপরিবেশসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
নুনেজ জানিয়েছেন, এই কর্মসূচিতে অন্তত ২ লাখ মানুষ অংশ নিলেও বেশিরভাগ জায়গায় তা কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই শেষ হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, যা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ফলে শূন্য হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে প্রচারে নেমেছেন তার কন্যা মির্জা ফাইজা তাসনিম। এর পূর্বে, তার চাচাতো বোন ড. শামারুহু মির্জাও গণসংযোগে সক্রিয় ছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া মহল্লায় অনুষ্ঠিত এক নির্বাচনি প্রচারণাসভায় অংশ নিয়ে ফাইজা তার বাবার জন্য ভোট ও দোয়া চান। এর আগে, বড় বোন ড. শামারুহু মির্জা শহর থেকে গ্রামের মেঠোপথ ও হাটবাজারে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। পরিবারের তরুণ প্রজন্মের এ ধরনের রাজনৈতিক সক্রিয়তা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় ভোটার আব্দুল মালেক জানান, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওবাসী অত্যন্ত গর্বিত।" তিনি আরও বলেন, "এখন পরিবারের অন্য সদস্যদের এমন অংশগ্রহণ উপনির্বাচনের আমেজকে আরও জমজমাট করে তুলেছে।"
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।
এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিন ছাড়াও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ খেলার পর, আর্জেন্টিনার কিংবদন্তি নম্বর ১০ জার্সিটি আবারও কারও হাতে যেতে পারে। তবে কে সেই উত্তরসূরি হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে চান না কোচ লিওনেল স্কালোনি।
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম পরীক্ষা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় অনুষ্ঠিত হবে। কর্ডোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে, মেসিকে ছাড়া প্রথমবার মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৩৯ বছর বয়সী মেসির বিদায় ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে, বেনিনের বিপক্ষে, বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
স্কালোনি বলেন, “আমরা ভিন্নভাবে খেলতে পথ খুঁজে নেব। এই ম্যাচগুলো আসলে পরীক্ষা-নিরীক্ষার জন্য।”
এজন্য নতুন কৌশল ও খেলোয়াড় বেছে নিয়েছেন স্কালোনি। তিনি একসাথে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে আক্রমণে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডানপাশে আগুস্তিন জিয়াই, নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় এক্সেকিয়েল পালাসিওস, মিডফিল্ডে ভ্যালেন্টিন বারকো, আর প্লেমেকারের ভূমিকায় ইতালির কোমোয় খেলা নিকোলাস পাজ।
স্কালোনি নিশ্চিত করেছেন, আপাতত কেউ মেসির ১০ নম্বর জার্সি পরবেন না।
গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার শেষ বিশ্বকাপে (ষষ্ঠ) তিনি আট ম্যাচে আট গোল করেন।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি— রেকর্ড ১২৫ গোল, যার মধ্যে ২১টি বিশ্বকাপে।
কোচের চুক্তিও শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তবে তিনি নবায়নের পথে রয়েছেন, সম্ভবত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
স্কালোনি বলেন, “আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব। নতুন প্রতিভা আসছে, কেউ ডাক প্রত্যাখ্যান করেনি। এটা বড় লক্ষণ।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম মঙ্গলবার দেশের গুরুত্বপূর্ণ সেবাগুলোর ওপর জনগণের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দেশের বেসরকারিকরণের দীর্ঘমেয়াদি ধারা উল্টে দিয়ে ব্রিটেনকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দলের নেতা হিসেবে দেওয়া প্রথম ভাষণে আবেগাপ্লুত বার্নহাম এসব কথা বলেন।
লিভারপুল থেকে এএফপি জানায়, ৫৬ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার মেয়র বার্নহাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় প্রায় এক ঘণ্টার ভাষণে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি প্রয়াত বাবার কথা বলতে গিয়ে কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে সামাজিক সেবা চালু, ব্রিটেনের নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং বিতর্কিতভাবে পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনা।
লিভারপুলে কানায় কানায় পূর্ণ সম্মেলনকক্ষে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশে বার্নহাম বলেন, ‘আমি স্বীকার করছি, এর প্রতিটি বিষয়ের সঙ্গে সবাই একমত হবেন না। তবে আমি বিশ্বাস করি, এটি ব্রিটেনকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।’
ভাষণের একপর্যায়ে তিনি কান্না সামলে কিছুক্ষণ থামেন। এরপর এ মাসের শুরুতে আলঝেইমার রোগে মারা যাওয়া বাবার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এই দায়িত্বকে এমন একটি ব্রিটেন গড়তে কাজে লাগাব, যেমনটি আমার বাবা দেখতে চেয়েছিলেন। আর এটিকে একসঙ্গে ধরে রাখতে আমার সর্বস্ব দিয়ে লড়াই করব।’
এরপর অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন জীবনযাপনে সহায়তা প্রয়োজন এমন ইংল্যান্ডের মানুষের জন্য বিনামূল্যে সামাজিক সেবা চালুর পরিকল্পনার পক্ষে আবেগঘন বক্তব্য দেন তিনি।
বার্নহাম বলেন, ‘আমি স্বীকার করছি, এর জন্য আমাকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। কিন্তু কাউকে না কাউকে কঠিন বাধা অতিক্রম করে এই পরিবর্তন আনতেই হবে।’
নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে সম্ভাব্য কঠিন পরিস্থিতির কথাও স্বীকার করেন তিনি।
জুলাইয়ে এমপিরা বার্নহামকে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসার পর কেন্দ্র-বামপন্থী লেবার পার্টিতে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে কিয়ার স্টারমারের দুই বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। স্টারমারের মেয়াদে বিভিন্ন অভ্যন্তরীণ নীতিগত ভুল ও দলীয় কোন্দল ছিল বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে দেশের পুনঃশিল্পায়ন, রাস্তায় বসবাসকারীদের সংখ্যা কমিয়ে আনা এবং হাজার হাজার নতুন কাউন্সিল বাড়ি নির্মাণসহ উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অর্থের সংস্থান কীভাবে করবেন, তা স্পষ্ট করার জন্য বার্নহামের ওপর চাপ রয়েছে।
এদিকে ইউরোপের অনেক দেশের মতো ব্রিটেনের অর্থনীতিও দুর্বল প্রবৃদ্ধি ও ঋণ নেওয়ার ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানির উচ্চমূল্য ব্রিটিশ নাগরিকদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।
ন্যাটোর প্রতিশ্রুতি পূরণে ব্রিটেনের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত কয়েক বিলিয়ন পাউন্ডের সংস্থানও করতে হবে প্রধানমন্ত্রীকে।
ভাষণে বার্নহাম লেবার পার্টির এমপি ও কর্মীদের বলেন, আবাসন, জ্বালানি ও পানির ওপর জনগণের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় নেতাদের আরও ক্ষমতা দেওয়া হলে তা ব্রিটেনের দুর্বল অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করবে।
তিনি বলেন, ‘আমি গত ৪০ বছরের ধারা থেকে বেরিয়ে ব্রিটেনকে একটি নতুন পথে নিয়ে যাব, একটি নতুন অর্থনীতি ও নতুন রাজনীতি গড়ে তুলব।’
এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী বার্নহাম বলেন, তার সরকার শিগগিরই একটি বিল আনবে, যার মাধ্যমে ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা মার্গারেট থ্যাচারের পানির কোম্পানিগুলোর সরকারি মালিকানার ওপর ‘আদর্শগত নিষেধাজ্ঞা’ বাতিল করা হবে।
