ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫২৫ কোটি ডলার


অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫২৫ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৯ দশমিক ০৯ শতাংশ।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৭ লাখ ৮০ হাজার বা ৩২.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ৫২৪ কোটি ৯৯ লাখ ২০ হাজার বা ৫.২৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ৬০ হাজার বা ২৭.৫০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার ডলার। আর ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৪১ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১ হাজার ৯১৯ কোটি ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এছাড়া ২০২০-২১ অর্থবছরের জুলাই-মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩০৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। আর ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৬৩২ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে সদ্য বিদায়ী মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

আরও পড়ুন: মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী আন্দোলনের মামলায় ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


সরকারবিরোধী আন্দোলনের মামলায় ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই তথ্য সোমবার দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছেন।

যেমন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুইজনকে জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় মসজিদে অগ্নিসংযোগ করা, সরকারি সম্পত্তি ভাঙচুর করা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এই দুটি ব্যক্তির নাম হচ্ছে মেহরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালেকি। মিজানের তথ্য অনুযায়ী, তারা রাজধানী তেহরানের গিশা এলাকার জাফারি মসজিদে হামলার মূল অভিযুক্তদের মধ্যে ছিলেন। তবে, এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তাৎক্ষণিকভাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় আস্থা ও বিশ্বাসের সংকট তীব্র পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নীতি বিশ্লেষক নেগার মরতাজাভি। যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক চুক্তি ভঙ্গ, চলমান আলোচনার মধ্যেই সামরিক হামলা এবং আঞ্চলিক সংঘাত ইরানে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করেছে। এর ফলস্বরূপ, দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া কার্যত ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে।

মরতাজাভি আরও বলেন, আমি ইরানি সূত্রগুলোর সঙ্গে অভিযোগ করেছি, তারা বলছেন- আমরা প্রতিবার আলোচনায় যাই, কিন্তু আমাদের আঙুল ট্রিগারের ওপর থাকে। কারণ, আমাদের আশঙ্কা থাকে যে, আকাশ থেকে বোমা নেমে আসতে পারে। তিনি জানিয়েছেন, ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের একাধিক পদক্ষেপ সম্ভাব্য যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা, গত বছরের পারমাণবিক আলোচনার সময়ে হামলা এবং বর্তমান সংঘাত পরিস্থিতি উল্লেখযোগ্য। সূত্র: আল-জাজিরা, ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড বিক্রির জন্য আগামী মঙ্গলবার (২ জুন) একটি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড বিক্রির জন্য এই নিলামটি হবে। এই নিলামে ৫০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের বন্ড ইস্যু করা হবে। মূল্যের জন্য বার্ষিক (স্প্রেড+৯১ ডে বিসিআর) হার অনুযায়ী কুপন ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধযোগ্য হবে।

নিলামে বিড দাখিল করতে পারবে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত ইয়েন্ড হার এবং বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামে বিড দাখিল করা আবশ্যক। বিড দাখিলের সময় সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে বিশেষ কোনো পরিস্থিতিতে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে। এদিকে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এশিয়ার তালিকায় বাংলাদেশের নাফিরা নাঈম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এশিয়ার তালিকায় বাংলাদেশের নাফিরা নাঈম

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর ‘থার্টি আন্ডার থার্টি’ এর এশিয়ার ২০২৬ সালের তালিকায় সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ‘অ্যাম্প্লিটিউড’-এর প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইএনএইচ বিভাগের শিক্ষার্থী নাফিরা নাঈম আহমেদ।

২০২৬ সালের জন্য ফোর্বস-এর তালিকায় তিনি যে স্থান পেয়েছেন, সে বিষয়ে গত ২৭ মে ফোর্বস-এর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানানো হয়।

তথ্যগুলোতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের নারী ও শিশুদের সহায়তায় কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান অ্যামপ্লিটিউড-এর নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে নাফিরা নাঈম আহমদ জাতিসংঘের মিলেনিয়াম ফেলো হিসেবে নির্বাচিত হন।’ ২০১৯ সালে প্রতিষ্ঠিত অ্যামপ্লিটিউডের প্রতিষ্ঠাতা নাফিরা নাঈম আহমেদ।

এতে আরও বলা হয়েছে যে, প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের মধ্যে ‘বুকসগিভিং’ প্রকল্পটি উল্লেখযোগ্য, যেখানে দান করা বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

ফোর্বস জানাচ্ছে, ‘নাফিরা নাঈমের দাবি, তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৩০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে সংগঠিত করেছেন, যারা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন।’

সামাজিক নেতৃত্ব ও প্রভাবের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে তিনি ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ থেকে ‘লেগ্যাসি অ্যাওয়ার্ড’ লাভ করেন।

