ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পুলিশের ছদ্মবেশে বাংলাদেশি প্রবাসীকে অপহরণ ও ডাকাতি, মালয়েশিয়ায় গ্রেফতার ৩


পুলিশের ছদ্মবেশে বাংলাদেশি প্রবাসীকে অপহরণ ও ডাকাতি, মালয়েশিয়ায় গ্রেফতার ৩

মালয়েশিয়ায় একটি পুলিশি ছদ্মবেশে এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ ও ডাকাতির অভিযোগে ৩ জন স্থানীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার (৬ জুলাই) পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহদ আলউই জয়নাল আবিদিন এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের মানজুং জেলার পান্তাই রেমিস এলাকায় ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশি ডাকাতির শিকার হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওই প্রবাসীকে জোরপূর্বক একটি নিসান এক্স-টেইল এসইউভিতে তুলে হাতকড়া পরিয়ে দেয় এবং তার কাছে থাকা ৮ হাজার রিঙ্গিত ছিনিয়ে নেয়। পরে, গাড়িটি পান্তাই রেমিস থানার দিকে না গিয়ে অন্য রাস্তায় যেতে শুরু করলে ভুক্তভোগীর মনে সন্দেহের উদ্রেক হয়। একপর্যায়ে, জীবন বাঁচাতে চলন্ত গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেন ওই প্রবাসী, যার ফলস্বরূপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লুমুতের সেগারি এলাকার ১২ নম্বর মাইলে রাস্তার পাশে ছিটকে পড়ে।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

এরপর, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নামার পর ডাকাতরা একটি মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনাটি পর ভুক্তভোগী প্রবাসী রাতে থানায় অভিযোগ দায়ের করলে মানজুং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ পান্তাই রেমিস ও সেগারি থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাংকাট ক্রুইং এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে অপরাধের জন্য ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, এটিএম কার্ড, নগদ টাকা, হাতকড়া এবং একটি 'সহকারী পুলিশ' পরিচয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ডাকাতিতে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং পুলিশ পরবর্তী তদন্তের মাধ্যমে তারা অন্য কোনো এলাকায় একই ধরনের অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন: বিদ্যুৎমন্ত্রী: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


আফগানিস্তানের উন্নয়নে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন: জাতিসংঘ

ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করতে এবং বিপুলসংখ্যক প্রত্যাবাসিত মানুষের পুনর্বাসনে আফগানিস্তানের নারী ও পুরুষ উভয়ের মেধা ও সক্ষমতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের দুই জ্যেষ্ণ কর্মকর্তা।

আফগানিস্তানের নাহর-ই-শাহি থেকে এএফপি জানায়, তারা সোমবার বলেন, দেশে এখনকার চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজের সব সক্ষমতাকে কাজে লাগানো ছাড়া বিকল্প আর নেই।

২০২১ সালে তালেবান কাবুলে ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের কর্মসংস্থান, শিক্ষা এবং অবসর-সংক্রান্ত নানা কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করে, ফলে তাদের জনজীবনের বহু ক্ষেত্র থেকে কার্যত বাদ দেওয়া হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রো বলেন, ‘সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের হাতে থাকা সব ধরনের প্রতিভাকে কাজে লাগাতে হবে। এর মধ্যে যেমন পুরুষদের মেধা রয়েছে, তেমনি নারীদের মেধাও রয়েছে।’

উত্তর আফগানিস্তানের নাহর-ই-শাহিতে সম্প্রতি দেশে ফেরা নারীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া একটি কার্পেট বয়নকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তান ও ইরান অভিবাসননীতি কঠোর করার পর এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি আফগান নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

দীর্ঘ কয়েক দশকের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বিপুলসংখ্যক মানুষের প্রত্যাবর্তনের কারণে আবাসন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

ডি ক্রো আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেয়ে ও নারীদের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে হবে।

তালেবান সরকার নারীদের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষার পর পড়াশোনার সুযোগ বন্ধ করা, বিভিন্ন পেশায় কাজের ওপর নিষেধাজ্ঞা এবং পার্কে প্রবেশের ওপর বাধা।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে তালেবান সরকার জাতিসংঘের দপ্তরগুলোতেও নারীদের কাজ করা নিষিদ্ধ করেছে। জাতিসংঘ এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আসছে।

আফগানিস্তান সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ এএফপিকে বলেন, ‘নিঃসন্দেহে এটি আফগানিস্তানের মানুষের জন্য আমাদের সেবা পৌঁছানোর সক্ষমতার ওপর বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি করেছে।’

তিনি আগামী কয়েক দিনের মধ্যে কাবুলে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে জাতিসংঘের নারী কর্মীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাবেন।

সালিহ বলেন, ‘আফগানিস্তান আন্তর্জাতিক সহায়তা পাওয়ার যোগ্য। তবে আমাদের কার্যকরভাবে সহায়তা করতে হলে সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এ সমাজের সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আর এর জন্য নারী-পুরুষ, ছেলে-মেয়ে সবারই দেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখার সুযোগ থাকতে হবে।’

তিনি বলেন, নারী ও মেয়েদের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের উন্নয়ন সম্ভব নয়।

এদিকে, গত এপ্রিল মাসে প্রকাশিত জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর বিধিনিষেধের কারণে আফগানিস্তানের প্রতি বছর অন্তত ৮ কোটি ৪০ লাখ (৮৪ মিলিয়ন) মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। সরকার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে তার নিয়োগ দিয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনে।

বিগত আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া আনিছুর রহমান জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


রূপগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটিকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপগঞ্জ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গ্রাম হবে আরও সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎটি আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইনজীবীদের জন্য সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।

তারা উল্লেখ করেন, বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এজন্য নতুন ভবন নির্মাণ অপরিসীম গুরুত্বপূর্ণ।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ সময় আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করেন।

তিনি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর একটি।

এ লক্ষ্যে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস তিনি দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%