ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয়েও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো


১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয়েও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা এবং সড়কবাতি। কিন্তু পাঁচ বছরের মধ্যে এসব নিরাপত্তাব্যবস্থার অধিকাংশই অকার্যকর হয়ে পড়েছে। প্রায় ৭০ কিলোমিটার কাঁটাতারের বেড়ার বড় অংশের অস্তিত্ব নেই। ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গেছে। অধিকাংশ সড়কবাতি চুরি হয়েছে। ৮৩টি ওয়াচ টাওয়ারও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

নিরাপত্তাব্যবস্থার এ ভঙ্গুর অবস্থার কারণে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। মানবপাচার, অপহরণ, মাদক কারবার, ডাকাতি এবং গোলাগুলির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্যাম্পের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তার কারণে কিছু দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

গত ০৫ নভেম্বর টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারীদের গোপন বন্দিশালায় অন্তত ১২০ জনকে আটকে রাখার তথ্য সামনে আসে। তাদের উদ্ধারে অভিযান চালাতে গিয়ে মানবপাচারকারীদের গুলিতে প্রাণ হারান তিতাস শেখ নামের এক সেনাসদস্য। দুর্গম পাহাড়ে অপরাধীদের এমন আস্তানা গড়ে ওঠা এবং একের পর এক অপরাধের ঘটনা ক্যাম্পগুলোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাকে নতুন করে সামনে এনেছে।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে দণ্ডিত সার্ভেয়ার ফের ভোলার এলএ শাখায়, জনমনে ক্ষোভ

এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার সংস্কারের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও একটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে একসময় চারপাশে কাঁটাতারের বেষ্টনী নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং সড়কবাতি স্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নজরদারির আওতায় আনা।

কিন্তু বর্তমানে এসব ব্যবস্থার অধিকাংশই কার্যকর নেই। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে কাঁটাতারের বেড়া ভেঙে গেছে কিংবা খুলে নেয়া হয়েছে। অনেক স্থানে সিসিটিভি ক্যামেরা বিকল, অনেক অস্তিত্বহীন। চুরি হয়ে গেছে সড়কবাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম। জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে ওয়াচ টাওয়ারগুলোও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ফলে ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে নজরদারি দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে অপরাধীরা সহজেই ক্যাম্পে প্রবেশ ও বের হতে পারছে বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন: জার্মান কোম্পানির বিরুদ্ধে পাকিস্তানি কৃষকদের বন্যার ক্ষতিপূরণ আদায়ে দীর্ঘ লড়াই

টেকনাফের লেদা ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা রশিদা বেগম বলেন, ক্যাম্পের কাঁটাতারের বেড়া ভেঙে যাওয়ায় ওই দিক দিয়ে ডাকাত ও বন্য হাতি লোকালয়ে চলে আসে। বিশেষ করে রাতে তারা আতঙ্কে থাকেন। নিরাপত্তার জন্য স্থাপন করা সড়কবাতিগুলো চুরি হয়ে গেছে। পাহারার জন্য নির্মিত একটি টাওয়ারের চালাও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে রাতের বেলায় নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে তাদের।

একই ক্যাম্পের দোকানদার মো. হাবিব বলেন, নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ারে প্রশাসনের কোনো সদস্য দায়িত্ব পালন করেন না। ফলে টাওয়ারটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে গেছে। রাতে কী ঘটছে, তা বোঝার উপায় নেই। সকালে এসে দেখা যায়, ভেতরের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।

ক্যাম্পের যুবক আবু বক্করের মতে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য এপিবিএনের নিয়মিত টহল ও উপস্থিতি বাড়ানো জরুরি। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও নজরদারি সহজ হবে।

ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার প্রভাব পড়ছে আশপাশের স্থানীয় জনপদেও। অপহরণ, গরু-ছাগল চুরি ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের অভিযোগও রয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা ইয়াছিন বলেন, এলাকায় প্রায়ই ডাকাতদের আনাগোনা দেখা যায়। তারা মানুষ অপহরণ করে নিয়ে যায়, গরু-ছাগলও চুরি করে। অপহরণের পর মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ কারণে রাতে ঘুমাতে গেলেও আতঙ্কে থাকতে হয়।

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, ডাকাত ও সন্ত্রাসীদের ভয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। বিশেষ করে রাতে শান্তিতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে।

আরেক বাসিন্দা রশিদ আহমদ বলেন, আশপাশে গরু-ছাগল থাকায় সেগুলো নিয়ে বাইরে যেতে হয়। কিন্তু সব সময় ভয় কাজ করে। এলাকায় অপরিচিত কাউকে দেখলেও আতঙ্কিত হতে হয়। প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান তিনি।

