০২:১৫ এম
দুপুরের খাবার শেষে অনেকের চোখে ঘুম নেমে আসে। তবে কিছু মানুষের ক্ষেত্রে, এ সময় শুরু হয় তীব্র মাথাব্যথা, যা তাদের দৈনন্দিন কাজের গতি বিঘ্নিত করে। বিশেষজ্ঞদের মতে, লাঞ্চের পর রক্তে শর্করার স্তরের দ্রুত ওঠানামা, বদহজম, পানিশূন্যতা এবং দীর্ঘ সময় খালি থাকার মতো কিছু কারণ মাথাব্যথার জন্য দায়ী হতে পারে।
অতিরিক্ত পরিমাণে পরিশোধিত কার্বোহাইড্রেট বা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করলে রক্তে শর্করার স্তর দ্রুত বাড়ে এবং পরে হ্রাস পায়, যা ক্লান্তি ও মাথাব্যথার ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি পনির, চকোলেট, এমএসজি-যুক্ত খাবার, অতিরিক্ত চা-কফি বা অ্যালকোহল অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের উপসর্গগুলোকে উসকে দিতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ এবং দীর্ঘ সময় ধরে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকা মাথাব্যথার অন্যতম কারণ। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, দুপুর ১টার পরে খাবার খেলে, তার আগে একটি কলা খাওয়া যেতে পারে। বিকেলে হালকা স্ন্যাকস খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং যদি প্রয়োজন হয়, নুন-চিনি মিশ্রিত শরবত পান করাও উপকারী হতে পারে। পাশাপাশি কিছু সময় স্ক্রিন থেকে বিরতি নেওয়া এবং তীব্র রোদ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশ স্বাধীন করতে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের একত্রে যুদ্ধের কথা বললেন নুরুল আমিন এমপি
মাথাব্যথা কমাতে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় গোটা শস্য, শাকসবজি, স্বাস্থ্যকর চর্বি ও পর্যাপ্ত প্রোটিন অন্তর্ভুক্ত করা উচিত। দীর্ঘ সময় খালি পেটে থাকার পরিবর্তে নিয়মিত অল্প অল্প করে খাবার খাওয়া, ধূমপান ও মদ্যপান পরিহার করা এবং খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তোলাও উপকারী।
তাৎক্ষণিক স্বস্তি পেতে পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া, কপালে ঠান্ডা সেঁক দেওয়া, হালকা গরম সেঁক দেওয়া অথবা আদা চা খাওয়াও কার্যকর হতে পারে। তবে যদি মাথাব্যথা বারবার হয়, দীর্ঘস্থায়ী হয় অথবা বমি, ঝাপসা দেখা কিংবা অন্য কোনো গুরুতর উপসর্গের সঙ্গে দেখা দেয়, তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো জীবনযাত্রায় পরিবর্তন আনলে লাঞ্চের পরবর্তী মাথাব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন