সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১২ পি.এম
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় দীর্ঘ ৭০-৮০ বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০টি পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, পুন্ডুরা সেওড়াতলা এলাকার এই পথ দিয়ে প্রায় ৭০-৮০ বছর ধরে স্থানীয় লোকজন চলাচল করে আসছেন। কিন্তু গতকাল রাতে পুন্ডুরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাদশা মিয়া লোকজন নিয়ে রাস্তাটিতে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় অটোরিকশা চালকেরা তাঁদের যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি রিকশা নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারছেন না কেউ কেউ। ফলে দৈনন্দিন যাতায়াত, জরুরি প্রয়োজনে চলাচলসহ নানা ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে রাস্তা বন্ধের কারণ জানতে এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিরোধের বিষয়টি জানার চেষ্টা করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাদশা মিয়া জানান, তাঁর বাপ-দাদার আমল থেকেই ওই পথ দিয়ে লোকজন চলাচল করে আসছেন। তবে রাস্তার জায়গাটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে। এককভাবে তিনি ওই জমি ছেড়ে দিতে পারবেন না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা চলাচলের পথটি সচল রাখতে এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত নিউজিল্যান্ডকে অলআউট করতে ব্যর্থ হয়েছে। কিউইদের দ্বিতীয় ইনিংসে ১২০ ওভারে ৫টির বেশি উইকেট নিতে সক্ষম হয়নি তারা। এর ফলে শুভমান গিল ১৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গিলের এই সিদ্ধান্তে অনেকের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। কারণ ক্রিজে থাকা ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন। এর মানে হলো, উইকেট পড়লে নিউজিল্যান্ডের টেলএন্ডাররা নামতেন। তাই ১৫ ওভারে ভারত যেকোনো কিছু ঘটাতে পারত বলে অনেকের মত।
হেনরি নিকোলসের ১৭৫ এবং গ্লেন ফিলিপসের ১১৮ রানের ওপর ভিত্তি করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৬৮ রান সংগ্রহ করে। অপরদিকে, লোকেশ রাহুলের ১৩৬ এবং রিশভ পন্তের ১২৮ রানের সাহায্যে ভারত তাদের ইনিংসে ৭২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এর ফলে রেকর্ডের ছড়াছড়ি ঘটে। গিলের নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মতো শুরুর সাত উইকেটের প্রতিটিতে ৫০ বা তার বেশি রানের জুটি গড়ার ইতিহাসে নাম লেখায়। নিউজিল্যান্ডের মাঠে এটি যেকোনো দলের সর্বোচ্চ ইনিংস।
কিন্তু এত রেকর্ড গড়েও ভারত জয়লাভ করতে পারেনি। চতুর্থ দিনের লাঞ্চের পর তারা নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে দেয়। বেসিন রিজার্ভের ব্যাটিং স্বর্গে ওই দিন নিউজিল্যান্ড ১১৯ রান তুলতে ২ উইকেট হারায়। ফলে পঞ্চম দিন তারা কেবল ড্রয়ের জন্য খেলতে থাকে। এর প্রমাণ কিউইদের ব্যাটিং স্ট্রাইকরেট। ওই দিন ব্যাট করা কারোর স্ট্রাইকরেট ৪০-এর বেশি হয়নি। নিউজিল্যান্ড সারাদিন ব্যাট করে ১২০ রান সংগ্রহ করে।
ডেভন কনওয়ে ৬৫, রাচিন রবীন্দ্র ৩৭ এবং টম ব্লান্ডেল ১৫ রান করে আউট হওয়ার পর মিচেল ও ফিলিপস নিউজিল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেন। মিচেল ৪৯ রান করার ইনিংসে ১৮৬টি বল খেলেন। ফিলিপস ১২৬ বলে ২৬ রান করেন।
প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে ম্যাচসেরা হয়েছেন নিকোলস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জৈন্তাপুর উপজেলায় সিলেটের বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে অভিযান চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করেছে।
এই অভিযানটি সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর পিকনিক স্পট এলাকায় পরিচালিত হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তা নিয়ে টার্গেটের অবস্থান চিহ্নিত করার পর যৌথ অভিযানিক দল ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) ব্যবহার করে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।" তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসআরবির সঙ্গে সমন্বয় করেও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সম্পর্কিত মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটিকে ‘প্রকৃত অর্থ ও তাৎপর্যহীন’ করে ফেলেছে।
সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে এনপিটিতে ইরানের সদস্যপদ বজায় রাখা উচিত কি না, এই বিষয়ে দেশের অভ্যন্তরে আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করেন যে, তেহরান এখনো এনপিটির সদস্য এবং চুক্তির বিধিবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাঘাই আরও জানান, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেনি। তিনি যুক্তরাষ্ট্রকে তেহরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করার আহ্বান জানিয়ে বলেন, তা হলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
কোনো চুক্তি হলে দুই ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।
তিনি বলেন, ‘ইরান তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল রয়েছে। অপর পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব ইরানও তার অঙ্গীকার পূরণ করবে।’
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, তেহরান নিজেদের লক্ষ্য এবং ইরানি জনগণের অধিকার সম্পর্কে সুস্পষ্ট অবস্থানে রয়েছে।
বাঘাই বলেন, ‘এসব অধিকার রক্ষায় ইরান কোনোভাবেই পিছু হটবে না।’
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন জানিয়েছেন, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে গ্রেফতার করে। চলতি বছরের এপ্রিলে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা থাকার কারণে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আকতার হোসেন আরও জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাকে রাজধানীর নিউমার্কেটের আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তার রিমান্ড চাওয়া হবে। টিটন হত্যা মামলার তদন্তে তার নাম আসায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র আরো জানান, সব শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে নজরদারি অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। তার গন্তব্য ছিল মালয়েশিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