মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০১:৫৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রান্তিকপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ থেকে ১২:০০ ঘটিকার মধ্যে ডিএনসির একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রেলবাগান প্রান্তিকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল (৪৪) এবং তার স্ত্রী মোসাঃ নাসিমা বেগম (৪১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান,
সমাজসেবা অফিসার জাহাঙ্গীর হোসেন
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নবম শ্রেণীর
শিক্ষার্থী সাদিয়া সিদ্দিকী ও আফরিন জাহান।
বক্তারা তাঁদের বক্তব্যে কন্যা শিশুদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন এবং কন্যা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার
বলেন,কন্যা শিশুরা আজকের দিনে আর কোনো বাধা নয়, বরং তারা আমাদের সমাজ ও দেশের চালিকাশক্তি। আজকের শিশুটিই আগামী দিনে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। কাউখালী উপজেলাকে বাল্যবিয়ামুক্ত করতে প্রশাসন শতভাগ কঠোর অবস্থানে রয়েছে। কোনো কন্যা শিশু যেন বাল্যবিয়ের শিকার না হয় এবং তাদের শিক্ষার অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছি। কন্যাদের নিরাপদ পরিবেশ ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জোর আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মালদ্বীপ প্রবাসীর স্ত্রী ও কন্যাকে লোহার হাতল দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যাশিশুটির বাম চোখ ক্ষতিগ্রস্ত ও চারটি দাঁত ভেঙে গেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি (উত্তরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত হামিদুল ও তার স্ত্রী তামান্না সুলতানার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী মিনি বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে সোমবার বিকালে প্রতিবেশী হামিদুল ও তার স্ত্রী তামান্না মিলে মালদ্বীপ প্রবাসী বাবুল সরকারের স্ত্রীর সাথে ঝগড়া করে। একপর্যায়ে তারা লোহার খুন্তির হাতল দিয়ে মিনি বেগমকে মারধর করে। এসময় তাকে বাঁচাতে গেলে তার কন্যা জান্নাতি আক্তার বর্ষাকে অভিযুক্তরা খুন্তির লোহার হাতল দিয়ে তার মুখে স্বজোরে আঘাত করে। এতে জান্নাতির মুখের চারটি দাঁত ভেঙে যায়, ঠোঁট কেটে যায় এবং বাম চোখে গুরুতর আঘাত লাগে৷ তখন পুত্রবধূ ও নাতনিকে বাঁচাতে শ্বশুর হাদিউল করিম এগিয়ে আসলে তাকেও ইট মাথায় আঘাত করে। তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে দুই হাতেও আঘাত পান৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগী জান্নাতি আক্তার বর্ষা বলেন, হামিদুল ও তামান্না মিলে আমাকে মারধর করেছে। আমার সাথে খারাপ ব্যবহার করেছে, নোংরা ভাষায় গালিগালাজ করেছে৷ আমার চোখ ক্ষতিগ্রস্ত করেছে, আমার ঠোঁট রক্তাক্ত করেছে, চারটি দাঁত ভেঙ্গে দিয়েছে৷ আমি তো একজন স্টুডেন্ট। আমার তো পড়ালেখা করা লাগবে৷ আমি এর বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আমার মত আর কোনো মেয়ের সাথে যেন এমন না হয়। তারা আমাদের হুমকি দিয়েছে পুলিশের কাছে জানালে আমাদের হত্যা করা হবে৷ আমরা নিরাপদভাবে বাঁচতে চাই। পুলিশদের এ দায়িত্ব নিতে হবে।
ভুক্তভোগী মিনি বেগম বলেন, আমি ক্যান্সারের রোগী। একমাস হচ্ছে থাইরয়েড সমস্যায় ভুগচ্ছি। তবুও ওরা আমাকে কোনো ছাড় দেয়নি। তারা আমাকে মারে, তখন আমার মেয়ে বাঁধা দিতে গেলে তাকেও মারে। মেয়ের গলায় থাকা আট আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আমার মেয়ের বয়স চৌদ্দ বছর। সে বুড়াবুড়ি আজিতুল্যা সরকার উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। তার তো বিয়ে দিতে হবে। তাকে মারধর করে চারটি দাঁত ভেঙে দিছে। আমি একজন প্রবাসীর স্ত্রী। আমি পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। আমার মেয়ের এমন অবস্থার দায়ভার দোষীদের নিতে হবে৷
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাস্তা না থাকায় ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল সালাম কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তিনি মারা যান। রাতে কোনোভাবে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতেই দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, ‘কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি।’
মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর শরণাপন্ন হলে রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে লাশ নেওয়ার সময় চলাচলের রাস্তা না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে দেন তারা।
তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর সহায়তায় পরে কবরস্থানে লাশ দাফন করা সম্ভব হয়েছে। তার ভাইয়ের জানাজা শনিবার রাতে হওয়ার কথা ছিল। কিন্তু লাশ নেওয়ার রাস্তা না থাকায় রোববার সকাল ১১টায় দাফন করতে হয়েছে।’
এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে বিলপালিমা গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন।
বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘর থাকায় লাশ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘর ভেঙে রাস্তা তৈরি করেন। এরপর লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