ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২


রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে একজন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা রয়েছেন।

থানা পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের ছোট ভাই এবং ৪ নম্বর শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রউফ (৫৯)। তিনি খোর্দ্দ ভুতছড়া গ্রামের মৃত জামাত উল্লাহর পুত্র। সন্ত্রাসবিরোধী আইনে কাউনিয়া থানায় গত ১২ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তার নাম উঠে এসেছে।

আরও পড়ুন: বাকৃবি শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

অন্যদিকে, অপর গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আমিরুল ইসলাম, যিনি মাসুদ রানা (৫৫) নামে পরিচিত। তিনি পূর্ব চানঘাট গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। গত ৭ নভেম্বর দায়ের করা মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তার নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে খোর্দ্দ ভুতছড়া এলাকা থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পূর্ব চানঘাট এলাকা থেকে আমিরুল ইসলামকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে পরে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মুখে কঠোর অবস্থানের কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিফলন নেই: পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১২ বছর পর নতুন কমিটির সভাপতি হিসেবে হুমায়ুন আহমেদ তালুকদার নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহেল রানা নিয়োগ পেয়েছেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. আবু হানিফ, সহ-সভাপতি হিসেবে মাওলানা আকাইদ হোসাইন, মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক হিসেবে মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে সাইদুর রহমান শাহিন অন্তর্ভুক্ত রয়েছেন। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার মন্তব্য করেন, “২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি কর্মসূচিতে সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর ধরে দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আজ জাতীয় সংসদে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্রের অভাব রয়েছে। তাদের রাজনীতি সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের উপর ভিত্তি করে। অতীতের এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা তাদের পুরোনো অভ্যাস।

তিনি জানান, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। সরকার নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দোষ মানুষকে ধরে নেওয়ার নীতিতে বিশ্বাস করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যারা থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পতিত ফ্যাসিবাদী শক্তি আর কোনো দিন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তাদের সেই রাজনৈতিক চরিত্র ও বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের অভাব রয়েছে। তাদের চরিত্র স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণই বেশি দেখা যায়। এ ধরনের আচরণের মাধ্যমে তারা আবারও প্রমাণ করছে এবং ভবিষ্যতেও করবে, তারা বাংলাদেশের জন্য কল্যাণকর নয়।

তিনি সম্প্রতি বিদেশে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ ও বাংলাদেশের দূতাবাসকে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণেরও নিন্দা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হারিয়ে যাওয়া ৬০ মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সিলেটে হারিয়ে যাওয়া ৬০ মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

সিলেট, ১৭ নভেম্বর, ২০২৬ : হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) এবং সাইবার ক্রাইম ইউনিট। এই ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

এসএমপি জানায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

মোবাইল ফোন উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টার ফলে মহানগরীর ছয়টি থানা থেকে প্রাপ্ত মোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনগুলো ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে সিলেটে মোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সাধারণ মানুষকে ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ডিভাইসের বডিতে উল্লেখিত আইএমইআই নম্বরের সঙ্গে মোবাইল সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে অথবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুক থেকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পুলিশ জানায়, এসব ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাড়িতে আগুনঃ অডিও ভাইরালের পর চলছে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর বাড়িতে আগুনঃ অডিও ভাইরালের পর চলছে আলোচনা

গাজীপুর মহানগরের জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রীর টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা এমন একটি সময়ে ঘটেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই মন্ত্রীর কণ্ঠ দাবি করে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে আলোচনা চলছে। ওই অডিওতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়া, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ছড়িয়ে পড়া অডিওতে কথিত কণ্ঠকে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর প্রত্যেক ইউনিয়নে দুই-তিনটি বাড়িতে আগুন দেয়া হলে পরিস্থিতি পাল্টে যাবে। এমনকি আগুনে বাড়ি না পুড়লেও আগুন লাগানোর ঘটনা ঘটলেই মানুষ আতঙ্কিত হবে—এমন বক্তব্যও রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দেশীয় অস্ত্র ব্যবহারের কথাও শোনা যায়। পাশাপাশি ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথাও রয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিওটি ওই বৈঠকের রেকর্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%