ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে সাথে চুক্তির সাফল্য নির্ভর করবে ‌‘যথাযথ বাস্তবায়নের’ উপর: ইরানের প্রেসিডেন্ট


যুক্তরাষ্ট্রে সাথে চুক্তির সাফল্য নির্ভর করবে ‌‘যথাযথ বাস্তবায়নের’ উপর: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ফ্রেমওয়ার্ক (রূপরেখা) চুক্তির সাফল্য ‘যথাযথ বাস্তবায়নের’ ওপর নির্ভর করবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন, ‘আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর। এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে গৃহীত দায়িত্বগুলোর প্রতি ব্যবহারিক বা বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। সম্মত হওয়া পাঠ্যের (টেক্সট) বাইরের কোনো বক্তব্য আলোচনা এগিয়ে নিতে সাহায্য করে না।’

সুইজারল্যান্ডে আলোচনার পর সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানি আলোচনাকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের বিষয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছে।

আরও পড়ুন: জাপান ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে

মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের কথা রয়েছে। পাকিস্তান যুদ্ধ অবসানে একটি চূড়ান্ত কূটনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র : সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া ২২ বাংলাদেশিসহ ১৮০ জন বিদেশি বন্দিকে ফেরত পাঠাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মালয়েশিয়া ২২ বাংলাদেশিসহ ১৮০ জন বিদেশি বন্দিকে ফেরত পাঠাচ্ছে

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো’র অধীনে মোট ১৮০ জন বন্দিকে তাদের নিজনিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ১৩২ জন বন্দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তালিকার মধ্যে বাংলাদেশ থেকে ২২, ভিয়েতনাম থেকে ১২, থাইল্যান্ড থেকে ৯, নেপাল থেকে ২ এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুর থেকে একজন করে নাগরিক রয়েছেন।

সোমবার (২২ জুন) জোহর ইমিগ্রেশন বিভাগের একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ এবং ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, এবং সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্সের মাধ্যমে এই বন্দিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই বন্দিরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে কারাভোগ করছিলেন, যার মধ্যে পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অন্তর্ভুক্ত।

সাজার পর ইমিগ্রেশন বিভাগ বন্দিদের নির্বাসনের পদক্ষেপ গ্রহণ করে। বহিষ্কৃত এ সকল বন্দিদের ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বন্দিদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের খরচ বন্দিদের নিজেদের তহবিল, তাদের পরিবারের আর্থিক সাহায্য, এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে।

পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো স্পষ্ট করে জানিয়েছে, টিকিট ক্রয়সহ এই ফেরত প্রক্রিয়ার সমস্ত কাজ ডিপোর নিজস্ব সার্ভিস কাউন্টার থেকে করা যাবে। এছাড়া এর জন্য কোনো ‘সার্ভিস চার্জ’ বা অতিরিক্ত ফি নেওয়া হয় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আলোইস জভিংগি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে।

তিনি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

একইসঙ্গে আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল नিন্দা, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একটি যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে ছাত্রদল নেতृবৃন্দ জানিয়েছেন, রাজধানীতে ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকাল’র মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’ এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনার ঘটনার জন্য তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত প্রায় ২০-২৫ জন সংবাদকর্মী জামায়াত নেতাকর্মীদের এই সন্ত্রাসী হামলার মুখে পড়েন এবং লাঞ্ছিত হন।

ছাত্রদল আরও জানিয়েছে, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো, তা যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। বিরোধী দলে থাকাকালীন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনা প্রমাণ করে যে, তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।

নেতৃবৃন্দ আরও বলেন, পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে, এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনও বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। অতীতে ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।

ছাত্রদলের নেতৃবৃন্দ অবিলম্বে ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী, আব্দুর রহমান ইশানসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মীর ওপর এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সাথে, আহত সকল গণমাধ্যমকর্মীর আশু সুস্থতা কামনা এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী কিশোরীকে জাম দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


প্রতিবন্ধী কিশোরীকে জাম দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

পাবনার সাঁথিয়ায় ১৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করছে থানা পুলিশ।

সোমবার (২২ জুন) গ্রেপ্তারের পর তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২১ জুন) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী কিশোরী উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আব্দুস ছালাম ওই কিশোরীর প্রতিবেশী।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন চিকিৎসার জন্য ঢাকায় যায় ওই কিশোরীর মা। এই সুযোগে আব্দুস ছালাম ১৭ জুন বিকেল চারটার দিকে জাম দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন।

পরে কাউকে এ ঘটনা বললে মেয়েটিকে ভয়ভীতি এবং মেরে ফেলার হুমকি দেন তিনি। এরপর চিকিৎসা শেষে বাড়ি আসার পর ২০ জুন বিষয়টি তার মাকে জানায় ওই কিশোরী।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%