০১:৪৮ এম
পিরোজপুর সদর উপজেলার আব্দুর রহিম (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও বাঁ পা ভেঙে গুরুতর জখম করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ জানান, সন্ধ্যার দিকে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল অতর্কিতে তার ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া, পিটিয়ে ও কুপিয়ে তার বাঁ পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রহিমের ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন