১২:৪১ পি.এম
ভারতের রাজধানী দিল্লি টানা ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারের (২৪ আগস্ট) পর মঙ্গলবারেও (২৫ আগস্ট) বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সতর্ক করেছে যে, সময়ের সাথে সাথে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাসসহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, সোমবারের ভারী বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। এর ফলে দিল্লির জনজীবন কার্যত অচল হয়ে পড়ে।
মঙ্গলবার সকালে আইএমডির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন: রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে ডিএমপির মন্তব্য
সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লি সহ বেশ কয়েকটি এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবারের খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।
আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানিয়েছেন, দিল্লিতে তীব্র বৃষ্টির পেছনে দুটি ভিন্ন ধরনের বায়ুর মিথস্ক্রিয়া রয়েছে। একদিকে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দিল্লিতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্ব দিকের বাতাস প্রবাহিত হচ্ছে দিল্লির দিকে।
এই দুই ধরনের বায়ুর মিথস্ক্রিয়ার ফলেই দিল্লিতে বজ্রঝড়ের সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।
আরও পড়ুন: রাসেল ব্র্যান্ড ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত
এদিকে, দিল্লির পাশের শহর গুরগাঁওয়েও সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর-৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে স্কুলবাস আটকে রয়েছে। অনেক গাড়িচালককে রাস্তায় নেমে নিজেদের গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়।
বৃষ্টিজনিত দুর্ভোগের কারণে গুরগাঁও প্রশাসন অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন