১১:০৯ পি.এম
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে ঘটে যাওয়া প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। হঠাৎ গুলির শব্দ শোনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। মুহূর্তের মধ্যে জনসমাগমপূর্ণ বাজারটি ফাঁকা হয়ে যায়।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন মুন্না নামের এক ব্যক্তি। মুন্না এলাকায় মাদক কারবারে জড়িত বলে পরিচিত। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলিবর্ষণের সময় মুন্নার সঙ্গে আরাফাত নামের আরেক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জিসান ও শমসু নামের দুজনকে কিরিচ হাতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ফলে বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে জয়নাল আবেদিন এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, "গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।" ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন। তার মতে, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম
এদিকে প্রকাশ্য বাজারে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, "ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।" বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন