ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল ওয়েলস


প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল ওয়েলস

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে প্রথম দেশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করলো ওয়েলস।

পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাবে সমর্থন দিলে সংস্থাটির ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে প্রত্যেককে ৪ কোট ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো।

তবে, তিনটি মহাদেশীয় কনফেডারেশনের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সোমবার ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) কর্তৃক জানানো হয়েছে যে, ২০২৭ সালের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করবে না।

এফএডব্লিউ এক বিবৃতিতে বলেছে, "২০২৭-২০৩১ মেয়াদে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি আমাদের সমর্থন প্রত্যাহারের বিষয়টি ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস নিশ্চিত করছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "সুশাসন, প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজনদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা, যোগাযোগ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতাগুলো আমাদের এমন অবস্থানে নিয়ে এসেছে, যেখানে বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য ইনফান্তিনোর ওপর এফএডব্লিউয়ের আর আস্থা নেই।"

"ফুটবলের সর্বোত্তম স্বার্থকে সবার আগে রাখতে ব্যর্থ হওয়া এমন একটি ব্যর্থতা, যা আমরা মেনে নিতে পারি না।"

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এদিকে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আর ইনফান্তিনোকে সমর্থন করছে না।

ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তারা উয়েফার অবস্থানকে "পুরোপুরি সমর্থন" করে। উয়েফা বলেছিল, ইনফান্তিনোর ওপর ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আস্থা আর নেই।

এছাড়া, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমগ্র বিষয়টি ব্যাপকভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) পুরো বিষয়টিতে স্বচ্ছতার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালীর আকাশসীমায় উড়ে চলা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই তথ্য সেপাহ নিউজ নামে পরিচিত আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালীর ওপর স্থাপন করা একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা পরবর্তীতে ভূপাতিত হয়। তবে ড্রোনটি কোন স্থান থেকে উড্ডয়ন করেছে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এমকিউ-৯ রিপার ড্রোনটি মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী (ইউএস এয়ার ফোর্স) পরিচালনা করে থাকে এবং এটি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনের সময় নির্ভুল হামলা চালানোর জন্য পরিচিত।

আইআরজিসি আরও দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৩০টিরও বেশি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন তারা প্রতিহত বা ভূপাতিত করেছে।

তবে এ দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য মেলেনি। পাশাপাশি কোনও স্বাধীন সূত্র থেকেও ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে সামরিক তৎপরতা বাড়তে থাকার ফলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রণালীর মাধ্যমে সমুদ্রপথে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। তাই সেখানে কোনো ধরনের সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও নৌপরিবহনের ওপরও প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


আগামীকাল বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করার জন্য উপস্থিত থাকবেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামীকাল বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হবে। উল্লেখ্য, বিরোধী দল কমিটিতে যোগদান করেনি। এই কারণে, ১২ সদস্যের কমিটি নিয়ে এই প্রথম বৈঠক শুরু হচ্ছে।

সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা যায়, বৈঠকের প্রথম দিনটি পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার বিষয়ে নির্ধারণের আলোচনায় সীমাবদ্ধ থাকতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে তবে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। সংবিধানের বিভিন্ন বিধান সম্পর্কে, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি প্রতিষ্ঠা করা হয়। গত ১৩ জুলাই এই কমিটি গঠন করা হয়েছে, তবে বিরোধী দল সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি করে আসছে।

১৭ সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রেখে গত ১৩ জুলাই ১২ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে, তাদের পাঁচ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

জাতীয় সংসদে ওই দিন ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির সদস্যরা হলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দাম কমেছে ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দাম কমেছে ৫ শতাংশ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনঃরায় শুরু হওয়ার খবরের জের ধরে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। সোমবার, তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশের বেশি কমে গেছে।

বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ভোর ৬টা ৫ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৩.৪০ ডলারে নেমে আসে। একই সময়ে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমে দাঁড়িয়েছে ৭৯.৬০ ডলারে, যা ৬ শতাংশের বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নির্ধারিত একটি সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই তেলের বাজারে এই নাটকীয় পরিবর্তন লক্ষ্য করতে দেখা গেছে। ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্রদের বিশেষ অনুরোধে তিনি সামরিক পদক্ষেপ স্থগিত করেছেন। এছাড়া, কূটনীতিকে অগ্রাধিকার দিতে আলোচনায় বসতে তিনি সম্মত হয়েছেন। এই প্রেক্ষাপটে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ 'হরমুজ প্রণালী' দ্রুত স্বাভাবিক ও উন্মুক্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে বৈরিতা কমে আসার প্রবণতা বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে।

উল্লেখযোগ্য যে, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত বাড়লে এবং অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি ভেস্তে গেলে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পায়। হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সংঘাতের রেশ ছড়িয়ে পড়ায় তেল পরিবহন নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের সঙ্গে ওপেক প্লাস ভুক্ত দেশগুলো তাদের উত্তোলন কোটা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত বজায় রাখায় বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে, যা দাম নিম্নমুখী করতে প্রধান ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


৫ আগস্ট উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ৫ আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ‘৫ আগস্টকে সামনে রেখে সরকার দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

আজ (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্কতা জোরদার করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে, পুলিশের যানবাহনগুলোকে চালকবিহীন অবস্থায় না রাখা এবং নিরাপত্তা কর্মীদের নিরবচ্ছিন্ন নজরদারি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে এবং ৫ আগস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করার লক্ষ্যে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চ-পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

তিনি মতিঝিল ও আশুলিয়ায় সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের কথা উল্লেখ করে বলেন, এই ধরনের ঘটনা আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা।

তিনি আরো বলেন, দায়ীদের শনাক্ত করতে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে একটি সমন্বিত তদন্ত চলছে।

সালাহউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কার্যকলাপের ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%