নিরাপত্তাহীনতার কারণে পাহাড়ে কৃষিকাজে যাওয়াও কমিয়ে দিয়েছেন স্থানীয় কৃষকেরা। লেদা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পাহাড়ে গেলে অপহরণকারীদের কবলে পড়ার আশঙ্কা থাকে। বিভিন্ন কৌশলে অপহরণকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে অনেক কৃষক আর আগের মতো পাহাড়ে যেতে সাহস পাচ্ছেন না।

আরও পড়ুন: ক্যাসিনো সম্রাট রুবেল মিয়ার বিপুল সম্পদের তথ্য প্রকাশ

সচেতন মহলের মতে, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক-দুই দিকেই নজরদারি বাড়াতে হবে। দ্রুত কাঁটাতারের বেড়া সংস্কার, সিসিটিভি ক্যামেরা সচল করা এবং ওয়াচ টাওয়ারগুলো কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাহ্যিক নিরাপত্তা জোরদার করাও জরুরি। আগে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে এসব ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে ক্যাম্পের বাইরে অবাধ চলাচল ও অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তার মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থা কার্যকর করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের ক্যাম্পের নির্ধারিত সীমার মধ্যে থাকা এবং স্থানীয় জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সচেতন করতে হবে।

উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পের নিরাপত্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো বর্তমানে নেই বললেই চলে। বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে, অনেক অংশ ভেঙে গেছে। কোনো কোনো ক্যাম্পে কাঁটাতারের বেড়ার চিহ্ন পর্যন্ত নেই। ওয়াচ টাওয়ারগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কিছু সড়কবাতি থাকলেও অনেক স্থানে সেগুলো নেই। এ ধরনের সীমাবদ্ধতার মধ্যেও এপিবিএনের সদস্যরা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরও পড়ুন: ব্যাংক কেলেঙ্কারিতে বিচার-পূর্ব আটক প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএনের সদস্যরা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করছেন। বিশেষ করে রাতের বেলায় ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এপিবিএনের সদস্যরাই দায়িত্বে থাকেন। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কাঁটাতারের বেড়ার বিভিন্ন স্থানে কাটা ও ছেঁড়ার চিহ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বেড়া মেরামত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারে। কাঁটাতারের বেড়া মেরামত করা হলে ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্বীকার করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় স্থাপিত কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা শুরু থেকেই পুরোপুরি কার্যকর ছিল না। নির্মাণের পর বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে। জনবল না থাকায় ওয়াচ টাওয়ারগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাগুলো বিকল অবস্থায় রয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের তুলনায় আরও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, সরকার কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার মেরামতের পাশাপাশি এপিবিএনের আরও একটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: কপ স‌ম্মেল‌নে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী সোমাইয়া আক্তার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী সোমাইয়া আক্তার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে সোমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে, যা নিশ্চিত করেছেন নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ।

ইন্সপেক্টর জানান, নিহত কলেজছাত্রী সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রুয়াচালা গ্রামে অবস্থিত। তবে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে থেকেই সরকারি কলেজে আসা-যাওয়া করতেন। তার বাবার নাম আমীর হোসেন এবং মায়ের নাম রত্না বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমাইয়া আক্তার সোমবার সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় নবীনগর সরকারি কলেজের উদ্দেশে রওনা দেন। এসময় নবীনগর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অটোতে থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কলেজছাত্রী সোমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন

রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের ৩৩ বছরের প্রতিষ্ঠা যাত্রায় বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতা অতিক্রম করে গতকাল দীক্ষার মাধ্যমে রোভার স্কাউটস গ্রুপের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

বক্তারা অনুষ্ঠানে স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। তারা শহীদ জিয়া মহিলা কলেজের নারী শিক্ষায় নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং উন্নয়নের পথে অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন এবং কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়া বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ স‌ম্মেল‌নে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


কপ স‌ম্মেল‌নে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন।

তিনি সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সালাহউদ্দিন নোমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তুরস্ক সফরের সময় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা পরে জানানো হবে।

এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুর্কি কোম্পানির সঙ্গে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন নোমান বলেন, এটি একটি দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো পূর্বে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করবে। বাংলাদেশ যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে তার বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছে।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট?

আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা না গেলেও, জানুয়ারিতে আবারও নিজের দেশের মাটিতে খেলার সুযোগ পেতে পারেন লিওনেল মেসি। তবে এবার তিনি জাতীয় দলের হয়ে নয়, বরং ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন এই মহাতারকার।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি আগামী জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য স্থান বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলোচনা প্রয়োজন।

গঞ্জালেজ বলেছেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’ আর্জেন্টিনার মাটিতে প্রাক-মৌসুমের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’

যদি ম্যাচটি অনুষ্ঠিত হয়, তবে মেসির জন্য এটি হবে একটি বিশেষ মুহূর্ত। কারণ, প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি আবারও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরবেন, তবে এবার আর্জেন্টিনার জার্সিতে নয়, বরং ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।

এদিকে, ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। রিভার প্লেটও আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত সূচির অপেক্ষায় আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%