ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়


মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মেহেরপুর দল ৪৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মিজানুর রহমান, যিনি ৪৬ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করেন। এছাড়া রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ এবং আশফাক মাশফি ১৫ রান যোগ করেন।

সাতক্ষীরার বোলারদের মধ্যে তামিম ইকবাল ২৫ রানে ৪টি উইকেট এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন। স্ক. আজনাত আব্দুল্লাহ ১০ ওভারে ১৭ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন। তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো একটি করে উইকেট নেন। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা ২৮ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। মো. সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। রুহান আহমদ সবুজ ৩৫ রানে অপরাজিত থাকেন এবং মো. নাফিস আনজুম ১৪ রান করেন। সালমান আফ্রিদির অপরাজিত ৭৫ রানের ইনিংসের জন্য তাকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম এবং ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা জয়ী দলকে অভিনন্দন জানিয়েছে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে সাতক্ষীরা।

আরও পড়ুন: বরিশাল জেলা যুবদলের নতুন সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

সংক্ষিপ্ত স্কোর: মেহেরপুর অনূর্ধ্ব-১৮: ১৩৬, ৪৮.৩ ওভার (মিজানুর রহমান ৩১, রাগিব নেহাল ২২; তামিম ইকবাল ৪/২৫, হাসিবুর রহমান ৩/৩৭)।

সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮: ১৩৭/১, ২৮.১ ওভার (মো. সালমান আফ্রিদি ৭৫*, রুহান আহমদ সবুজ ৩৫*, মো. নাফিস আনজুম ১৪)।

ফল: সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দল ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মো. সালমান আফ্রিদি (সাতক্ষীরা)।

আরও পড়ুন: আ.লীগ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিএনপির বিশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিএনপির বিশাল মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। এই মিছিলটি ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল।

এছাড়া উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে দৌলতপুর থানা বাজারে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বাংলাদেশ-ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার, চিকিৎসাব্যয় কমানোর এবং দরিদ্র ও প্রান্তিক জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। এই উদ্দেশ্যে দুই দেশের মধ্যে স্বাস্থ্য অর্থায়ন, নীতিগত সংস্কার এবং কারিগরি দক্ষতা বিনিময়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেন। টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়ের কারণে পরিবারের আর্থিক বিপর্যয় ঠেকানো, ব্যক্তিগত খরচ কমানো এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে কোনো পরিবার যেন দারিদ্র্যের কবলে না পড়ে, সেই জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।

বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির সফল উদ্যোগ ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া দুই দেশের মধ্যে ধারাবাহিক ও কাঠামোবদ্ধভাবে জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের প্রক্রিয়া শুরুর বিষয়েও আলোচনা হয়। এর আওতায় স্বাস্থ্য খাতের সফল উদ্যোগ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী দুই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সহযোগিতা জোরদার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার এই উচ্চপর্যায়ের বৈঠক স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিথি পাখি শিকারিদের প্রতারণার ফাঁদে চলছে স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


অতিথি পাখি শিকারিদের প্রতারণার ফাঁদে চলছে স্বীকার

খুলনার পাইকগাছায় শীতের মৌসুমের শুরুতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটছে। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, শীত মৌসুম এলেই এক শ্রেণীর চিহ্নিত অতিথি পাখি শিকারি বক্সে মিউজিক ও ফাঁদ পেতে অতিথি পাখিদের অবাধে নিধন করছে। উপজেলার লতা, দেলুটি, গদাইপুর, গড়ইখালী, চাঁদখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতিথি পাখির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি শিকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে অতিথি পাখি শিকারিরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, সন্ধ্যা হলেই উপজেলার বিভিন্ন বিল, খাল, চিংড়ি ও মৎস্য ঘের, আমন ধানের ক্ষেতে অতিথি পাখি শিকারীরা ফাঁদ পাতছে। সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে সাধারণত রাত ৮টার পর উচ্চ শব্দ পাখির ডাক বাজানো হয়। ভোরের আলো ফুটানোর আগে শিকারিরা পাতা ফাঁদগুলো গুটিয়ে নেয়। আকাশে উড়ন্ত পাখিকে নিচে নামাতে মোবাইল ফোন ও সাউন্ড বক্সে ইন্টারনেট থেকে সংগৃহীত পাখির ডাক উচ্চস্বরে বাজানো হচ্ছে। এভাবে প্রতারণার ফাঁদে বিভ্রান্ত হয়ে পাখিরা নিচে নামলেই আটকা পড়ছে দুই থেকে তিন একর এলাকা জুড়ে পুঁতে রাখা কারেন্ট জাল ও লতাপাতার ফাঁদে। এ ছাড়া কৃত্রিম পাখি বসিয়ে তৈরি করা হচ্ছে ফাঁদঘর।

দিনের বেলায় খাদ্য সংগ্রহের সময় মাছ ও ফড়িংয়ে বিষ মিশিয়েও পাখি নিধনের অভিযোগ উঠেছে। ফাঁদে বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদা খোঁচা, মাছরাঙা, রাত চরা ও সারস উল্লেখযোগ্য পাখি ধরা পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, মধ্যে তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়িয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকায় এ ধরনের শিকারীদের অতিথি পাখি নিধন কার্যক্রম চলছে। ধরা পড়া পাখি গোপনে স্থানীয় বাজারে তোলা হচ্ছে, এমনকি মুঠোফোনে অর্ডার পেলে ব্যাগভর্তি করে মোটরসাইকেলে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। আইনে পাখি নিধনের ক্ষেত্রে সর্বচ্চো এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণ হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালিয়ে জাল ও ফাঁদ ধ্বংস করা হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এই অবৈধ কার্যক্রম। পাখি শিকার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্ট বর্ণ বিভাগের কর্মকর্তা প্রবীর দত্ত বলেন, "পারিযায়ী ও দেশীয় পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।" পাখি শিকার রোধে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করার কথা জানান তিনি। স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের মতে, শুধু অভিযান নয়, পাখি শিকারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, আইনের কঠোর প্রয়োগ এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনা বাড়ানো গেলে তবেই পাইকগাছার জলাশয়গুলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান বলেন, "পাখি শিকার রোধে আমাদের অভিযান চলছে। ইতিমধ্যে অনেককে ধরা হয়েছে। পাখি শিকারি ধরার জন্য পাইকগাছার এসব বিলে আমাদের টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রচারে যাচাইয়ের আহ্বান, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


সংবাদ প্রচারে যাচাইয়ের আহ্বান, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন, "কোনো তথ্য বা সংবাদ প্রচারের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে।" তিনি আরও বলেন, তথ্য সত্য হলেও তা প্রকাশের সম্ভাব্য প্রভাব ও পরিণতি বিবেচনা করা জরুরি।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার, সংবাদ যাচাই এবং সাংবাদিকতার শরয়ি নীতিমালা নিয়ে আলোচনা করেন।

মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, "প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন পরিমাণ দীনি জ্ঞান অর্জন করা আবশ্যক।" পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন তিলাওয়াত, নামাজ, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ এবং আল্লাহর ফরজ ও নিষিদ্ধ বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত। তিনি উল্লেখ করেন, "কোনো বিষয়ে অজ্ঞতা থাকলে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তা শিখে নিতে হবে।"

প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী বলতে শুধু পাশের ফ্ল্যাট বা লাগোয়া বাড়ির বাসিন্দাদের বোঝায় না। একই ভবন, আশপাশের বাড়ি কিংবা আরও দূরের মানুষও প্রতিবেশীর অন্তর্ভুক্ত হতে পারেন। তাই প্রতিবেশীদের পরিচয় জানা, যোগাযোগের নম্বর রাখা এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।

তিনি বলেন, "প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতা করা এবং অভাব-অনটনে পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।" তবে আধুনিক জীবনযাত্রায় মানুষ প্রতিবেশীর এসব অধিকারের বিষয়ে ক্রমেই উদাসীন হয়ে পড়ছে।

সংবাদ ও তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতার গুরুত্ব তুলে ধরে খতিব পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ পেলেই তা বিশ্বাস কিংবা প্রচার করা যাবে না।" তথ্যের সত্যতা যাচাই না করলে ভুল তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে নিরপরাধ মানুষের ওপর জুলুম হতে পারে।

তিনি বলেন, "আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে মানুষের কাছ থেকে মানুষের কাছে যেতে হতো।" কিন্তু এখন মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ছে। অনেকে সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করছেন। এর মধ্যে কিছু তথ্য ও ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সাংবাদিকতার শরয়ি নীতিমালা সম্পর্কে মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, "কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা উচিত নয়।" অভিযোগের সত্যতা ও যথাযথ প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, "কোনো তথ্য সত্য হলেই তা প্রকাশ করা সমীচীন নয়।" সেটি প্রকাশের ফলে জাতি ও উম্মাহর কল্যাণ হবে কি না, কিংবা এর কারণে আরও বড় ক্ষতি, বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কি না, তা বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%