বার্নহাম ‘ন্যাশনাল কেয়ার সার্ভিস’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন, যার আওতায় সেবা গ্রহণের সময় কোনো অর্থ দিতে হবে না। তবে ২০২৯ সালে অনুষ্ঠেয় বলে প্রত্যাশিত পরবর্তী সাধারণ নির্বাচনের আগে এটি চালু হবে না।
ব্যবসায়ী রালিতসা ভাসিলভস্কা, ৩৯, এএফপিকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সবসময় এমন কথাই শুনতে চেয়েছি। এতটা সৎ, এতটা উদ্যমী—জনপ্রিয় নয় এমন কথাও তিনি বলছেন।’
’
হেলথ ফাউন্ডেশন নামে একটি গবেষণা প্রতিষ্ঠান হিসাব করে বলেছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে সামাজিক সেবা ব্যবস্থা চালু করতে বছরে প্রায় ১৯ বিলিয়ন পাউন্ড (২৫ বিলিয়ন ডলার) পর্যন্ত ব্যয় হতে পারে।
এই পরিকল্পনার অর্থ সংস্থানের জন্য পরবর্তী নির্বাচনে পেনশন বৃদ্ধির পদ্ধতি পরিবর্তনের পক্ষে প্রচার চালাবেন বলে জানিয়েছেন বার্নহাম। ডানপন্থী দলগুলো তাৎক্ষণিকভাবে এই উদ্যোগকে প্রবীণদের ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে।
অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ বলেন, ‘অ্যান্ডি বার্নহাম সম্ভাব্যভাবে ট্রিপল লক বাতিল করলে তিনি ব্রিটিশ পেনশনভোগীদের প্রতি তার দায়িত্ব পরিত্যাগ করবেন।’
২০ জুলাই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বার্নহাম আরও আশাবাদী সুরে কথা বলার চেষ্টা করছেন, যা তার জনবান্ধব ভাবমূর্তি আরও জোরদার করেছে।
লেবার পার্টির সম্মেলনের স্লোগান ‘আবার আশা’। গত দুই বছরের তুলনায় সম্মেলনে অংশগ্রহণকারীরাও বেশি আশাবাদী। ওই সময়ে বিভিন্ন নীতিগত অবস্থান পরিবর্তন নিয়ে দলের ভেতরে পাল্টাপাল্টি অভিযোগ ছিল।
তবে মঙ্গলবার প্রকাশিত নতুন ইউগভ জরিপে দেখা গেছে, ভোট দেওয়ার অভিপ্রায় প্রকাশকারী ২৫ শতাংশ উত্তরদাতা রিফর্ম পার্টিকে এবং ২৪ শতাংশ লেবার পার্টিকে সমর্থনের কথা বলেছেন।
উচ্চ জ্বালানি ব্যয় কমানোর লক্ষ্যে ব্রিটেনের বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগের জন্য একটি নতুন সরকারি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন বার্নহাম।
এ ছাড়া বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে ‘বিভিন্ন বিকল্প’ উপস্থাপনের কথা বলেছেন তিনি। ২০১৬ সালের বিতর্কিত গণভোটের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত 'লাভের চেয়ে ক্ষতিই বেশি করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
৫৬ বছর ধরে লেবার পার্টির সম্মেলনে অংশ নেওয়া লরা পার্কার বার্নহামের ভাষণ সম্পর্কে বলেন, ‘আমার মতে এটি ছিল অসাধারণ। তিনি ভাষণে তিনি ছিলেন প্রাণবন্ত ও অকৃত্রিম।’
ট্রেড ইউনিয়নকর্মী মার্গারেট গ্রিয়ার এএফপিকে বলেন, ‘আমার কাছে এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। আমার মনে হয়েছে, তিনি হৃদয় থেকে কথা বলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : টম ক্রুজ একটি ঝুঁকিপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, যা কয়েক দশকের মধ্যে অন্যতম। নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এ জলবায়ু পরিবর্তনের রাজনীতি ও করপোরেট লোভের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই সিনেমায় তাকে পরিবেশগত সংকটে পড়া এক বয়স্ক ও বিপর্যস্ত শিল্পপতির চরিত্রে দেখা যাবে।
প্যারিস থেকে এএফপি জানায়, ১৩ কোটি ডলার বাজেট এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে নির্মিত মেক্সিকোর একাধিক অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ডার্ক কমেডিটি বুধবার থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
চলচ্চিত্রটিতে টম ক্রুজকে একজন খনি ও তেল ব্যবসায়ী হিসেবে দেখা যাবে, যা তার চিরাচরিত অ্যাকশন চরিত্র থেকে একেবারেই ভিন্ন। মূল চিত্রনাট্যে তাকে নিজের বিবেক এবং তার সম্পদ ও ব্যবসার সমালোচকদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা যাবে।