সূত্র: ফোর্বস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে বরখাস্ত করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


কানাডার ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে বরখাস্ত করল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘনের গুরুতর অভিযোগে ক্রিকেট কানাডাকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩১ মে) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এটিই অন্যতম।

ক্রিকেট কানাডাকে সাময়িক বরখাস্ত করার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

তবে, সদস্যপদ স্থগিত করা হলেও কানাডার জাতীয় দলগুলো আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে এবং খেলোয়াড়দের আর্থিক ক্ষতি এড়াতে আইসিসির তত্ত্বাবধানে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে অর্থায়ন চালু থাকবে।

এছাড়া প্রশাসনিক ও সুশাসন-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ক্রিকেট কানাডাকে পুনর্বহালের কিছু শর্ত দেওয়া হবে, যার অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নরমালাইজেশন কমিটি।

এই সভায় বোর্ড আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে, যার মাধ্যমে প্রচলিত টেস্ট ম্যাচে খারাপ আলোর কারণে খেলা যদি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে উভয় দলের সম্মতিতে লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহারের পরীক্ষা চালানো হবে।

এটার লক্ষ্য হলো আলোজ সংকটজনিত কারণে খেলার সময় নষ্ট হওয়া কমানো।

এছাড়া আইসিসি ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) যৌথভাবে নতুন আলোক প্রযুক্তি নিয়ে গবেষণার অর্থায়ন করবে।

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি বৈশ্বিক বাছাইপর্ব (গ্লোবাল কোয়ালিফায়ার) চালুর সুপারিশও অনুমোদন করা হয়েছে।

১৬ দলের এই বাছাইপর্বের কাঠামো ও যোগ্যতা অর্জনের পথ চূড়ান্ত করার দায়িত্ব আইসিসি ব্যবস্থাপনাকে দেওয়া হয়েছে।

এটি সহযোগী (অ্যাসোসিয়েট) দেশগুলোর জন্য ফের বিশ্বকাপে উঠার বৈশ্বিক পথ উন্মুক্ত করছে।

খেলার নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

লেগ-সাইড ওয়াইড নির্ধারণে ব্যাটারের ডেলিভারির সময়কার অবস্থানকে ভিত্তি ধরে নেওয়া পরীক্ষামূলক নিয়মটি স্থায়ীভাবে চালু করা হয়েছে।

এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশন পর্যালোচনার ক্ষেত্রে ম্যাচ কর্মকর্তারা এখন থেকে হক-আই প্রযুক্তির তথ্য ব্যবহার করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ড্রিংকস বিরতির সময় প্রধান কোচ বা তার মনোনীত প্রতিনিধি মাঠে থাকা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাধ্যতামূলক ১৫ মিনিটের ইনিংস বিরতি রাখা হবে।

নারী ক্রিকেটেও বেশ কিছু পরিবর্তন এসেছে।

২০২৭ এর আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জুন-জুলাইয়ের পরিবর্তে এগিয়ে ১৪-২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চলতি বছর থেকেই ১০ দল নিয়ে নতুন ওমেন্স ইমার্জিং নেশন্স ট্রফি শুরু হবে, যেখানে পাঁচটি পূর্ণ সদস্য (ফুল মেম্বার) এবং পাঁচটি সহযোগী দেশ (অ্যাসোসিয়েট মেম্বার) অংশ নেবে।

নারীদের ২০২৮ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও নতুন বাছাই পদ্ধতি অনুমোদন করা হয়েছে।

১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে ১২ দলের মূল আসরে দলগুলো জায়গা করে নেবে।

এই বিশ্বকাপের আয়োজক হবে পাকিস্তান, তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন নিয়েও আলোচনা করেছে আইসিসি।

ড. মোহাম্মদ মুসাজি এবং ট্যাভেঙ্গওয়া মুকুহলানি বাংলাদেশ সফর করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন, যার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে ইমরান খাজা এবং দেবজিৎ সাইকিয়া ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও আইসিসি উদ্বেগ প্রকাশ করেছে।

এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে আরও সমন্বিত করার উপায় খুঁজতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ্‌ বলেছেন, 'আহমেদাবাদের আলোচনাগুলো সুশাসন, প্রশাসন এবং বিশ্বজুড়ে ক্রিকেটের বিকাশে আইসিসির অঙ্গীকারকে আরও জোরালো করেছে।'

নারী ক্রিকেট, উদীয়মান দেশগুলোর উন্নয়ন এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ব্যবস্থাপনা; সব ক্ষেত্রেই আজকের সিদ্ধান্তগুলো ক্রিকেটকে আরও ন্যায্য, প্রতিযোগিতামূলক এবং দর্শকবান্ধব করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%