চলতি মাসের শুরুতে জিকিউ ম্যাগাজিনকে ৬৪ বছর বয়সী ক্রুজ বলেছেন, ‘এটি আমার সব দক্ষতার চূড়ান্ত প্রয়োগ। এটাই আমার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।’
২২ সেপ্টেম্বর লন্ডনে চলচ্চিত্রটির প্রিমিয়ারের পর অনলাইনে প্রাথমিক প্রতিক্রিয়া মিশ্র ছিল। ধারণা করা হচ্ছে, অতিনাটকীয় অভিনয় এবং বিলিয়নেয়ার শ্রেণি ও জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচারণাকে ইনারিতুর তীক্ষ্ণ ব্যঙ্গ দর্শকদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১৬টায় চলচ্চিত্রটির সমালোচনামূলক পর্যালোচনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কথা রয়েছে।
‘গুরুতর’ চরিত্র
চলতি শতাব্দীর বেশিরভাগ সময় ক্রুজ অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে আট পর্বের ‘মিশন: ইমপসিবল’ সিরিজে ইথান হান্ট চরিত্রে, ‘টপ গান : ম্যাভেরিক’ এবং ‘জ্যাক রিচার’ চলচ্চিত্রগুলোতে তাকে দেখা গেছে।
চলতি বছরের শেষ দিকে ‘ডেইজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতেও অভিনয় করবেন তিনি।
ক্রুজের অভিনয়জীবন নিয়ে ব্যাপকভাবে লেখালেখি করা চলচ্চিত্র সমালোচক ও লেখক এ এস হামরাহর মতে, তার অভিনয়দক্ষতার পূর্ণ পরিসর কাজে লাগানো সর্বশেষ চরিত্রগুলোর সময়কাল ছিল ১৯৯০-এর দশক।
তিনি এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, টম ক্রুজ তার অভিনয়জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন এবং উপলব্ধি করছেন যে তার বয়স বাড়ছে। একদিকে তাকে এখনও ‘টপ গান ২’ ও ‘ডেইজ অব থান্ডার ২’-এর মতো ছবিতে অভিনয় করতে হচ্ছে, অন্যদিকে ১৯৯৯ সালের পর তিনি আসলে কোনো গুরুতর চলচ্চিত্রে অভিনয় করেননি।’
১৯৯৯ সালেই মুক্তি পায় পল থমাস অ্যান্ডারসনের ‘ম্যাগনোলিয়া’ এবং স্ট্যানলি কুবরিকের ‘আইজ ওয়াইড শাট’, যেখানে ক্রুজ তার সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের বিপরীতে অভিনয় করেন।
হামরাহ আরও বলেন, ‘আমার মনে হয়, তিনি এখন হয়তো এমন কিছু মানুষের সঙ্গে কাজ করতে চাইছেন, যাদের সঙ্গে এর আগে কাজ করা হয়নি। আর ইন্যারিতু সম্ভবত তাদের একজন।’ তিনি ‘আমোরেস পেরোস’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর প্রশংসিত পরিচালক ইন্যারিতুর প্রসঙ্গ উল্লেখ করেন।
পুরস্কারের দৌড়ে কি ‘ডিগার’?
যুক্তরাষ্ট্রভিত্তিক সিনেমা পরামর্শক প্রতিষ্ঠান বক্স অফিস থিওরির প্রতিষ্ঠাতা শন রবিনস এএফপিকে বলেন, হলিউডে কয়েক দশকের ক্যারিয়ার থেকে বোঝা যায়, ক্রুজ মাঝে মাঝে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডির বাইরে যেতে আগ্রহী।
তিনি বলেন, ‘তরুণ দর্শকরা তাকে ঝুঁকিপূর্ণ স্টান্ট পারফর্মার ও অভিনেতা হিসেবে চিনতে পারে। কিন্তু তিনি সবসময়ই প্রচলিত গণ্ডির বাইরে যেতে প্রস্তুত।’
‘ভ্যানিলা স্কাই’ (২০০১) ও ‘জেরি ম্যাগুয়ার’ (১৯৯৬)-এর মতো চলচ্চিত্রে তার অভিনয়ের কথা উল্লেখ করে রবিনস বলেন, ‘ডিগারকে টম ক্রুজের প্রচলিত ব্লকবাস্টার চলচ্চিত্রের সঙ্গে একই শ্রেণিতে রাখা উচিত নয়। এটি সম্পূর্ণ আলাদা ধরনের একটি কাজ।’
‘ডিগার’-এর রাজনৈতিক বার্তাগুলোর সঙ্গে ক্রুজ ব্যক্তিগতভাবে কতটা একমত, সেটিও একটি আগ্রহের বিষয়। চলচ্চিত্রটিতে টেকসই নয় এমন জীবনযাপন, ভোক্তাদের নিজেদের নৈতিকতা প্রদর্শনের প্রবণতা এবং ভণ্ড রাজনীতিকদের মতো বিষয় তুলে ধরা হয়েছে।
‘লাস্ট উইক ইন এন্ড টাইমস সিনেমা’ বইয়ের লেখক এবং এন+১ ম্যাগাজিনের সমালোচক হামরাহ এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তিনিও জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।’
‘ডিগার’ কি ক্রুজকে বহু আকাঙ্ক্ষিত সেরা অভিনেতার অস্কার জয়ের সুযোগ করে দিতে পারে? রবিনস বলেন, ‘এটি পুরস্কার মৌসুমের আলোচনায় জায়গা করে নিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